স্বদেশি আন্দোলনের স্মৃতিতে ভাস্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯০২ সালে কানুনগোপাড়া বান্ধব সমিতি নামে সংগঠনের গোড়াপত্তন। ত্রিপুরাচরণ চৌধুরী, রেবতীরমণ দত্ত, মোক্ষদারঞ্জন কানুনগো, বিভূতিভূষণ কানুনগোসহ আরও কয়েকজন সংগঠন গড়ার পেছনে ভূমিকা রাখেন। তরুণদের মধ্যে পাঠাভ্যাস বাড়ানো ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করাই ছিল এ সংগঠনের লক্ষ্য। তবে স্বদেশি আন্দোলনের প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রমে গোপনে অংশ নেয় এ সংগঠন। ফলে ব্রিটিশ সরকার এর কার্যক্রম নিষিদ্ধ করে। পরবর্তী সময়ে সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় কানুনগোপাড়া বান্ধব পাঠাগার। পাঠাগারের বর্তমান সভাপতি অজিত চৌধুরী জানান, ‘ব্রিটিশ সরকারের পীড়ননীতির কারণে সংগঠনের নাম পরিবর্তন হলেও বিপ্লবী কর্মকাণ্ড চলতে থাকে। সেই সময়ে পাঠাগারের অভ্যন্তরে, গ্রামের নির্জন এলাকা ও পাশের করলডেঙ্গা পাহাড়ে চলত বিপ্লবীদের প্রশিক্ষণ। এভাবে অজপাড়াগাঁয়ে গড়ে ওঠে বিপ্লবী দল। স্বদেশি আন্দোলনের সময় ওই দলের অনেক বিপ্লবী কারাবরণ করেছেন। মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন কয়েকবার কানুনগোপাড়া গ্রাম ও গোপন আস্তানা পরিদর্শন করেছিলেন বলে শুনেছি।’ শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে বের হওয়া অনুস্মরণিকার তথ্য অনুযায়ী এলাকার মতি কানুনগো ও হরিগোপাল বল জালালাবাদ যুদ্ধে শহীদ হন। সুখময় কানুনগো প্রশিক্ষণের সময় মারা যান। লোকনাথ বল, সুশীল দেসহ কয়েকজন অস্ত্রাগার আক্রমণে সক্রিয় ভূমিকা পালন করেন। জানা যায়, ১৯৪৫ সালে বান্ধব পাঠাগারের মিলনায়তন নির্মাণ করা হয়। ১৯৬৮ সালের বন্যা ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ঘরের দেয়াল বিধ্বস্ত হয়। ১০৮ বছরের মাথায় ২০১০ সালে পাঠাগারকে নতুন রূপদানের উদ্যোগ নেন এলাকাবাসী। পুরোনো ঘর ভেঙে দোতলা পাকা ভবন তৈরির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বাজেট ধরা হয়েছে ২০ লাখ টাকা।