স্বদেশি পণ্য...
শপথ করেছিলাম, ‘আমি যতটুকু পারি বাংলাদেশি পণ্য ব্যবহার করব।’ এর পর থেকে কথাটি যেন আমার মনের মধ্যে গেঁথে গেল। সেদিন থেকেই কলম, পেনসিল, রাবার ইত্যাদি জিনিস কেনার সময় বলতাম, ‘ভাইয়া, বাংলাদেশিটা হবে?’ দোকানি খুঁজতেন আর অনেকক্ষণ পর আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেন। কিন্তু আমি বিচলিত হতাম না। খুব অবাক হয়ে লক্ষ করেছিলাম, একটি দেশি রাবার পেতে আমাকে পাঁচটি লাইব্রেরি ঘুরতে হয়েছিল। প্রায় প্রতিটি পণ্যের ক্ষেত্রেই ঘটেছে এমন ঘটনা। সবার বিদেশি পণ্যের প্রতি এত আকর্ষণ দেখে খুব খারাপ লাগত। এরপর একদিন পাঁচটি দেশি কলম কিনে আমার পাঁচজন বন্ধুকে দিলাম, তাদের তিনজন আমার এ কাজকে খুব ভালোভাবে নিল। আর বাকি দুজন ঠাট্টা-তামাশা করল। কিন্তু এটুকুই বা কম কী? কলেজে ভর্তি হয়েও দেখলাম, আমার অনেক সহপাঠীই বিদেশি জিনিস বলতে অজ্ঞান। একদিন কলেজের নতুন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে দেশি পণ্য ব্যবহার করার প্রয়োজনীয়তা সম্পর্কে ছোটখাটো একটি ভাষণ দিয়ে ফেললাম। আমার একটা বাংলাদেশি পেনসিল দেখালাম ওদের। সেটা দেখে একজন লাফিয়ে উঠে বলল, ‘বাংলাদেশে পেনসিল হয় নাকি? তাহলে আজ থেকে এটাই কিনব।’ পাশ থেকে কজন টিটকারি যে করছিল না, তা নয়। কিন্তু আমার ওসবে মাথা ঘামালে চলবে কেন? কয়েকজনকে হলেও তো বোঝাতে পেরেছি। এখনো সবাইকে বোঝানোর চেষ্টা করি—আমরা দেশি পণ্য ব্যবহার শুরু করলে দেশেই একদিন সবকিছু তৈরি হবে। যাঁরা বলেন, ‘আমি একা ব্যবহার করলে কী হবে?’ এ বয়ানের শেষে তাঁদের বলতে চাই, আগে আপনি নিজে বদলান, তাহলেই একসময় বদলে যাবে সব। সৈয়দা নাজমুন নাহারপল্লবী, মিরপুর, ঢাকা।