স্বদেশিয়ানার জয়
আয়োজনটা ঈদকে কেন্দ্র করে। তাই পোশাকে উৎসবের আমেজ থাকাটা জরুরি। এ ছাড়া ঋতুর সঙ্গে পোশাকের রং মানানসই হওয়া চাই। পোশাকে থাকতে হবে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। সবচেয়ে বড় কথা, পোশাকটা কতটুকু আরামদায়ক বা আদৌ পরিধানযোগ্য কি না, সে বিষয়ও বিচারের মানদণ্ডে স্থান পেয়েছে।গত সোমবার নূরজাহান আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা পোশাক নির্বাচন করতে গিয়ে এই বিষয়গুলোতেই গুরুত্ব দিয়েছেন বিচারকেরা। মূল প্রতিযোগিতা শুরুর আগে ও ‘ফ্যাশন কিউ’-এর বিরতিতে কথা হয় তাঁদের সঙ্গে।সন্ধ্যা সাড়েসাতটায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। একটানা ঘণ্টা তিনেক ‘ফ্যাশন কিউ’ দেখে পোশাক বাছাই করেন বিচারকেরা। এবার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিল্পী সুব্রত বড়ুয়া রনি, পোশাক ডিজাইনার আইভি হাসান, রওশন আরা চৌধুরী, এস এম ইলিয়াস ও লুৎফা সানজিদা।আলো ঝলমলে র্যাম্পে একের পর এক হেঁটে আসছিলেন মডেলরা। মঞ্চের নিচে প্রথম সারিতে বসে থাকা পাঁচ বিচারক একেকটা ‘ফ্যাশন কিউ’ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টেবিলে রাখা নম্বর ফর্দের ওপর ঝুঁকে পড়ছিলেন। কিউ শেষ হতেই নম্বর ফর্দের কাগজ চলে যাচ্ছিল প্রথম আলোর কর্মীদের কাছে। পাঁচ বিচারকের নম্বর যোগ করে প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া ডিজাইনার নির্ধারণ করছিলেন তাঁরা।এবার ১২টি ক্যাটাগরিতে ৪৫০টি পোশাক থেকে প্রাথমিকভাবে ১০১টি পোশাক বাছাই করেছেন বিচারকেরা। প্রাথমিক বাছাইয়ের কাজ শেষ হয় গত শুক্রবার। সোমবার মূল পর্বের প্রতিযোগিতায় ১২টি বিভাগের ৩৮টি পোশাক পুরস্কৃত করেন তাঁরা। এবার প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে সর্বনিম্ন এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা মূল্যের পোশাক স্থান পেয়েছে।অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে বিচারকদের আড্ডা জমে ওঠে। এবার পোশাক বাছাই করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে, বিচারের ক্ষেত্রে কোন কোন মানদণ্ড গুরুত্ব দিয়েছেন—জানতে চাইলে শিল্পী সুব্রত বড়ুয়া রনি বলেন, ‘পোশাকের ডিজাইন, রং, কাপড় প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি। বিভিন্ন বিভাগের মধ্যে এবার পাঞ্জাবি ও ফতুয়ার কাজ সবচেয়ে বেশি ভালো লেগেছে।’ডিজাইনার আইভি হাসান বলেন, ‘এবারের একটি বিশেষ দিক হলো, প্রচুর নতুন ডিজাইনার অংশ নিয়েছেন। তাঁদের অনেকেরই কাজ ভালো। ডিজাইনে নতুনত্ব আছে কি না, পোশাক পরিধানযোগ্য কি না—নির্বাচনের ক্ষেত্রে এসবের ওপর আমরা গুরুত্ব দিয়েছি।’এস এম ইলিয়াস বললেন, ‘এ বছর অনেক নতুন প্রতিযোগী অংশ নিয়েছেন। পুরোনো অনেক ডিজাইনার এবার অংশ নেননি। তবে অনেক তরুণের কাজ খুবই আশাব্যঞ্জক।’লুৎফা সানজিদা ২৩ বছর ধরে পোশাক ডিজাইনের সঙ্গে যুক্ত। আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় এর আগে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন। এবার ছিলেন বিচারক হিসেবে। তিনি বললেন, ‘কাপড়টা দেশি কি না, ডিজাইনে নতুনত্ব আছে কি না সে বিষয়ের ওপর আমরা প্রাধান্য দিয়েছি।’রওশন আরা চৌধুরী বলেন, ‘কিছু কিছু ডিজাইনার এবার পাশ্চাত্য রীতি অনুসরণ করেছেন। তবে আমরা বিচারের ক্ষেত্রে জোর দিয়েছি পোশাকে দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটছে কি না, তার ওপর। পাঞ্জাবি, ফতুয়া, ফিউশন বিভাগ ও শিশুদের পোশাক ভালো লেগেছে।’