স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

একদিন সে আমাকে খবর পাঠাল। আমি যেন অতি জরুরি তার সঙ্গে দেখা করি। আমি পৌঁছানোর আগেই সে বসে ছিল আমার খুব প্রিয় জায়গাটিতে। আমি ওর সামনে মাথা উঁচু করে জানতে চাইলাম, ‘আচ্ছা, তখন ঝুলিয়ে রেখে এত কষ্ট দিয়েছিলে কেন?’ সে উত্তরে জানাল, ‘তুমি কি জান না? মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ঝুলিয়ে রেখে!’ এটা বলেই সে আমার বুকে আছড়ে পড়ে আমায় জড়িয়ে ধরে হাসতে থাকে। আমার খুব ভালো লাগে। খুব সুখ লাগে। আহ্! পৃথিবীর সব সুখ এভাবে ধরা দিল! আগে সে আমাকে ‘আপনে’ করে সম্বোধন করত আর এখন ‘তুমি’ করে সম্বোধন করে। শুনে কী যে ভালো লাগে! মন ফিরে যেতে চায় না এ জগৎ থেকে। সকালের আলো আবার আমায় নিয়ে আসে এই বিষাদের গ্লানি টানা জীবনে। আসলে স্বপ্নের জগতেই কেবল সুখেরা ধরা দেয়।
২. সবকিছু আমার মনমতোই সাজানো থাকে। যেন সবাই আমার ইচ্ছাপূরণে প্রস্তুত। বাস্তবে যাকে ছোঁয়ার স্বপ্ন দেখতাম, এ জগতে সে নিজে থেকেই আমায় ছোঁয়। যার সামনে মুচকি হাসি দিতে ইচ্ছা করত, সে এসে আমার সামনে অট্টহাসি দেয়। আমার কারও জন্য অপেক্ষা করা লাগে না, সবাই আমার জন্য অপেক্ষা করে। বাস্তবে ট্রেন ছেড়ে দেওয়ার ভয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সব সময় দৌড়ে ছুটে যেতাম, এখানে ট্রেন আমার জন্য দাঁড়িয়ে থাকে। আমি না আসা পর্যন্ত ট্রেন না ছাড়ার সিদ্ধান্তে থাকে। অতিতে যারা কর্কশ ভাষায় রুক্ষ আচরণ করত, তারা আমায় দেখে শুধু হাসে। হাসে আর হাসে। মানুষ এত ভালো হয়! জীবন এত সুখের হয়, স্বপ্নে না হারালে বোঝা যায় না।
বাধা? সেটা আবার কী? নাহ্! কেউ বাধা দেওয়া তো দূরে থাক, সবাই সহযোগিতা করে। পেছনে ফিরতে চাইলেও ফিরতে দেয় না। আর গোপন অভিসারগুলোকে মুচকি হেসে না দেখার ভান করে থাকে সবাই। আমি পূর্ণ স্বাধীন এই স্বপ্নের ভুবনে। বাস্তবের মতো এত বাধা এখানে নেই!
কাজী সুলতানুল আরেফিন
পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী।