তারা অভাবী পরিবারের সন্তান। কখনো আধপেটা, কোনো কোনো দিন খাওয়াই হতো না। তার পরও পড়ালেখা চলেছে ঠিকই। সুযোগ-সুবিধার জন্য থেমে থাকেনি কোনো কিছু। জীবনকে অর্থময় করে তোলার দৃঢ় প্রত্যয়ের কাছে হেরেছে অভাব। জয় হয়েছে স্বপ্ন আর ইচ্ছেশক্তির। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে স্বপ্নের সিঁড়ির প্রথম ধাপ অতিক্রম করল এই মেধাবীরা। আমাদের কক্সবাজার নিজস্ব প্রতিবেদক ও কাপ্তাই প্রতিনিধির লেখায় উঠে এসেছে এ রকম তিন মেধাবীর কথা।টিউশনি করে রাজকিনের সাফল্যবাবা সন্তোষ মল্লিক দর্জি শ্রমিক। যা সামান্য আয় সংসার চালাতেই ফুরিয়ে যায়। ছেলেমেয়ের পড়ালেখার জন্য আলাদা খরচ সে তো দূরের ব্যাপার। শেষে নিজেই নিজের উপায় বের করল রাজকিন। শুরু করল টিউশনি। পাশাপাশি চালিয়ে গেল নিজের পড়াটাও। রাজকিন মল্লিক এবারের এসএসসি পরীক্ষায় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার ইচ্ছা লেখাপড়া শিখে প্রকৌশলী হবে। কক্সবাজার শহরতলির বিডিআর ক্যাম্প এলাকার মল্লিকপাড়ায় তাদের বসবাস। সন্তোষ মল্লিক (৫৫) বলেন, লেখাপড়ার প্রতি রাজকিনের প্রবল ইচ্ছা। টিউশনি করে মাসে ৫০০-৬০০ টাকা পায়। সেই টাকায় বই-খাতা কেনে রাজকিন। বাড়ি থেকে হেঁটে স্কুলে যাওয়া-আসা করে। অনেক সময় সকালে খেয়ে যেতে পারে না। আবার দুপুরে বাড়ি এসেও ঠিকমতো খেতে পারে না। তার পরও লেখাপড়ায় তার আগ্রহ একটু কমেনি। রাজকিন বলে, জিপিএ-৫ পেয়ে ইচ্ছেশক্তিটা আরও বেড়ে গেল। ঢাকা ও চট্টগ্রামের ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। কিন্তু কলেজে ভর্তির কোনো টাকা হাতে নেই। শিক্ষক হতে চায় উনুসিং নিজের বাড়ি বাঙ্গালহালিয়ায় পড়ার সুযোগ নেই। তাই নানাবাড়ি রাইখালীতে চলে আসে উনুসিং। ভর্তি হয় নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ে। দিনমজুর বাবা অংক্যজই মারমার সংসার চালাতেই হিমশিম খেতে হয়, সেখানে পড়ার খরচ দেওয়া সম্ভব হয়নি কখনো। উনুসিং টিউশনি করে কষ্টে চালিয়ে গেছে পড়ালেখা। সেই কষ্টের ফল মিলেছে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে। কাপ্তাইয়ের নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ পেয়েছে। উনুসিং বলে, নিজে পড়ার পাশাপাশি প্রাথমিক শাখার কয়েকজন ছাত্রকে পড়াতাম। অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। তবে সাফল্যের পেছনে আমার শিক্ষকদের অবদান বেশি। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। উনুসিং বড় হয়ে শিক্ষক হতে চায়। তার মতো যারা অভাব-অনটনে থেকে লেখাপড়া করে, তাদের যেন সহযোগিতা করতে পারে।গানের টাকায় প্রমার পড়ার খরচকয়েক বছর আগে আগুনে পুড়ে যায় ঘর। তার কিছুদিন পর এক দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বাবা প্রীতিষচন্দ্র দে। কষ্টে পড়ে যায় প্রমার পরিবার। এত কিছুর পরও প্রমা হাল ছাড়েনি। বিচ্যুত হয়নি লক্ষ্য থেকে। পড়ার খরচ চালাত গান গেয়ে। তাই এবার সাফল্যও ধরা দিয়েছে তার কাছে। কাপ্তাইয়ের নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে প্রমা দে। তার এই ফলাফলে খুশি শিক্ষকেরাও। প্রধান শিক্ষক পরিমল কান্তি বড়ুয়া বলেন, ‘প্রমা অনেক কষ্ট স্বীকার করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তো অভাবের কারণে লেখাপড়া ছেড়ে দিত।’ প্রমা রাঙামাটি বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী। সে দেশাত্মবোধক ও লোকগীতি গায়। মাসে একাধিকবার বেতারে ডাক পড়ে। একটি গান করলে সাত শ টাকা সম্মানী পায়। ওই সম্মানীর টাকাই এখন প্রমার সম্বল। সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।