স্বপ্ন আর প্রত্যাশার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহুয়ার মনমাতানো গন্ধ। শিমুল-পলাশ-কৃষ্ণচূড়ার ছায়া। আম-লিচুর বাগান, পুকুর আর সবুজ ঘাসে ভরা খেলার মাঠ নিয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ। এখানকার মনোরম পরিবেশে মন উড়ে বেড়ায়। শিক্ষার্থীরা অবিরাম ছুটে চলেন লেখাপড়া নিয়ে। তাঁদের স্বপ্ন সময়োপযোগী করে নিজেকে তৈরি করা; পড়ালেখার পাশাপাশি আড্ডা, গান, কবিতা, নাটক, বিতর্ক দিয়ে দেশ জয় করা। কিন্তু অনেক পাওয়ার মধ্যে কিছু না পাওয়া তাঁদের ব্যথিত করে। হতাশ করে সময় সময়। শিক্ষার্থীরা চান, লেখাপড়ার পাশাপাশি তাঁদের শিক্ষাঙ্গন হবে এক সাংস্কৃতিক নীড়।শতবর্ষী এই কলেজটির ঐতিহ্যে লালিত এর প্রতিটি ধূলিকণা। বড় বড় ভবন, লাইব্রেরি, মিলনায়তন, ব্যায়ামাগার, ক্যান্টিন—সবই আছে এখানে। কলেজের প্রধান ফটক দিয়ে ঢুকতেই স্বাগত জানায় একটি মহুয়া গাছ। একরাশ সুগন্ধি ছড়িয়ে যেন বলে, এসো হে বন্ধু, এসো এসো...। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত পুরো ক্যাম্পাস। মনোরম পরিবেশে অবিরাম কথা বলা। ছোট ছোট আড্ডা চলে ক্যাম্পাসের এ প্রান্ত থেকে ও প্রান্তজুড়ে। সবার চোখেমুখে উচ্ছলতা, স্বপ্ন বিশ্ব জয়ের। শিক্ষকেরাও বেশ আন্তরিক। সন্তানতুল্য ছাত্রছাত্রীদের নিয়ে তাঁদের সব আয়োজন।পাবনা এডওয়ার্ড কলেজে বর্তমানে ১৯টি বিষয়ে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও বিবিএ কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৬ হাজার। প্রত্যেকেই পৃথক স্বপ্ন নিয়ে এখানে এসেছেন। এঁদের চিন্তাচেতনা ও চাওয়া-পাওয়া ভিন্ন। একই চাওয়া সবার মনে, কিন্তু কিছু না পাওয়া ব্যথিত করে সবাইকে। ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তার শেষ বর্ষের শিক্ষার্থী রাসেল রহমান একজন নাট্যকর্মী। ভর্তির সময় নিজের দল ড্রামা সার্কেলের শাখা খুলেছিলেন কলেজে। বহু ছাত্রছাত্রী নাম লিখিয়েছিলেন তাঁর দলে। কিন্তু এঁদের নিয়ে বসার জন্য ক্যাম্পাসে কোনো জায়গা পাননি। তাই গাছতলায়, এখানে-ওখানে মহড়া চালাতে হতো নাটকের। একপর্যায়ে তিনি তাঁর কার্যক্রম টিকিয়ে রাখতে পারেননি। দুটি নাটক মঞ্চস্থ করার পর গত তিন বছরে আর কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই তাঁদের। রাসেল চান, সাংস্কৃতিক কর্মীদের জন্য কলেজে একটি জায়গা বরাদ্দ হোক।একই চাওয়া ছিল দর্শন বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আজমের কণ্ঠে। তিনি বলেন, ‘বড় কলেজে বড় বড় অনুষ্ঠান হবে। বড় হবে মন। কিন্তু আমরা কিছুই পাই না। এখানে সাংস্কৃতিক আড্ডার কোনো জায়গা নেই। আমরা একটি জায়গা চাই, যেখানে সব আড্ডা হবে সংস্কৃতিকে ঘিরে।’ জীববিজ্ঞান দ্বিতীয় বর্ষের সোনিয়া আফরোজ অবশ্য অন্য কথা বলেন। তিনি চান আবৃত্তির আড্ডা। ছন্দে ছন্দে কথা বলবেন সবাই। মিষ্টি মিষ্টি হাসবে ক্যাম্পাস। কারও থাকবে না রাগ, অভিমান। মহা দুঃখ গণিত প্রথম বর্ষের লতিফ মির্জার মনে। যেমনটি চেয়েছিলেন তেমনটি পাননি নতুন ক্যাম্পাসে। আশা ছিল, গান-কবিতায় মাতিয়ে রাখবেন সবাইকে। কিন্তু প্লাটফর্ম নেই। তাই আশা তাঁর আশাই রয়ে গেছে।কিছু আশা পূর্ণ হয়েছে ইংরেজি প্রথম বর্ষের শেখ তোজা ফাহমিদা চাঁদনীর। খুঁজে নিয়েছেন ঠিক জায়গাটি। গান করছেন শিক্ষকদের গড়া সাহিত্য-সাংস্কৃতিক কেন্দ্রে। তৈরি করেছেন বেশ কিছু গানের বন্ধু। ক্লাসের ফাঁকে ফাঁকে তাঁদের সঙ্গে গানের আড্ডায় ভরিয়ে তুলছেন নিজেকে।অর্থনীতি প্রথম বর্ষের নুসরাত জাহান বলেন, ‘সবাই যদি বিদ্যান হই তবে শিল্পী হবে কে? আমরা কজন শিল্পী হবার স্বপ্ন দেখি। তাই কলেজকে নিয়ে প্রত্যাশা অনেক। আমরা চাই পড়ালেখার পাশাপাশি আমাদের শিক্ষাঙ্গন হবে এক সাংস্কৃতিক নীড়।’অধিকাংশ শিক্ষার্থীর কথার সুর এক। অনেকের অভিযোগ, অনেক প্রত্যাশা। কলেজে সবকিছু থাকলেও কোনো কিছুর সঠিক ব্যবহার নেই বলে জানিয়েছেন তাঁরা। ব্যায়ামাগারে ব্যায়ামের যন্ত্র নেই, লাইব্রেরিতে নেই পড়ার পরিবেশ, মিলনায়তনের লাইট-ফ্যান নষ্ট, ক্যানটিনে চলে বখাটেদের আড্ডা, খেলার মাঠে হয় বাইরের খেলা। তাই সবকিছু থেকেও বঞ্চিত হন শিক্ষার্থীরা।রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের মোজাম্মেল হকের অভিযোগ পরিবহন নিয়ে। অধিকাংশ শিক্ষার্থী জেলা শহরের বাইরে থেকে কলেজে আসেন। মাত্র চারটি কলেজ বাসে তাঁদের হয় না। প্রতিদিন যুদ্ধ করে বাসে উঠতে হয়, বাস থেকে নামতে হয়। তাঁর দাবি, পরিবহন সুবিধা বাড়ানো হোক।রাষ্ট্রবিজ্ঞানের মাহবুব আলম বলেন ক্যানটিনের কথা। কলেজ ক্যানটিন শুধু নামেই ক্যান্টিন। এখানে ভালো কোনো খাবার নেই। অপরিচ্ছন্ন পরিবেশ। সব সময় বখাটেরা আড্ডা দেয়। তাই ক্যান্টিনে যাওয়া যায় না। একটি পরিচ্ছন্ন ও মানসম্মত ক্যান্টিনের দাবি তাঁর।পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের রাকিবুল ইসলাম বলেন, এত বড় কলেজে কোনো আইটি ল্যাব নেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে আইটির কোনো বিকল্প নেই। তাই আমরা চাই কলেজে একটি আইটি ল্যাব করা হোক। যেখান থেকে শিক্ষার্থীরা জানবেন দেশ-বিদেশের নানা তথ্য।ইংরেজি বিভাগের তপু, রাসায়নের লু ৎ ফুল কবির, গণিতের আনিসুর রহমান, বাণিজ্য বিভাগের ম্যাগনোলিয়া, বাংলার শারমিন, জীববিজ্ঞানের সুরাইয়া, রাষ্ট্রবিজ্ঞানের সাব্বির, ইসলামের ইতিহাসের উর্মির দাবি, কলেজে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য তৈরি করা হোক, যা দেখে প্রতিদিন শিক্ষার্থীরা শক্তি সঞ্চয় করবেন। সাহস জোগাবেন জীবনযুদ্ধে। বিএসএস প্রথম বর্ষের রুবাইয়া ইয়াসমিন, শাহানাজ পারভিন, সাবিনা ইয়াসমিন ও দেলোয়ার হোসেন চান একটি নতুন লাইব্রেরি। পুরোনো স্যাঁতসেঁতে লাইব্রেরি ভবনে আলো-বাতাসের অভাব। একটি আধুনিক লাইব্রেরি ভবন হলে মন খুলে বই পড়া যেত। চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশে চাওয়ার পাল্লাটা ভারী থাকে সব সময়। তবু কিছু চাওয়া পূর্ণ করা সম্ভব নিমেষেই। এর জন্য প্রয়োজন শুধুই আন্তরিকতা। শিক্ষার্থীদের দাবি, তাঁদের ক্ষুদ্র চাওয়াগুলো পূরণে কলেজ প্রশাসন আন্তরিক থাকবে। শিক্ষার্থীদের সময়োপযোগী করে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি গান, কবিতা, নাটক, আবৃৃত্তি, সুন্দর কথা বলা, বই পড়াসহ প্রগতিশীল সব আড্ডার সুযোগ তৈরি করে দেবেন। একদিন এডওয়ার্ড কলেজ হয়ে উঠবে এক সাংস্কৃতিক নীড়।