স্বপ্ন ও সংগ্রামের যুগলবন্দী
পূর্বনির্ধারিত সময়েই আমাদের সামনে এসে হাজির হন অনুরাগ চাকমা। এসেই যেন কৈফিয়ত দিচ্ছেন—এমন ভঙ্গিতে বলতে আরম্ভ করেন, ‘দুঃখিত, আমার একটা ক্লাস ছিল বলে একটু দেরি হয়ে গেল!’ আমরা ঘড়ির ডায়ালে তাঁর দৃষ্টি আকর্ষণ করে যখন জানাই মোটেও বিলম্ব হয়নি, তখন তিনি আরও বিনীত হয়ে বলেন, ‘তবু তো দুই মিনিট লেট!’ বিস্মিত আমরা, প্রত্যুত্তরে কী বলব তার সুযোগ না দিয়েই অনুরাগ বলতে থাকেন, ‘নিন দাদা, মূল আলোচনা শুরু করা যাক।’অতঃপর টিএসসির বারান্দাতেই বসে পড়ি আমরা একজন অনুরাগ চাকমার ‘মেধাবী মুখ’ হয়ে ওঠার গল্প শোনার লোভে।সম্প্রতি অনুরাগের সম্মান চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তিনি। এ খবর আমাদের জানা। আজ জানব অনুরাগের অবশিষ্ট গল্প।অনুরাগ বলতে শুরু করেন, ‘আমার জন্ম খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া গ্রামে। মা, বাবা আর একমাত্র বড় ভাইয়ের সঙ্গে আমার বেড়ে ওঠা। তবে আমার শৈশবের পুরোটাই কেটেছে ভারতের ত্রিপুরার পঞ্চরাম শরণার্থী শিবিরে।’ আমাদের কৌতূহল বাড়ে। শরণার্থী শিবিরে কেন? অনুরাগ জানান, তখন ১৯৮৭ সাল। পার্বত্য চট্টগ্রামজুড়ে সংঘাত-সংঘর্ষ। অনুরাগের বয়স তখন দুই। নিরাপত্তার খোঁজে অনেক পাহাড়ির মতো তাঁরাও পাড়ি জমান ভারতের ত্রিপুরায়। সেখানেই অনুরাগের শুরু হয় প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। ‘পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছি পঞ্চরাম প্রাথমিক বিদ্যালয়ে। তারপর ১৯৯৮ সালে ফের চলে আসি ভাইবোনছড়ায়।’ বলছিলেন অনুরাগ। এরপর পানছড়ি বাজার উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকের পাট চুকিয়ে নেন। ভর্তি হন পানছড়ি ডিগ্রি কলেজে। উচ্চমাধ্যমিক ২০০৬ সালে, কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। কৃষক বাবা, বড় দাদা আর কলেজের প্রিন্সিপাল স্যার, এবার অনুরাগের ছোট চোখে সেঁটে দেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বড় স্বপ্ন। অনুরাগ সেই স্বপ্নের সঙ্গে একমুঠো সাহসও ভরে নেন বুকের খাঁচায়। তাঁর পরের গল্প অনুরাগের স্বপ্নের নাকে নাকশি পরানোর সংগ্রামমুখর দিনের গল্প।‘চাকমা জনগোষ্ঠীর মতো এক পশ্চাৎপদ জনগোষ্ঠী থেকে এই পর্যায়ে আসার জন্য আমার সামনে সংগ্রামের বিকল্প আর কিছু ছিল না। আমি প্রতিদিন রাত নয়টা পর্যন্ত লাইব্রেরি ওয়ার্ক করেছি। হলে ফিরে আবার পড়াশোনা করেছি। কোনো কোনো দিন রাত ভোর হয়ে যেত পড়ালেখা করতে করতে। এর বাইরে নিজের ব্যয়ভার নির্বাহের জন্যও সময় রাখতে হয়েছে। টিউশনি তো করেছিই, পাশাপাশি মিরপুরে বনফুল গ্রিন হার্টস আদিবাসী কলেজে করেছি খণ্ডকালীন শিক্ষকতা।’অনুরাগের এ সংগ্রাম বিফলে যায়নি। তার প্রমাণ দেখেছে অনুরাগের বন্ধু, স্বজন, শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ। এ সাফল্যকে পাথেয় করে তিনি স্নাতকোত্তরেও রাখতে চান মেধার স্বাক্ষর। ইতিমধ্যে বৃত্তি নিয়ে পড়ার জন্য আবেদন করেছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।অবসর নেই বললেই চলে অনুরাগের জীবনে। তবু যেটুকু অবসর মেলে তার সবটুকু সময় তিনি উৎসর্গ করেন লেখালেখির খাতে। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় ৩০টির মতো লেখা বেরিয়েছে। লিখেছেন আদিবাসীদের অধিকার নিয়ে একাধিক প্রবন্ধ। তবে মাঝেমধ্যে একঘেয়েমি এসে ভর করলে ছুটে যান বন্ধুদের কাছে, মেতে ওঠেন আড্ডায়। আর তাঁর ভবিষ্যতের পরিকল্পনা জানান এভাবে, ‘শিক্ষকতাকেই পেশা হিসেবে নিতে চাই আমি। সে ক্ষেত্রে নিজের বিভাগের শিক্ষক হতে পারলে নিজেকে মনে করব পৃথিবীর সেরা সৌভাগ্যবান।’[email protected]