
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সঙ্গে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগটা কি জানেন? একসময় কেমব্রিজ থেকে গণিতে প্রথম শ্রেণি পেয়ে যাঁরা তৃতীয় বর্ষে উন্নীত হতেন, তাঁদের বলা হতো ‘র্যাংলার’। ভারত উপমহাদেশে প্রথম র্যাংলার উপাধি পেয়েছিলেন আনন্দ মোহন বসু। আর তাঁর হাত ধরেই ময়মনসিংহে যাত্রা শুরু করেছিল আনন্দ মোহন কলেজ!
১৯০৮ সালে প্রতিষ্ঠিত হলেও কলেজের কার্যক্রম শুরু হয় ১৯০৯ সাল থেকে। ১৭ একর আয়তনের কলেজে বর্তমানে ২০টি বিভাগে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী রয়েছেন। প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী কলেজের গণ্ডি পেরিয়ে নিজেদের গন্তব্য খুঁজে নিচ্ছেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। ময়মনসিংহ অঞ্চলের ছয় জেলার শিক্ষার্থীদের বড় স্বপ্নই দেখাচ্ছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান।
কয়েক দিন আগে ভরদুপুরে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজে পা রেখে দেখা হলো শিক্ষার্থীদের সঙ্গে। খুব কাছ থেকে দাঁড়িয়ে লক্ষ করছিলাম আড্ডায় মেতে থাকা তরুণ-তরুণীদের মুখগুলো। আড্ডার বিষয়বস্তু কী তা বুঝতে না পারলেও তাঁদের
চোখে-মুখে ছড়িয়ে পড়া দ্যুতিটা ঠিকই চোখে পড়ল।
স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীদের একটা দলের সঙ্গে কথা বলি। ‘কী নিয়ে আলাপ হচ্ছে?’ হিসাববিজ্ঞান বিভাগের শাহাবাজ ইসলাম বললেন, ‘পড়াশোনা তো প্রায় শেষের দিকে। চাকরি-বাকরি নিয়ে কথা হচ্ছিল।’ জানালেন, বিসিএস পরীক্ষায় অংশ নিতে তাঁরা সবাই জোর প্রস্তুতি নিচ্ছেন দুই বছর আগে থেকেই। বিসিএসের মতো ‘কঠিন যুদ্ধে’ শামিল হওয়ার অনুপ্রেরণা কোথায় পেলেন? শিক্ষার্থীরা জানালেন, গত বেশ কয়েক বছর ধরে প্রতিবারই বিসিএসে উত্তীর্ণ হয়েছেন আনন্দ মোহন কলেজের অনেক শিক্ষার্থী। কেউ কেউ এই কলেজেই আছেন প্রভাষক হিসেবে। অগ্রজরা অনুজদের অনুপ্রেরণা জোগাচ্ছেন।
৩২ হাজার শিক্ষার্থীর পদচারণে মুখর কলেজটিকে বেশ সুনসান লাগছিল অনেকক্ষণ ধরেই। কারণটা বোঝা গেল খানিক বাদে। ক্লাস শেষ হওয়ার ঘণ্টা বাজতেই হাজারো শিক্ষার্থীর কলরবে মুখর হয়ে উঠল বিশাল ক্যাম্পাস। যাঁদের সঙ্গে কথা হচ্ছিল, তাঁরা অনেকেই বিদায় নিয়ে ক্লাসরুমের পথ ধরলেন। জায়গা দখল করল অন্য কোনো দল।

শুধু কি পড়াশোনা আর চাকরি নিয়েই শিক্ষার্থীদের যত চিন্তা! তাঁদের ভাবনার জগতে উঁকি দিতেই কথা বলি আরও অনেকের সঙ্গে। জানা গেল, পেশা-ভাবনার পাশাপাশি সৃজনশীল কাজের সঙ্গেও জড়িত অনেকে। আছে রোভার স্কাউট, বিএনসিসি। বিশ্বসাহিত্য কেন্দ্র ও প্রথম আলোর বন্ধুসভার উদ্যোগে নিয়মিত বসে পাঠচক্র। কবিতা পাঠের আসর, কবিতা প্রদর্শনীর মতো ব্যতিক্রমী আয়োজনও হয় কলেজ প্রাঙ্গণে।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমানের উদ্যোগে কাজ করছে ‘বাংলা নাট্যাঙ্গন’ ও ‘মাদক নিয়ন্ত্রণ প্রয়াস’ নামের দুটি সংগঠন। সমাজ বদলের ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। রয়েছে স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রতি সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয় মলাটবন্দী স্বপ্নের জগৎ। প্রতি রোববার বেলা ১১টায় আসে বইবোঝাই এই ‘রঙিন গাড়ি’। ঘড়ি ধরে থাকে দুই ঘণ্টা। এই সময়ে চলে সপ্তাহের বই বদল করা ও তাকে তাকে সাজানো বইয়ের নামের ওপর চোখ বুলিয়ে নেওয়ার কাজ। আনন্দ মোহন কলেজে ২০১১ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই ভ্রাম্যমাণ লাইব্রেরির যাত্রা শুরু হয়। বর্তমানে সদস্য রয়েছে প্রায় ৭০০। বিশ্বসাহিত্য কেন্দ্র কলেজের শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি সৃজনশীল লেখালেখিতেও উদ্বুদ্ধ করছে। ২০১৪ সালের ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে হয়েছিল ব্যতিক্রমী এক কবিতা প্রদর্শনী। এতে প্রতিষ্ঠিত কবিদের পাশাপাশি আনন্দ মোহন কলেজের শতাধিক তরুণ কবির কবিতাও স্থান পেয়েছিল। কবিতা লেখার অনুপ্রেরণা তাঁরা কোথায় পান? ওই যে বললাম, অগ্রজরাই অনুজদের পথ দেখান! এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন কবি নির্মলেন্দু গুণ।
শুধু নির্মলেন্দু গুণ নন, আনন্দ মোহন কলেজের ছাত্র ছিলেন ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়, ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ, জাদুশিল্পী পি সি সরকার, লেখক যতীন সরকারসহ অনেকে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর মতো গুণীজন এই কলেজে শিক্ষকতা করেছেন।
আনন্দ মোহন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আরও একটা গর্বের বিষয় হলো এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯২৬ সালের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন কবি। সে সময় এখানকার শিক্ষিত সমাজ মনেপ্রাণে চাইছিল কবিকে একবার ময়মনসিংহে আনতে। সবার অনুরোধে জমিদার শশীকান্ত কবিগুরুকে ময়মনসিংহে আসার আমন্ত্রণ জানান। অবশেষে ১৬ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ আসেন আনন্দ মোহন কলেজে। রবি বাবুর আগমনের সেই উচ্ছ্বাস এখনো মনে করিয়ে দেয় কলেজের লাইব্রেরি ভবনের সামনে স্থাপিত স্মৃতিফলক।

আদর্শ বিদ্যাপীঠ
মো. জাকির হোসেন
অধ্যক্ষ, আনন্দ মোহন কলেজ
ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের জন্য আদর্শ বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ। শতবর্ষী এই কলেজের যেমন রয়েছে ঐতিহ্য তেমনি এই কলেজের শিক্ষার্থীরা বর্তমানে সরকারি-বেসরকারিভাবে প্রতিষ্ঠিত। কলেজের ঐতিহ্য ও সুনাম ধরে রাখার জন্য শিক্ষকেরা সব সময় কাজ করছেন। পড়াশোনা ছাড়াও আমাদের শিক্ষার্থীরা সৃজনশীল কাজের মাধ্যমে কলেজের সুনাম ছড়িয়ে দিয়েছেন।