এক সময় চা-বাগানের শ্রমিক ছিলেন তাঁরা। বাগানটি বন্ধ হয়ে গেছে আজ থেকে ৪৫ বছর আগে। এখন বনের কাঠ কেটে আর ইটভাটায় কাজ করে কোনোমতে সংসার চালান তাঁরা। বছর সাতেক আগে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই যুবক হঠাৎই ঘুরতে ঘুরতে চলে যান গ্রামটিতে। পরিত্যক্ত চা-বাগানের ধ্বংসস্তূপের মধ্যে গড়ে ওঠা গ্রামটি ভালো লেগে যায় তাঁদের। গ্রামের ছোট ছোট ছেলে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। এটা দেখে কিছু একটা করার কথা ভাবেন তাঁরা।খোলা মাঠে বই-খাতা-কলম ছাড়াই দুই তরুণের শিক্ষার অভিযান শুরু হয়। একটা বিদ্যালয় প্রতিষ্ঠারও স্বপ্ন দেখতে শুরু করেন তাঁরা। দুই তরুণের সেই স্বপ্ন বহু প্রতিকূলতা পেরিয়ে বাস্তবতার মাটিতে পা রেখেছে এখন। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকজন তরুণ। সবার প্রচেষ্টায় গড়ে উঠেছে স্বপ্নের বিদ্যালয় ‘স্বপ্ননগর বিদ্যানিকেতন’।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রোশন হাটের কচুয়াই এলাকায় ১৮২০ সালে প্রতিষ্ঠিত চা-বাগানটি পটিয়া চা-বাগান নামেই পরিচিত। ৪৫ বছর আগে নানা সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়া চা-বাগানের পরিত্যক্ত ভূমিতে এখনো ৪০টি পরিবারের ৩০০ জন মানুষ বসবাস করছেন। সুবিধাবঞ্চিত এই পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে স্বপ্ননগর বিদ্যানিকেতন।যেভাবে শুরু: আজ থেকে সাত বছর আগের কথা। স্থানীয় অধিবাসীরা জানান, ২০০৪ সালে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার রফিকুল ইসলাম ও ওয়াসিম উদ্দীন নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই বন্ধু চা-বাগানের শিক্ষাবঞ্চিত দরিদ্র শিশুদের লেখাপড়া শেখানোর দায়িত্ব নেন। গ্রামের বাসিন্দাদের ঘরের আঙিনায় আর খোলা মাঠে পাঁচ-ছয় মাস পাঠদান চলে। এরপর স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পরিত্যক্ত চা প্রক্রিয়াজাতকরণ ভবনের সামনে একটি বেড়ার ঘর তৈরি করেন তাঁরা। সেখানেই যাত্রা শুরু নতুন বিদ্যালয়ের। বই-খাতা-কাগজ-কলম কিছুই ছিল না। দুই তরুণ তাঁদের টিউশনের টাকা দিয়ে বিদ্যালয়ের খরচ চালাতেন। খরচ চালাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ায়ও ছেদ পড়ে তাঁদের। দুই তরুণের এই কাহিনি শুনে এগিয়ে আসেন ধ্রুব জ্যোতি হোড়, নিলয় দাশ, সুজা আল মামুন, ইশতিয়াক আল মাহমুদ ও সুরাইয়া ফারজানা নামের আরও কয়েকজন তরুণ। তাঁদের সবার প্রচেষ্টায় গড়ে ওঠা স্বপ্ননগর বিদ্যানিকেতন এখন দৃষ্টান্ত স্থাপনকারী বিদ্যালয়। প্রথম থেকে পঞ্চম—এ পাঁচটি শ্রেণীতে এখন ৬৫ জন শিক্ষার্থী পড়ছে। শিক্ষক আছেন চারজন।বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা ধ্রুব জ্যোতি হোড় বর্তমানে একটি শিল্পপ্রতিষ্ঠানের গণসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওয়াসিম ও রফিকের উদ্যোগের কথা শুনে তাঁদের সঙ্গে যুক্ত হই। সপ্তাহে দুই দিন শহর থেকে গিয়ে বাচ্চাদের পড়াতাম। টাকার অভাবে ২০০৫ ও ২০০৭ সালে দুইবার বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এই সময়ে শিক্ষার্থীদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করে দিই। পরে ২০০৮ সালের দিকে বিদ্যালয়টির সঙ্গে যুক্ত হন চন্দনাইশ এলাকার শিক্ষানুরাগী তরুণ সুজা আল মামুন। এরপর যুক্ত হন একটি মোবাইল কোম্পানির নেটওয়ার্ক প্রকৌশলী ইশতিয়াক আল মাহমুদ, বুয়েট থেকে পাস করা প্রকৌশলী নিলয় দাশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া ফারজানা। তাঁরা যুক্ত হওয়ার পর বিদ্যালয়টি একরকম দাঁড়িয়ে যায়। প্রায় ৬০ শতাংশ খরচের জোগান দেন তাঁরাই। বাকি ৪০ শতাংশ আসে বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের কাছ থেকে।’ চন্দনাইশের রোশনহাট নেমে ইট বিছানো রাস্তা দিয়ে প্রায় ঘণ্টা খানেক হাঁটলে স্বপ্ননগর বিদ্যানিকেতন। সিএনজিচালিত অটোরিকশায় গেলে সময় লাগে ২০ মিনিট। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, দুটি বেড়ার ঘরে চারটি শ্রেণীকক্ষে চলছে পাঠদান। শিক্ষকদের জন্য একটি শিক্ষককক্ষও রয়েছে। স্কুলটির আঙিনায় উড়ছে লাল-সবুজ পতাকা। গান, নাচ ও খেলাধুলার মাধ্যমে পাঠদান করা হয় এখানে। জানালেন শিক্ষকেরা। বেত জিনিসটি এখানকার শিক্ষার্থীদের কাছে অচেনা। শারীরিক শাস্তি কিংবা তিরস্কার কঠোরভাবে নিষিদ্ধ।শিক্ষকেরা জানান, বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বিনা মূল্যে দেওয়া হয় বই ও পোশাক। বিদ্যালয়ের শিক্ষক সুজা আল মামুন বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান করা হয় এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রতিটি ছাত্রের পেছনে প্রতি মাসে গড়ে এক হাজার টাকা খরচ হয়। শিক্ষকদের জন্য বিদ্যালয় থেকে যানবাহনেরও ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে লেখাপড়ার সব আনুষঙ্গিক খরচই বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা বহন করছেন।’আনন্দময় পরিবেশে লেখাপড়া করছিল শিশুরা। পঞ্চম শ্রেণীর ছাত্রী যমুনা জানাল, এই বিদ্যালয় তার খুব প্রিয়। এখানে এসে অভিনয়ও শিখেছে সে। বড় হয়ে অভিনেত্রী হতে চায় যমুনা। গঙ্গা ও রঞ্জিত দুই ভাইবোনই পড়ছে পঞ্চম শ্রেণীতে। তাদের বাবা জ্বালানি কাঠ সংগ্রহ করে সংসার চালান। গঙ্গা ও রঞ্জিত অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে।গঙ্গা কিংবা রঞ্জিতের মতো বহু শিশু এখন স্বপ্ন দেখে। তবে সে জন্য ন্যূনতম সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষকেরা। বহু বিখ্যাত ব্যক্তি, সাংসদ ঘুরে গেছেন এখানে। দেখেছেন একদল তরুণের উদ্যম প্রচেষ্টা। বিভিন্নজন বিদ্যালয়টি সরকারীকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে সেটা প্রতিশ্রুতিই থেকে গেছে এখনো।