স্বপ্ন দিয়ে ঘেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা স্কুল বানাবইছোটবেলায় সবাই যখন স্কুলে খেলাধুলা আর আনন্দে মশগুল, আমার চিন্তা আটকে থাকত আমার গ্রাম নিয়ে। স্কুলে সবাই যখন পরীক্ষায় পাস নিয়ে চিন্তা করত, তখন আমি বাজারের একমাত্র বইয়ের দোকানে গিয়ে বই পড়তাম। বাবার কাছ থেকে অনেক বলে-কয়ে কিছু টাকা নিতাম বই কেনার জন্য। আমার অনেক দিনের স্বপ্ন, আমাদের গ্রামে একটা স্কুল বানাব, যেটি হবে আবাসিক স্কুল। ইতিমধ্যেই একটা একটা করে তিন শতাধিক বই সংগ্রহ করেছি। টিউশনির টাকা দিয়ে মাইক্রোস্কোপ, কিছু ছোট বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিনেছি। আমার চেষ্টা চলছেই, যেভাবেই হোক আমি একটা স্কুল বানাবই। মুরাদ খন্দকারশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।পৃথিবীটা ঘুরে দেখতে চাইস্কুলে থাকতে স্বপ্ন ছিল টিভি রিপোর্টার হব। খুব অ্যাডভেঞ্চারাস কিছু করব। এখন ইচ্ছা করে পৃথিবীর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে। একটা ব্যাকপ্যাক কাঁধে ঝুলিয়ে নিজের মতো করে পৃথিবীর এ মাথা থেকে ও মাথা চষে বেড়াব। যখন পুরোদস্তুর সাহিত্যের ছাত্রী হয়ে গেলাম, তখন লক্ষ করলাম, মানুষের আবেগের অনেক রং। সাহিত্য পড়তে গিয়ে মানুষের সেই আবেগগুলোকে ভালোবেসে ফেললাম। ঘরকুনো আমি বুঝতে শুরু করলাম, নানা রকম মানুষ দেখাও আনন্দের ব্যাপার। আজকাল একটা স্বপ্ন প্রায়ই দেখি। সেই স্বপ্নে আছে একটা স্কুল, একপাল কচিকাঁচার দল আর আমি। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অন্য রকম স্কুলের সেই স্বপ্নে আমি একজন বন্ধু হয়ে পাশে থাকব।ইফফাত ফারহানাইংরেজি বিভাগ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম।একসঙ্গে সবাইস্বপ্ন দেখি নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য কিছু করার। তাই পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করছি। ব্যক্তিগত কোনো উদ্যোগ প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকার প্রান্তিক জনগণের আর্থিক সমস্যা দূর করতে চাই। বাংলাদেশকে সবাই ইমার্জিং টাইগার বলে। আমি নিজে এমন কাজ করতে চাই, যার ফলে বাংলাদেশকে সবাই সত্যিকারের ‘টাইগার’ হিসেবে অবিহিত করবে। যারা আমাদের দেশকে অবহেলার চোখে দেখে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া যাবে তখন। অপেক্ষা শুধু আমাদের মতো তরুণদের একসঙ্গে জ্বলে ওঠার। মুশফিকুল হকব্যবসায় প্রশাসন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।হতে চাই শিক্ষক আমার স্বপ্নগুলো কখনোই খুব গোছানো হয়নি। তারা নানা রঙে, নানা ঢঙে এসে আমার জগৎকে ভরিয়ে তোলে। আবার সময়ের সঙ্গে সঙ্গে অনেকে হারিয়েও যায়। বলতে গেলে ছোটবেলায় এই আমি কোনো স্বপ্নই দেখিনি। পড়াশোনা আর খেলাধুলায় রঙিন শৈশব আর কৈশোরটা চিন্তাভাবনা ছাড়াই কাটিয়ে দিয়েছি। একসময় এফএম রেডিওতে কথাবন্ধু হিসেবে কাজ করাটা আমার স্বপ্নের একটা বহিঃপ্রকাশ হিসেবেও বলা যায়। প্রতিদিন কাউকে না চিনে না জেনেও কথাবন্ধু হওয়ার সুবাদে অনেক অনেক মানুষের যে এত কাছে পৌঁছে যেতে পারতাম, তা এখন চিন্তা করলেও ভালো লাগে। তবে ছোট থেকেই যে মানুষগুলোর দেখানো পথের মাধ্যমেই আজকের এই আমি, ইচ্ছা করে সেসব শিক্ষকদের মধ্যে নিজেকেও একজন হিসেবে কল্পনা করতে। গণিত নিয়ে পড়তে পড়তে শিক্ষক হওয়ার এই ইচ্ছাটা আরও বেগবান হয়েছে দিন দিন। তাই হতে চাই শিক্ষক—আগামী দিনের মানুষ গড়ার কারিগর, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নিজের স্বপ্নগুলোকে ছড়িয়ে দিতে চাই। ফাহমিদা খানগণিত বিভাগ, ইডেন কলেজ।কাঁটা দিয়ে কাঁটা তোলা‘খবরদার! সাংবাদিকতার নাম করবি না! সাংবাদিক হয়ে মরার ইচ্ছা হচ্ছে? এই শরীরে মাইর খেতে পারবি?’ না, কথাগুলো আমার না। আম্মুর কথা।মাঝে মাঝে মনে হয়, আম্মু তো মিথ্যে বলেননি। টিভি স্ক্রিনে বা পত্রিকার পাতায় মাঝে মধ্যে সাংবাদিকের এমন করুণ ছবি দেখতে আমরা অভ্যস্ত। কী আজব! তার পরও আমি সাংবাদিক হতে চাইছি?দেশের তরুণদের সব ইচ্ছাশক্তি যখন ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিসিএস কিংবা করপোরেট চাকরিতে সীমাবদ্ধ করার চেষ্টায় নিমজ্জিত, তখনই আমার মনে হয় আমি সাংবাদিক হব। সাংবাদিকের কলমের কালো কালি পারে সমাজের কালো মুছে দিতে। এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার দৃপ্ত অঙ্গীকার!রাশেদুল হাসানটেকনাফ ডিগ্রি কলেজ, কক্সবাজারআইনমন্ত্রী হয়ে বদলে দেব সমাজমাঝেমধ্যে মনে হয়, আমার আইন পড়ার সার্থকতা কোথায়, যদি না একজন আইনের শিক্ষার্থী হিসেবে, একজন নারী হিসেবে আমি আমার চারপাশ বদলে দিতে পারি? আমি বিশ্বাস করি, একদিন আমি অবশ্যই এ দেশের আইনমন্ত্রী হব এবং আইনের সব অসামঞ্জস্য দূর করতে পারব। আমাদের সংবিধানের ১৯(৩) অনুচ্ছেদে বলা আছে, ‘জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন।’ একই সঙ্গে ২৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’ কিন্তু আমরা জীবনের সব ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে পারিনি। আমি বিশ্বাস করি, সম্পত্তিসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের সমানাধিকার, সুবিধাবঞ্চিত ও অবহেলিত নারীদের উন্নয়ন, নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন—এগুলো নিছক প্রস্তাব হয়েই থাকবে না। একদিন আমরা নিশ্চয়ই সব জটিলতা, বাধা, চাপ উপেক্ষা করে এর সবকিছু বাস্তবায়ন করতে পারব।ফারহা নূর রহমান আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।বিজ্ঞানী হওয়ার স্বপ্নস্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয়— সবখানেই চাকরিনির্ভর পড়াশোনা করার তাগাদা দেয় আমাদের সমাজ। আমাদের দেশের স্কুল-কলেজগুলোতে সাধারণ শিক্ষার গুণগত মানের অবস্থা বেশ নড়বড়ে। আমাদের শিক্ষাব্যবস্থার দুর্বলতার কারণে শিক্ষার্থীরা মৌলিক বিষয়গুলো সম্পর্কে তেমন ধারণা লাভ করে না। মুখস্থ বিদ্যার ওপর ভর করে পার করে দেয় শিক্ষাজীবন। আমি পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়ে গবেষণা করতে চাই। আমি স্বপ্ন দেখি সত্যেন বোসের মতো বিজ্ঞানী হওয়ার। সত্যেন বোস ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করে ইউরোপীয় বিজ্ঞানীদের মধ্যে সাড়া ফেলেছিলেন, তেমন করে আবারও বাংলাদেশে বিজ্ঞানের মৌলিক গবেষণার ধারা প্রবলভাবে সৃষ্টি হবে।তোপসিহা সুলতানাপদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।আদিবাসী ফ্যাশন ডিজাইনার হতে চাইছোটবেলায় অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল। কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার বা পাইলট। একটা সময় ফ্যাশন নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ায় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছি। এখন একটাই স্বপ্ন দেখি, ফ্যাশন ডিজাইনার হওয়ার। রঙের খেলা খেলতে চাই পোশাক নিয়ে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকগুলো নিয়ে। সারা বিশ্বে আদিবাসী পোশাকগুলোকে মেলে ধরতে চাই এ ছাড়া আমার এলাকা খাগড়াছড়িতে বড় একটা ফ্যাশন হাউস করার স্বপ্ন দেখি।চিং ওয়েং চৌধুরীবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ঢাকা।সাংবাদিক হতে চাইআমি বড় হব, একজন আলোকিত মানুষ হব, দেশ ও দেশের মানুষের জন্য কিছু করব, এমন ইচ্ছা নিয়েই আমি সাংবাদিক হতে চাই। শৈশব থেকে হাজারো স্বপ্ন দেখে বড় হতে নিত্য পথ চলা। নিজেকে একজন নির্ভীক, যোগ্য সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এটিই আমার সেই প্রধান স্বপ্ন। কেন এই স্বপ্ন? কারণ অনেক। আমার কাছে সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, অনেক কিছু। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি। আর ভালোবাসা দিয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে একজন সাংবাদিক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাই সর্বক্ষণ। যোগ্য সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য উচ্চমাধ্যমিকের পাঠ চুকিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে।ইফতিয়াজ নুরবিজ্ঞান বিভাগ, উখিয়া ডিগ্রি কলেজ, কক্সবাজার। বিসিএস ক্যাডার হতে চাইস্বপ্ন দেখতে আমি ভীষণ ভালোবাসি। একটা সময় দেখা যেত নিজেকে বিচারকের আসন থেকে শুরু করে মোটা ফ্রেমের চশমা পরা শিক্ষকের জায়গায় অথবা রাজনীতিবিদের চেয়ারে নিজেকে বসিয়ে কল্পনা করতাম, তাঁর জায়গায় আমি থাকলে কেমন হতো। ছোটবেলায় এ রকম অনেক হয়েছে। কিন্তু ভাগ্যের চাকায় ঘুরে আমি এখন পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন আর ইচ্ছেগুলোও এখন অনেক পাল্টে গেছে। এখন অনেক স্বপ্নের মাঝে একটা স্বপ্নই আমি এখন প্রতিনিয়ত দেখি। সেটি হলো, আমি এখন বিসিএস ক্যাডার হতে চাই। বিসিএস প্রশাসনে নিজেকে দেখতে চাই।নকশী তালুকদারওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।