বান কি মুনের জন্ম কোরিয়ায়, ১৯৪৪ সালের ১৩ জুন। তিনি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১৯৭০ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক পাস করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন ১৯৮৫ সালে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে ডক্টর অব লজ গ্রহণকালে তিনি এই বক্তৃতা দেন ২০০৯ সালের ২৬ অক্টোবর।সিয়াটলের এক মহাদার্শনিক বলেছিলেন, ‘জ্ঞানীরা বলেন, প্রাজ্ঞরা শোনেন।’ এই দার্শনিকের নাম জিমি হেনড্রিক্স। সিয়াটলে বক্তৃতা করার ক্ষেত্রে বোধ হয় আমিই জাতিসংঘের প্রথম মহাসচিব।কিছুক্ষণ আগে একঝাঁক তরুণ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করছিল। তোমাদেরই ৫০ বন্ধু স্টেট অব দ্য ওয়ার্ল্ড নিয়ে আমাকে প্রশ্ন করেছে। মনে হচ্ছিল যেন আমি একজন পিএইচডি শিক্ষার্থী। এটাকে তোমরা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বলতে পারো। কিন্তু আমি মনে করি, এটা আমি অর্জনই করেছি। আমার নিজের ভাবনার কথা এমন অনুষ্ঠানে বলা ঠিক হবে কি না জানি না। লোকে বলে, সবুরে মেওয়া ফলে। কথাটা আসলেই সত্য। কেন সত্য, সেটাই তোমাদের বলছি। ঠিক ৪০ বছর আগে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন, চীনের সঙ্গে সম্পর্কটা কীভাবে আরও দৃঢ় করা যায়, তা নিয়ে তখন অনেক আশা-প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রের এবং এশিয়ার মানুষের দৃষ্টিভঙ্গি তারা বুঝতে চেয়েছিল। আমি তখন অনেক ছোট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তরুণ কর্মী। জানতে পারলাম, আমাদের দেশ থেকে একজন শিক্ষার্থীকে চীনা স্টাডিজের জন্য যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অবৈতনিক বৃত্তি দিতে ইচ্ছুক। ওই বিখ্যাত বিশ্ববিদ্যালয়টিই হলো এই ইউনিভার্সিটি অব ওয়াশিংটন। আমি সুযোগটা লুফে নিতে উঠেপড়ে লাগলাম। এ জন্য পড়াশোনা শুরু করলাম, কঠোর পরিশ্রম করলাম। বেশি বেশি পরীক্ষা দিলাম। এ কাজে আমার সর্বোচ্চ ঢেলে দিলাম। একদিন আমার কাছে একটি চিঠি এল। চিঠিতে সাক্ষাৎকারের জন্য আমাকে ডাকা হয়েছে। আমি খুবই উত্তেজিত। আমাকে সিউলের রয়েল হোটেলে সাক্ষাতের জন্য আমন্ত্রণ করা হয়েছে। নিশ্চিত ছিলাম, সুযোগটা পাব। যখন রয়েল হোটেলে গেলাম, দেখতে পেলাম, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে আসা এক অধ্যাপকের কাছে ভাইভা দেওয়ার জন্য অধ্যাপক ও সরকারি কর্মকর্তাসহ ১২ জন কোরীয় অপেক্ষা করছেন। তখন আমি বুঝতে পারলাম, এই শিক্ষার্থী নির্বাচন শুধু কোরিয়া থেকেই নয়, পুরো এশিয়া থেকে মাত্র একজনকে নির্বাচন করবে যুক্তরাষ্ট্র। আমি পরীক্ষা দিলাম। সাক্ষাৎকার দিলাম। সৌভাগ্যবশত কোরিয়া থেকে আমিই নির্বাচিত হলাম। আরেক দিন, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে আরেকটি চিঠি এল। চিঠিতে বলা হয়েছে, সংবাদটা আনন্দের। কিন্তু আমি নির্বাচিত হয়েছি প্রথম রানারআপ হিসেবে। তারা বলেছে, যদি প্রথমজন সুযোগটা না নেয়, তাহলে আমাকে সুযোগটা দেওয়া হবে। তারা আমাকে বলল, অপেক্ষা করো। এবং আমি অপেক্ষা করেছিলাম। তারপর আরও অপেক্ষা...আরও অপেক্ষা...এভাবে অপেক্ষায় কেটে গেছে ৪০ বছর! অতঃপর হলো অপেক্ষার অবসান। ৪০ বছর পর আজ আমি ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে আসার সুযোগটা পেয়েছি! তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন। তোমাদের এই জাঁকজমক ও বনেদি পরিবারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিটা আমার নিজের জন্য নয়, বরং যে সংঘে আমি কাজ করি এই সম্মানটা সেই জাতিসংঘের জন্য। বিশ্বকে বদলে দিতে জাতিসংঘের যে ভূমিকা, আমাকে সম্মান জানানোর মধ্য দিয়ে তোমরা তারই স্বীকৃতি দিলে।আমার সামনে যারা বসে আছ, কিছু প্রবীণ ছাড়া তোমরা সবাই তরুণ। তোমাদের মুখের চেহারায় আমি পুরো পৃথিবীটাকেই দেখতে পাচ্ছি। যেন তোমরাই গড়ে তুলেছ জাতিসংঘ। আমাদের একেজনের জীবনের গল্প একেক রকম ঠিকই, কিন্তু আমাদের সবার স্বপ্ন একটাই। জাতিসংঘও একটিমাত্র স্বপ্ন নিয়ে গড়ে উঠেছে। এই স্বপ্নটা হলো একটা প্রত্যয়: সর্বনাশা যুদ্ধের কালো অভিশাপ থেকে আগামী প্রজন্মকে মুক্ত করা। এই স্বপ্নটা হলো মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করা। সামাজিক উন্নয়ন ও স্বাধীনতার সঙ্গে আদর্শ জীবনব্যবস্থার প্রবর্তন করা। এটাই জাতিসংঘ সনদের প্রত্যয়। বিশ্বের যে দেশেই আমি যাই, যখনই আমি বিশ্বনেতাদের সামনে ভাষণ দিই, আমি তাঁদের জাতিসংঘ সনদের কথা স্মরণ করিয়ে দিই। আমি জবাবদিহির কথা বলি, বলি ন্যায়বিচারের কথা। আমি অধিকার ও কর্তব্যের কথা বলি।আজ এই সমাবর্তনে তোমরা যারা তরুণ, তোমাদের উদ্দেশ করেই আমি বলছি। তোমাদের শক্তি, সফল হওয়ার আত্মবিশ্বাস ও নায়বিচারের বোধ বিকশিত করো এবং তোমাদের ভেতরের সুপ্ত বাসনা প্রস্ফুটিত করো।আমার বেড়ে ওঠা যুদ্ধ-পরবর্তী কোরিয়ায়। আমি যখন ছোট ছিলাম, সে সময় আমাদের আশপাশের সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আমরা নিঃস্ব, অসহায়, হতদরিদ্র হয়ে পড়েছিলাম। ক্ষুধার জ্বালায় কাটছিল দিন। ঘরবাড়ি, শহর—সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। হারালাম অনেক বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজন। এরপর এল জাতিসংঘ। আশায় বুক বেঁধে সবকিছু নতুন করে গড়ে তুলতে জাতিসংঘ আমাদের সাহায্য করল। তখন জাতিসংঘ আমাদের কাছে এসেছিল আশার আলো হয়ে। এমনকি এখনো, উন্নয়নশীল দেশগুলোর অনেক মানুষের আশার প্রদীপ এই জাতিসংঘ। আমি স্বপ্ন দেখতাম, একদিন আমি জাতিসংঘে কাজ করব। আমার ও আমার দেশের জন্য জাতিসংঘ যেমনটা করেছে, আমিও স্বপ্ন দেখতাম, বিশ্বটাকে অনেক সুন্দর করে গড়ে তুলব। এবার তোমাদের পালা। এবং আমার নিজেরও। এসো, আমরা সবাই ঐক্য গড়ে তুলি। এসো, একটি সুখী পৃথিবীর জন্য কাজ করি; এমন পৃথিবী, যেখানে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে না; এমন পৃথিবী, যেখানে একটিও শিশু আর ক্ষুধার জ্বালায় কাতরাবে না। এসো, সেই পৃথিবীর জন্য কাজ করি, যেখানে ছেলে আর মেয়ে একসঙ্গে স্কুলে যাবে। যেখানে সবার জীবন সুস্থ, সুখী ও সফল হবে। এসবই জাতিসংঘের স্বপ্ন। এসব মানুষের মৌলিক অধিকার। বিপদে বিশ্বের যত পুরুষ, যত নারী ও শিশু—সবার পাশে দাঁড়ানোর দায়িত্বটা এসো কাঁধে তুলে নিই। এসো, সবার স্বপ্নগুলো সত্য করতে সাহায্য করি।ইন্টারনেট থেকে প্রাপ্ত, নির্বাচিত অংশের অনুবাদ জাহাঙ্গীর আলম