মানুষ হাজারো রঙিন স্বপ্ন দেখে। লাল স্বপ্ন, নীল স্বপ্ন আবার কখনো ধূসর স্বপ্ন। আমরা সবাই মাঝেমধ্যে হারিয়ে যাই স্বপ্নের অচেনা দেশে। আমাদের স্বপ্ন দেখার নেই মানা। স্বপ্ন আমাদের বাঁচতে শেখায়, হাসতে শেখায়, নিজেকে বদলাতে শেখায়, নতুন করে ভাবতে শেখায়। স্বপ্ন দেখি বলেই আমরা ব্যর্থতাকে ভুলে যাই। সময়ের প্রয়োজনে, থমকে যাওয়া জীবনটাকে নতুন করে সাজিয়ে নিই। আমি হাজারো স্বপ্ন দেখি। মাঝেমধ্যে তাড়া করে স্বপ্নপোড়ার জ্বালা। তবুও আমি স্বপ্ন দেখি। কারণ আমি মনে করি, স্বপ্ন কখনো হারায় না। ছোট থাকতে স্বপ্ন দেখতাম, পাখি হব—মুক্ত হয়ে উড়ে যাব দূর সুনীল আকাশে। আবার কখনো স্বপ্ন দেখতাম, পাইলট হব, চিকিৎসক হব, হব সেনা কর্মকর্তা। সময়ের দাবিতে আজ আমার স্বপ্নগুলোও পরিবর্তন হয়েছে। আজ আমি স্বপ্ন দেখি, সুশিক্ষা অর্জন করে নিজেকে বদলাতে, সমাজকে বদলাতে, সমাজের সেবা করতে আর আমার গ্রামকে বদলাতে। আমার ছোট্ট স্বপ্ন—গড়ে তোলা সমাজসেবামূলক ছাত্র সংগঠন ‘স্বপ্নতরী’। এই সংগঠনের উদ্দেশ্য—ছাত্রদের ভালো ফলাফল গঠনে উদ্বুদ্ধকরণ, মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলা, স্বেচ্ছায় রক্তদান, দেশি পণ্য ব্যবহারে সবাইকে সচেতন করা। এই সংগঠন শিক্ষার্থীদের হলেও সেবা পাবে সমাজের সবাই। আর আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা বদলে দেবে, আমাদের গ্রাম নিতপুরকে। এত বড় স্বপ্ন বাস্তবে রূপদান করা একার পক্ষে সম্ভব নয়। এই একই স্বপ্ন দেখে এগিয়ে এসেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত একঝাঁক তরুণ-তরুণী। বিশ্বাস করি, একজনে স্বপ্ন দেখলে তা শুধু স্বপ্নই থাকে, কিন্তু দশজনে একই স্বপ্ন দেখলে, তা আর স্বপ্ন থাকে না—তা হয়ে ওঠে দিনবদলের প্রতিজ্ঞা, নতুন আলোর হাতছানি, সমাজ গঠনের ডাক। এখন দেখার বিষয়, কত দূর পাড়ি দিতে পারে আমাদের স্বপ্নতরী। মাহমুদুল হাসান শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।