স্বপ্ন দেখতে দোষ কী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। অনেক সাফল্যগাথার সাক্ষী। এই তো সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সাফল্য ধরা দিতে দিতেও অধরা থেকে গেল। তার কারণও এই মাঠ। করুণ পানি নিষ্কাশনব্যবস্থা সফরকারীদের বাঁচিয়ে দিয়েছে বলা যায়। হালকা বৃষ্টিতেই দুই দিন খেলা বন্ধ। ওয়েস্ট ইন্ডিজ দলের মতো পাকিস্তান দলও এবার প্রথমবার সাগর পারের এই স্টেডিয়ামে পা রাখতে যাচ্ছে। আজ পাকিস্তান দলকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দল চট্টগ্রামে আসছে। তৃতীয় একদিনের ম্যাচ ও প্রথম টেস্টটি হবে এই মাঠে। এর পর আবার ঢাকায় দ্বিতীয় টেস্ট। আগামী মঙ্গলবার সীমিত ওভারের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ থেকে শুরু করে এই মাঠে একদিনের ম্যাচে হেরে যাওয়ার রেকর্ড নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টিবাধায় টেস্ট ম্যাচ ড্র হলেও এক দিনের ম্যাচে জয় ঠিকই এসেছে। এখন তো শীতকাল। তাই এবার বৃষ্টির সেই ভয় আর নেই। তবে ঢাকায় উড়তে থাকা পাকিস্তান দলকে চট্টগ্রামে টাইগাররা মাটিতে নামিয়ে আনতে পারবে কি না সেটাই দেখার অপেক্ষায় আছে দর্শকেরা! বিশ্ব ক্রিকেটে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি এই পাকিস্তান দলের সঙ্গে খুব যায়। খুব খারাপ দল নিয়েও তারা অনেক বড় বড় দলকে যেমন পরাভূত করতে পারে তেমনি আবার শক্তিশালী দল নিয়েও ছোট দলের হাতে মার খাওয়ার রেকর্ড তাদের অনেক আছে। যেমন ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। ওই জয়টিই পাকিস্তানের বিপক্ষে একমাত্র সাফল্যগাথা। এর পর এক যুগ পার হয়েছে। কিন্তু সাফল্য আর ধরা দেয়নি।এ ছাড়া আনপ্রেডিক্টেবলের একেবারে সাম্প্রতিক উদাহরণ হতে পারে প্রথম একদিনের ম্যাচটি। বাংলাদেশ দলের ৯১ রান তাড়া করতে গিয়ে ৬৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানের এই দলকে মানায় না। দুই একটা ক্যাচ যদি না পড়ত তাহলে অন্য রকম ফলও আশা করা যেত। এই ‘আনপ্রেডিক্টেবল’ শব্দ এবং ‘জহুর আহমেদ চৌধুরী’—এই দুটিই এখন বাংলাদেশের সামনে বড় প্রেরণার নাম। এই মাঠে শেষ চারটি এক দিনের ম্যাচে টানা জয় আছে বাংলাদেশ দলের। ১২ ম্যাচে সাত জয়। আর কী চাই! কিছুদিন আগে পুরো দল নিজেদের অনুশীলনের জন্য বেছে নিয়েছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকেই। এক সপ্তাহের অনুশীলনের লক্ষ্যই চলমান পাকিস্তান সিরিজ। এই মাঠের সাফল্যগাথা তাঁদের জানা আছে। তাই আগেও বার বার তাঁরা বলেছেন, এই মাঠে নামলে মনে অন্য রকম একটি প্রেরণা কাজ করে। সেই প্রেরণার সঙ্গে গ্যালারিতে লাল-সবুজ পতাকার রঙে রাঙানো সমর্থকেরা তো রয়েছেই। তাহলে কি এবার আনপ্রেডিক্টেবল দলটির বিপক্ষে দ্বিতীয় জয় আমরা পেতে যাচ্ছি? স্বপ্ন দেখতে দোষ কোথায়!