স্বপ্ন দেখতেই পারে স্বাগতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই চট্টগ্রামে প্রথম টেস্ট জয়। এখানেই কোনো দলকে প্রথম ধবলধোলাই। দুই ক্ষেত্রেই প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সেই জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজের যাত্রাও এখান থেকে। এত সুখস্মৃতির কারণেই স্থানীয় দর্শকদের মধ্যে দারুণ উদ্দীপনা দুটি এক দিনের ম্যাচ নিয়ে।

চট্টগ্রামের অতীত রেকর্ডও তাদের আশাবাদী করতে সাহায্য করছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে যতবারই এক দিনের ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিেকরা, ততবারই জয় নিয়ে ফিরেছে।
তিনবারের দুবারই বাংলাদেশ জিতেছে ছয় উইকেটে। সর্বশেষ জয়টি আসে ২০১০ সালের ১২ ডিসেম্বর। ওই ম্যাচে ৯৫ করে ম্যাচসেরা হয়েছিলেন ঘরের ছেলে তামিম ইকবাল। এর মধ্যে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে শতক ও অর্ধশত করে তামিম ঘরের মাঠে জ্বলে উঠেছেন। ঘরের মাঠে আবারও শতকের স্বপ্ন দেখেন তিনি, এমনটি জানিয়েছেন। সেই শতকটি যদি দুটি এক দিনের ম্যাচের একটিতে এসে যায়, তাহলে অবাক হবে না স্থানীয় দর্শকেরা।
২০০৯ সালের ৩ নভেম্বর এই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম মুখোমুখিতেও হেসেছিল স্বাগতিকেরা। তবে দুদিন পর দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল এক উইকেটে।
জিম্বাবুয়েসহ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এই পর্যন্ত মোট ১৩টি একদিনের ম্যাচ খেলেছে। এখানেও জয়ের দিক থেকে এগিয়ে রয়েছে স্বাগতিক দল। ১৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে। এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারানোর স্মৃতিও রয়েছে।
এই মাঠে বোলিং রেকর্ড সাকিব আল হাসানের দখলে। এক দিনের ম্যাচে সবচেয়ে ভালো বোলিং পারফরমেন্স তাঁর। এখানে ১৬ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন সাকিব। সাকিব টেস্টে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার পেয়েছেন। ব্যাটে বলে দারুণ ঝলক দেখিয়েছেন। এই ঝলক চট্টগ্রামে সামনের দুই এক দিনের ম্যাচে যে থাকবে না সেটা কে বলবে!
তবে ব্যাটিং রেকর্ডটি জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের দখলে। এক দিনের ম্যাচে এই মাঠের সেরা অপরাজিত ১১৮ই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। এর পাশাপাশি জিম্বাবুয়ে
আরও অতীত স্মৃতিচারণা করে নিজেদের নির্ভার রাখতে পারে। চট্টগ্রামের পুরোনো ক্রিকেট স্টেডিয়াম এম এ আজিজের স্মৃতি। ওই মাঠে বাংলাদেশ টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় পেলেও এক দিনের ম্যাচের চিত্র সুখকর নয়। এখানে তিনটি এক দিনের ম্যাচের দুটিতে জিতেছিল জিম্বাবুয়ে।
তবে সেই ছবি এখন অতীত। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে ব্যবধান যে যোজন যোজন। টেস্টে জিম্বাবুয়েকে টপকে ইতিমধ্যে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। একদিনের ম্যাচেও নিজেদের অবস্থান আগে থেকেই জিম্বাবুয়ের উপরে ছিল। সেটিকে আরও উঁচুতে নেওয়ার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। আরও একটি ধবলধোলাইয়ের ভিত এখান থেকেই হোক না।