‘অন্য রকম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কক্সবাজার কমার্স কলেজ মাত্র কয়েক বছরে জেলায় জায়গা করে নিয়েছে। এই কলেজে পাসের হার শতভাগ। শিক্ষকেরা ক্লাসে পাঠদান করেন যত্ন নিয়ে। ফলে আলাদা করে প্রাইভেট পড়তে হয় না। কলেজের শিক্ষকেরা আমাদের মাঝে তৈরি করছেন ভবিষ্যতের পথচলার শক্ত ভিত। তাই স্বপ্ন দেখি সাফল্যের, সোনালি ভবিষ্যতের।’ এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী রুমাইয়া চৌধুরীর কথাগুলোর যেন পুনরাবৃত্তি করলেন অন্যরাও।তাঁর সহপাঠী আবদুল্লাহ আল মামুন, সেতারা ইয়াসমিন ও সাবরিনা ইসলাম বলেন, ব্যবসায় শিক্ষায় পড়ার ইচ্ছা অনেকের। কিন্তু শহরের বেশির ভাগ কলেজে এই বিভাগ চালু নেই। তাই এই কলেজের গুরুত্ব বেশি। জানা যায়, ২০০৮ সালের জানুয়ারি মাসে মাত্র ২২ জন শিক্ষার্থী নিয়ে কলেজের যাত্রা শুরু। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল করিম স্থানীয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে শহরের রুমালিয়ারছড়া এলাকায় ভাড়া করা একটি ভবনে এই কলেজ প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি কক্সবাজার সরকারি কলেজ ও কক্সবাজার সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে চাকরি করে অবসর নেন। অধ্যক্ষ ফজলুল করিম বলেন, ‘আমি বাণিজ্য বিভাগের ছাত্র ছিলাম। বিভিন্ন কলেজে শিক্ষকতা করার সময় কক্সবাজারে একটি কমার্স কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতাম। এখন সেই স্বপ্ন পূরণ হলো। সবার সহযোগিতা পেলে এই কলেজটি জেলার শীর্ষ স্থানে নিয়ে যেতে সক্ষম হব।’কলেজ সূত্র জানায়, ২০১০ সালে এই কলেজ থেকে প্রথমবারের মতো ১৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করে ১৮ জন অর্থাৎ পাসের হার শতভাগ। ২০১১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৫৯ জন শিক্ষার্থী। পাস করে ৫৯ জন। শতভাগ পাসের পাশাপাশি কলেজটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে (পাসের হার অনুযায়ী) দ্বিতীয় স্থান দখল করে জেলাবাসীর নজর কাড়ে। আগামী বছর এইচএসসি পরীক্ষা দেবে ১৫০ শিক্ষার্থী। বর্তমানে এই কলেজের শিক্ষার্থী ৩৪০ জন। এর মধ্যে প্রথম বর্ষে ১৯০ জন ও দ্বিতীয় বর্ষে ১৫০ জন। সরেজমিনে দেখা গেছে, কমার্স কলেজটি চলছে শহরের রুমালিয়াছড়ার চারতলাবিশিষ্ট একটি ভাড়া করা ভবনে। বর্তমানে সাতজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করছেন।শিক্ষকেরা জানান, আসন সীমিত হওয়ায় এ বছর আরও ২০০ শিক্ষার্থীকে কলেজে ভর্তি করা সম্ভব হয়নি। আগামী বছর থেকে আসনসংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে।দ্বিতীয় বর্ষের ছাত্র সুভাষ ধর বলেন, ‘একসময় পর্যটন শহর কক্সবাজার আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। লেখাপড়া জানা থাকলে তখন আমরা মেধার বিকাশ ঘটিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ পাব।’ প্রথম বর্ষের ছাত্রী বিলকিস আকতার বলেন, নারীদের জন্য এখন সুন্দর ও নিরাপদ চাকরি হচ্ছে ব্যাংক। আগে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাস করে বহু ছেলেমেয়েকে কলেজে মানবিক বিভাগে ভর্তি হতে হতো। কারণ, কলেজে বাণিজ্য বিভাগ চালু ছিল না। এতে ওই শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে যেত। এখন কমার্স কলেজ চালু হওয়ায় সেই ইচ্ছা পূরণ হচ্ছে।কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম জানান, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা চলছে। ইতিমধ্যে জমিও কেনা হয়ে গেছে। আগামী ২০১৩ সাল থেকে শিক্ষার্থীরা নতুন ক্যাম্পাসে লেখাপড়ার সুযোগ পাবে।