স্বপ্ন নিয়ে...
নৈতিকতার যুদ্ধ
কলিন পাওয়েল, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

১৯৬৩ সালের আগস্টে ভিয়েতনামে ছিলাম। ফলে ড. কিংয়ের ভাষণ দেখা বা শোনা হয়নি। আর তখনকার দিনে ভিয়েতনামে খবরও পৌঁছাত অনেক ধীরে। দেশে ফিরে এসে দেখলাম, আমেরিকা দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে, যার একটির নেতৃত্ব দিচ্ছেন ড. কিং। যে যুদ্ধটি ছিল নৈতিকতার, অধিকারবোধ এবং আমাদের জাতির পিতাদের আকাঙ্ক্ষার প্রতিফলন। ‘আমি স্বপ্ন দেখি’ শিরোনামের এই বক্তৃতা সুযোগ করে দিয়েছিল আমাদের এই দেশের চেতনা ও আত্মার দিকে গভীরভাবে তাকানোর।
এই ‘ড্রিম’ ভাষণ এবং পরবর্তী সিভিল রাইটস অ্যাক্ট ও ভোটিং রাইটস অ্যাক্ট অবশেষে বিচ্ছিন্নতার শেকলকে ছিন্ন করেছিল, যা আমাদের শুদ্ধতম স্বপ্নগুলোকে বন্দী করে রেখেছিল। শুধু আফ্রিকান-আমেরিকানদের এটি মুক্তির শ্বাস এনে দেয়নি; শ্বেতাঙ্গ আমেরিকানদের কাঁধ থেকে নেমে গিয়েছিল জগদ্দল বোঝা। ৫০ বছর পর আমরা অসাধারণ অগ্রগতি দেখতে পাচ্ছি। যদিও যেখানে পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা এখনো পৌঁছাইনি।
এখনো আশা আছে
মায়া অ্যানজেলু, লেখক ও কবি

৫০ বছর আগে কিং সেই স্বপ্ন দেখেছিলেন, এবং সে কথা বলার সাহস দেখিয়েছিলেন—ফ্লোরিডা, মিসিসিপি, জর্জিয়া কিংবা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট্ট কালো শিশুরা ছোট্ট শ্বেতাঙ্গ শিশুদের পাশে দাঁড়াবে, হাতে হাত রাখবে। স্বপ্ন দেখার স্বপ্নটা পাবে। কী একটা স্বপ্নই না ছিল! ভেবে দেখুন তো, আমাদের মধ্যে এই ঘৃণা এবং বর্ণবাদ, কুসংস্কার, পুরুষতান্ত্রিকতা এবং প্রবীণদের প্রতি বৈষম্য যদি না থাকত! এসব নির্বুদ্ধিতার কারণে আমরা যদি এভাবে পঙ্গু হয়ে না থাকতাম, ভেবে দেখেছেন, আমাদের দেশটা কেমন হতো!
এখনো আশা আছে। আশা না থাকলে সকালে ঘুম থেকে ওঠার কোনো মানেই থাকত না। আশা অবশ্যই আছে। কখনো কখনো আপনাকে শুধু সেটা খুঁজে পেতে হয়, অন্যের সঙ্গে ভাগাভাগি করতে হয়। আমি মনে করি, আমাদের প্রত্যেককে এই বিশ্বাসটি রাখতে হবে, এমন একটা দিন আসবে, যেদিন আমরা বোঝায় পিষ্ট হব না; এসব নির্বুদ্ধিতা আমাদের পঙ্গু করে ফেলবে না। আমি সেটারই আশা করি। তারই জন্য আমি কাজ করে যাচ্ছি। লিখে চলেছি। বলে চলেছি। গেয়ে চলেছি। প্রার্থনা করে চলেছি।
আমারও একটা স্বপ্ন আছে
মালালা ইউসুফজাই, জঙ্গি হামলায় আহত পাকিস্তানের মানবাধিকারকর্মী

মার্টিন লুথার কিং জুনিয়র আমাকেসহ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছিলেন স্বপ্ন দেখার জন্য। এই আধা শতাব্দী পরও কী ভীষণ শক্তিশালী তাঁর সেই ভাষণ, এখনো আমাদের চালিত করে শান্তি এবং সাম্যের দিকে আমাদের যে যাত্রা, সেটি অব্যাহত রাখতে। নিঃসন্দেহে তিনি ছিলেন অসাধারণ একজন মানবাধিকারকর্মী এবং নেতা। তিনি বিচ্ছিন্নতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আমেরিকাকে অনুপ্রাণিত করেছিলেন এমন একটি দেশ হয়ে ওঠার, যেটি হবে ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সবার। সততার সঙ্গে তিনি তাঁর কণ্ঠস্বর উচ্চকিত করেছিলেন স্বাধীনতার সপক্ষে। তিনি পৃথিবীটাকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, বদলে দিয়েওছিলেন অল্প কয়েকটি অবিস্মরণীয়, শক্তিশালী শব্দ দিয়ে।তাঁর সেই শব্দগুলো আমেরিকা এবং সেই প্রজন্মের সীমানা পেরিয়ে সবার কাছে পৌঁছে গেছে। সেই ভাষণ আজও ভীষণভাবে প্রযোজ্য। তাঁর ভাষণ আমার জন্যও প্রযোজ্য, যে কিনা তাঁর মৃত্যুর প্রায় ৩০ বছর পর সাত হাজার মাইল দূরের একটি দেশে জন্মেছে। আমিও তাই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি প্রতিটা শিশুর হাতে থাকবে বই ও কলম। স্বপ্ন দেখি, এই পৃথিবীর প্রতিটা নারীকে সম্মান ও সমান অধিকারের সঙ্গে দেখা হবে।
l টাইম সাময়িকী অবলম্বনে ইকবাল হোসাইন চৌধুরী ও রাজীব হাসান