স্বপ্ন নিয়ে সারাবেলা
ওই তো...ওই তো স্বপ্ন নিয়ের স্টল! পাঁচজনের দলটা হইহই করতে করতে প্রবেশ করল স্বপ্ন নিয়ের স্টলে। তাদের আগ্রাসী আগমনে খানিকটা ভীত (!) হয়েই যেন আসন ছেড়ে দাঁড়িয়ে গেল স্বপ্ন নিয়ের লেখক বাহিনী। সেদিকে তাদের ভ্রুক্ষেপ আছে বলে মনে হলো না। তারা বেশ আয়েশি ভঙ্গিতে ‘স্বপ্ন নিয়ে’র স্টল দখল করে ফেলল এবং জানান দিল, আমরা স্বপ্ন নিয়ের পাঠক। তারপর জানাল নিজেদের পরিচয়— পারসা বিনতে নাঈম, মাকসান লিনা, রিশা নাজনীন, ফাহমিনা খন্দকার ও অনন্যা কানিজ ফাতেমা। পাঁচ বন্ধু এবং সহপাঠী। পড়ছে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে, একাদশ শ্রেণীতে।‘আমরা কলেজে আসার পর জানতে পারি, আজ (১৫.১১.২০১১) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রথম আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। কিন্তু আমাদের কাছে তো এতদূর যাওয়ার মতো টাকা নেই! শেষে অন্য এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে আসতে হলো।’ বলছিল পারসা। এবার পারসার বন্ধু লিনা বলল, ‘এত কষ্ট করে কেন এলাম জিজ্ঞেস করুন?’ জিজ্ঞেস করলাম, কেন? পারসা বাহিনীর উত্তর, ‘অভিযোগ জানাতে! স্বপ্ন নিয়ে আমাদের সবচেয়ে প্রিয় পাতা, অথচ এই পাতায় আমাদের কলেজ নিয়ে কিছু লেখা হয় না কেন? স্বপ্ন নিয়ের বিভাগীয় সম্পাদক তাঁদের আশ্বস্ত করেন, তোমাদের কলেজসহ অন্য কলেজের খবরও ধারাবাহিকভাবে স্বপ্ন নিয়েতে দেওয়া হবে।পারসা বাহিনীর মতো সেদিন স্বপ্ন নিয়ের স্টলে আরও এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিয়ান ও সুহাইলী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে রুম্মান আরেফিন, সিটি কলেজ থেকে মিতু নাহার, হলিক্রস কলেজ থেকে লীনা ও প্রিমা, ইউল্যাব থেকে স্বর্ণা, ঢাকা পলিটেকনিক থেকে সৈয়দ শাহরুখ, ঢাকা কলেজ থেকে মাহাবুব, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্ছ্বাস পাল, বিএএফ শাহীন কলেজ থেকে শাহনেওয়াজসহ অনেক তরুণ শিক্ষার্থী। তাঁরা এসেছিলেন হয় পরামর্শ দিতে, নয়তো পরামর্শ নিতে।এই যেমন নিশাত শারমিন। ‘বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খবরাখবর যেন আরও বেশি বেশি ছাপানো হয়’ এমন পরামর্শ দিয়ে গেলেন স্বপ্ন নিয়েকে, আর নিয়ে গেলেন কীভাবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া যায়, সে বিষয়ে পরামর্শ। সেদিন স্বপ্ন নিয়ের স্টলে নির্দিষ্ট সময়ের জন্য পরামর্শ দিতে আমন্ত্রিত হয়েছিলেন ঢাকাস্থ আমেরিকান সেন্টারের স্টুডেন্ট কাউন্সেলর আরেফিন জাহান।কেউ কেউ অবশ্য এসেছিলেন স্রেফ প্রিয় প্রতিবেদককে একনজর সামনে থেকে দেখার আশায়। তন্দ্রা তাবসসুম সেই দলেরই একজন। হাতে মোটা এক ডায়েরি নিয়ে স্বপ্ন নিয়ের স্টলে এসে প্রিয় প্রতিবেদককে খুঁজে পেয়ে বললেন, ‘ও, আপনিই...! এত ভালো কীভাবে লেখেন, ভাইয়া!’ বলেই একটা অটোগ্রাফ নিলেন এই তরুণী।তন্দ্রার মতো নিশাত এসেছিলেন আরেক প্রতিবেদকের খোঁজে। পছন্দের প্রতিবেদককে সামনাসামনি দেখে যেন বিস্ময়ে কথা হারিয়ে ফেললেন তিনি। এক মুহূর্ত নীরব থাকার পর মিনমিন করে বললেন, ‘আপা, আপনার লেখা আমি অ-নে-ক পছন্দ করি।’ তারপর প্রিয় লেখকের সঙ্গে ছবি তুলে তবে বিদায় নিলেন।রাজধানীর এসব শিক্ষার্থীর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন জান্নাতুল ফেরদৌস, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মোস্তাফিজ, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কনক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে রফিক। স্বপ্ন নিয়ে সম্পর্কে তাঁদের মন্তব্য ছিল অনেকটা এ রকম—‘সফলদের স্বপ্নগাথা তাঁদের সাহস জোগায় আর মেধাবী মুখ দেয় অনুপ্রেরণা। তবে ঢাকার বাইরের কলেজ- বিশ্ববিদ্যালয়ের খবর আরও বেশি করে ছাপানো হলে ভালো হয়।’দিনব্যাপী স্বপ্ন নিয়ের স্টলে ছিল উৎসুক তরুণদের এমন ভিড়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন তাঁদের মূল্যবান পরামর্শ। আর বিনিময়ে স্বপ্ন নিয়ে বাহিনী তাঁদের হাতে তুলে দিয়েছেন স্বপ্নঘুড়ি।[email protected]