স্বপ্ন পূরণের পথে
ছোটবেলায় জাফর ইকবাল স্যারের বইয়ে ক্যালটেকের কথা পড়েছি। তাঁর ভাষায়, ‘সেখানে রাস্তায় হাঁটতে গেলেই নোবেলজয়ী বিজ্ঞানীর সঙ্গে ধাক্কা লাগে এমন অবস্থা।’ কই, দুই বছর তো হয়ে গেল, কারও সঙ্গে তো ধাক্কা লাগল না; হয়তো আমারই ব্যর্থতা।এই জুনে শেষ হলো ক্যালটেকে আমার দ্বিতীয় বছর। ধাক্কা না লাগাতে পারলেও গত বছর ডেভিড পোলিও জারের (২০০৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী) ক্লাস করার সৌভাগ্য হয়েছে; দুধের সাধ ঘোলে মিটল আর কী! দুই বছরের বাকি সময় কাটল কোয়ান্টাম ম্যাকানিক্স নিয়ে। ক্যালটেক সম্পর্কে বিস্তারিত বলার আগে শুরুর কথা বলি। মানুষের জীবনে যদি ‘টার্নিং পয়েন্ট’ থাকে, তাহলে আমার জীবনে সেটা হবে গণিত অলিম্পিয়াড। ২০০৭ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করাটা তত দিনে একটা ব্যক্তিগত ঐতিহ্য হয়ে গেছে। ঢাকা বিভাগীয় অলিম্পিয়াড থেকে গেলাম জাতীয় অলিম্পিয়াডে। সেখানে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সুযোগ পেলাম জাতীয় গণিত ক্যাম্পে। তারপর জাতীয় গণিত দল এবং ভিয়েতনামে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ। গণিত ক্যাম্প ও আন্তর্জাতিক অলিম্পিয়াডের পর এল ভিয়েতনামের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আরেকটি অসাধারণ অভিজ্ঞতা। এবার আসি ক্যালটেকের কথায়। নিজের বিশ্ববিদ্যালয়, তাই গর্বের সঙ্গেই বলি, মৌলিক বিজ্ঞান গবেষণায় ক্যালটেক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। ক্যালটেকে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো সেখানে ছাত্রছাত্রীদের অসাধারণ গুরুত্ব এবং স্বাধীনতা দেওয়া হয়। শিক্ষকেরা যেন আছেনই শিক্ষার্থীদের সাহায্য করার জন্য। আর পড়ালেখায় দেওয়া হয় সম্পূর্ণ স্বাধীনতা। যে যখন যা পড়তে চান, তাঁকে সেটাই পড়তে দেওয়া হয়। গণিত পড়তে পড়তে হঠাৎ মনে হলো, এবার একটু অর্থনীতি পড়ি—তাহলে তাই সই। পদার্থবিজ্ঞান পড়তে পড়তে মনে হলো, মানবদেহকে জানা দরকার—ব্যস, শুরু হলো জীববিজ্ঞান পড়া। অথবা প্রথম বর্ষ ক্যালকুলাস একঘেয়ে মনে হচ্ছে, তৃতীয় বর্ষের টপোলজি ক্লাসটা বেশ ভালো, তাহলে টপোলজি ক্লাসেই যাও, তুমি কোন বর্ষের ছাত্র; তা কেউ জিজ্ঞাসাও করবে না। আর পরীক্ষা সব দিতে হয় বাসায় বসে। প্রশ্ন ওয়েবসাইটে বা নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হয়। পরীক্ষার নিয়মাবলিসহ। এরপর যাঁর যখন যেভাবে খুশি, উত্তর লিখে শিক্ষকের অফিসে দিয়ে আসেন। কোনো প্রশ্নে শিক্ষকের দেওয়া উত্তর পছন্দ হয়নি? শুরু হোক তর্ক! তখন কে ছাত্র, কে শিক্ষক তা গুরুত্বপূর্ণ নয়, দুজনই বিজ্ঞানী।ক্যালটেকে কীভাবে গেলাম, সেই প্রক্রিয়াটা একটু বলি। ভিয়েতনামের অলিম্পিয়াড থেকে আসার পর আমাদের কোচ মাহবুব মজুমদার বললেন, কী পড়তে চাও? যখন বললাম গণিত অথবা পদার্থবিজ্ঞান, তখন তিনিই সবকিছু বলে দিলেন, কখন কী করতে হবে। বলে রাখি, আমাদের কোচ মাহবুব মজুমদার নিজেও একজন পদার্থবিজ্ঞানী। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তিনটি বিশ্ববিদ্যালয়ে (স্টানফোর্ড, এমআইটি, ক্যামব্রিজ) পড়ার অভিজ্ঞতা আছে। তাঁর সহযোগিতায় সব করলাম। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট দেখে কতগুলো বিশ্ববিদ্যালয় পছন্দ করলাম। তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করলাম। প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা (যেমন—এসএটি) দেওয়ার প্রস্তুতি নিলাম। শেষ পর্যন্ত ক্যালটেকেই সুযোগ পেলাম। তারা অনেকটা বৃত্তিও দিল। এরপর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে গেলাম যুক্তরাষ্ট্রে। সেই থেকে দুই বছর হলো। বছরে নয় মাস থাকি ক্যালটেকে, তিন মাস বাংলাদেশে। ক্যালটেকে গণিত আর পদার্থবিজ্ঞান দুটোই পড়ার চেষ্টা করছি।