স্বপ্ন পূরণের ২০ বছর
বরিশালে কলেজকেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’-এর ২০ বছর পূর্তি উত্সব হয়ে গেল ২ ও ৩ মে।শুধু পড়াশোনা নয়, পাশাপাশি বিনোদনের নির্মল পরিবেশ তৈরি করার লক্ষ্যে ২০ বছর আগে ব্রজমোহন কলেজে প্রতিষ্ঠিত হয় উত্তরণ। জাকির হোসেন, আজমল হোসেন, হেমায়েত উদ্দিন খান, আরিফ রহমান, আজমল হোসেন লাবু, রবীন দাস, রতন মুখার্জি, পার্থ সারথিসহ কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে ১৯৮৯ সালের ৭ মে আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠে এ সংগঠন। সময় পরিবর্তনের সঙ্গে আজ সেদিনের শিশু সংগঠন উত্তরণ ২০ বছরের যুবক।বজ্রমোহন কলেজের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমারের আদর্শ সত্য, প্রেম ও পবিত্রতার মূলমন্ত্র নিয়ে এগিয়ে চলেছে উত্তরণ। উত্তরণ প্রতিষ্ঠা হওয়ার আগে ব্রজমোহন কলেজে সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো না বললেই চলে। বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা গান ও আবৃত্তিচর্চা করলেও কোনো নাটক মঞ্চায়ন হয়নি। কিন্তু উত্তরণ সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার পর প্রাণচঞ্চল হয়ে ওঠে কলেজের ক্যাম্পাস। শুরু হয় সংস্কৃতিমনা মুক্তবুদ্ধি ও চিন্তার ভালো ছাত্রছাত্রীদের সম্মিলন। নব উদ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতিসত্তার আদর্শে উজ্জীবিত ছাত্রছাত্রীদের তীর্থভূমি হয়ে ওঠে উত্তরণ। গান, আবৃত্তি, নৃত্য ও নাটক মঞ্চায়নের মাধ্যমে দৃষ্টি কাড়ে কলেজ কর্তৃপক্ষের।তখনকার কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. হানিফ উত্তরণের কর্মকাণ্ড দেখে সংগঠনটির জন্য একটি কক্ষ বরাদ্দ করেন। কাজের ব্যাপ্তি ও সংগঠনকর্মী ছাত্রদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই কক্ষে কার্যক্রম চালানো সম্ভব না হওয়ায় পরে কর্তৃপক্ষ কলেজের একটি পুকুরের ওপর ভাসমান সুন্দর টিনের ঘর উত্তরণের নামে বরাদ্দ করে। আজও সেই ঘরেই চলছে উত্তরণের কার্যক্রম। ইতিমধ্যে উত্তরণের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাসের বাইরেও। বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সংগঠনটিকে সদস্য করে নেয়।উত্তরণের সাবেক সভাপতি, কলেজের সাবেক ছাত্র ২০ বছর উত্সব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন লাবু বলেন, ‘আমরা যেমন বিভিন্ন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান করি, তেমনি বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধবিরোধী সব আন্দোলনেও অংশ নিই। একইভাবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতিও গুরুত্ব দিই।’উত্তরণের ২০ বছর পূর্তিতে সম্মিলন ঘটে কয়েক শ পুরোনো সংগঠক, সংস্কৃতিকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীর।