স্বপ্ন বাঁচিয়ে রাখা একটি হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট আবুল হায়াতের মুখখানা উত্তেজনায় জ্বলজ্বল করছিল। বড় ভাসা ভাসা চোখে খুশির ঝিলিক। ব্যান্ডেজে বাঁধা ডান হাতটা তুলে ধরে সে। বলে, ‘কয়েক দিন পর থেকেই লিখতে পারব।’১১ বছর বয়েসের আবুল হায়াত পড়ে পঞ্চম শ্রেণীতে। সম্প্রতি নগরের হালি শহরের নারচার জেনারেল হাসপাতালে কথা হয় ওর সঙ্গে। জন্মগতভাবে দুহাতের সব আঙুল জোড়া লাগানো। সে কারণে হাতের মুঠোয় পেনসিল ধরে কষ্ট করে লিখতে হতো তাকে। নারচার হাসপাতালে অপারেশনের পর তার আঙুলগুলো আলাদা হয়েছে। এখন থেকে লিখতে আর কষ্ট হবে না। আবুল হায়াত জানায়, তার স্বপ্ন, বড় হয়ে এই হাসপাতালের চিকিৎসক হবে।আবুল হায়াতের মতো বহু শারীরিক প্রতিবন্ধীর জীবনের আশা ও স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নারচার হাসপাতাল। উত্তর হালিশহরের ফুল চৌধুরীপাড়ার এই হাসপাতালটি স্থানীয় লোকজনের কাছে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত।দরিদ্র পঙ্গুরোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার স্বপ্ন নিয়ে ১০ কাঠা জায়গার ওপর এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন নাসরিন বাকী। ১৯৯৪ সালে ছোট্ট একটি টিনের ঘরে এই হাসপাতালের পথচলা শুরু। গত ১৮ বছরে চারাগাছ থেকে ধীরে ধীরে যেন মহীরুহে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। ছয়তলাবিশিষ্ট ৮০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালকে ২০০৯ সালে জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হয়। এরপর থেকে সব ধরনের রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এই হাসপাতালে। চালু আছে বহির্বিভাগ ও অন্তঃবিভাগ। প্রতিদিন বহির্বিভাগে দূর-দূরান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসা নিতে। পঙ্গুরোগীদের জন্য রয়েছে ফিজিওথেরাপি নেওয়ার ব্যবস্থা। এ ছাড়া প্রতি মাসে ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পেরও আয়োজন করা হয়। হাসপাতালে শল্যচিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক দুটি অস্ত্রোপচার কক্ষ ও পঙ্গুরোগীদের জন্য একটি অর্থোপেডিক ওয়ার্ড।বান্দরবানের লামা উপজেলার উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী লাকী শর্মা গত বছর কলেজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ঘাড়ে আঘাত পান। তিনি জানান, চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না। এখন নারচার হাসপাতালে এসে অল্প খরচে উন্নত চিকিৎসা পাচ্ছে। প্রায় একই কথা বললেন ঢাকা থেকে আসা পক্ষাঘাতগ্রস্ত রোগী নাসিমা বেগম, খাগড়াছড়ির কিশোর চাকমা ও রাঙামাটির শ্যামল চাকমা।হাসপাতালের পাশেই ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের পাঠশালা নামের একটি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকতে হচ্ছে—এমন রোগীদের ছেলেমেয়ে ও বস্তির শিশুদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ে ১৩০ জন শিক্ষার্থী আছে। বই, খাতা, কলম থেকে শুরু করে জলখাবার সবই দেওয়া হয় বিনা মূল্যে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ্যামল চাকমা এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। গত শনিবার দুপুরে নারচার হাসপাতালে কথা হয় হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও পরিচালক নাসরিন বাকীর সঙ্গে। তিনি বলেন, ‘হাসপাতাল পরিচালনা করতে গিয়ে বহুবার অর্থসংকটে পড়েছি। রোগীদের চিকিৎসার খরচ চালানোর জন্য বহু প্রতিষ্ঠানের কাছে হাতও পাততে হয়েছে। মাঝেমধ্যে হতাশ হওয়ার মতো ঘটনাও ঘটে। তবু ভুলে যাই। কারণ, সমাজে এখনো অনেক মানুষ আছেন, যাঁরা অন্যের জন্য কিছু একটা করতে চান। তাঁদের দেখে আবার অনুপ্রাণিত হই। ভুলে যাই সব দুঃখ বেদনা।’হাসপাতালে কর্মরত আছেন ছয়জন চিকিৎসক। কথা হয় জ্যেষ্ঠ চিকিৎসক শহীদ-উল-ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘শারীরিক প্রতিবন্ধীদের সুস্থ করে তোলাই আমাদের লক্ষ্য। বহু সীমাবদ্ধতা নিয়ে আমরা কাজ করি। তবু কোনো রোগীকে সুস্থ করে তোলার চাইতে বড় আনন্দের আর কী হতে পারে! এই আনন্দই আমাদের কাজের অনুপ্রেরণা।’