স্বপ্ন বাস্তবায়নের ছয় কান্ডারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে দেশের মানুষ সবচেয়ে অতিষ্ঠ কোন সমস্যায়? নিমিষেই উত্তর পেয়ে যাবেন—বিদ্যুৎ। লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমাদের জীবন। সঙ্গে মশার উপদ্রব তো রয়েছেই। গরমের মধ্যে মশার উপস্থিতি আরও বিরক্তির কারণ ঘটায়। এসব সমস্যার সমাধানে নানা উপায় বের করেছেন দুটি দলের ছয় তরুণ। মানুষের কাছে এসব সেবা পৌঁছানোর পথ দেখিয়েছেন তাঁরা। একটি দল পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন, এর ব্যবহারিক উপযোগিতা ও ব্যবসায়িক সম্ভাবনা, আরেকটি দল পরিবেশবান্ধব মশানাশক তৈরি, বাণিজ্যিক সম্ভাবনা ও ব্যবহারের উপযোগিতা তুলে ধরে। ৫ মে এইচএসবিসি তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০০৯-১০-এর বাংলাদেশ পর্বে দুটি দল নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রমাণ করতে পেরেছে। বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখানো দলটি রৌপ্যপদক এবং মশানাশক তৈরির সম্ভাবনা দেখানো দলটি পেয়েছে ব্রোঞ্জপদক। তাঁদের স্বপ্ন ও সম্ভাবনার কথা থাকছে এবারের পর্বে।বিদ্যুৎ-ঘাটতি কমাতেপরিচয়টা তাঁদের আগে থেকে। দুজন সহপাঠী, অপরজন একই বিভাগের বড় ভাই। এইচএসবিসি তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০০৯-১০-এর বাংলাদেশ পর্বে রৌপ্যপদক বিজয়ী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফারহানা বারী ও উমার আবদুল্লাহ ভাস্করের কথা বলছি। শুরুর গল্পটা বলেন দলনেতা সাজ্জাদ। ‘গত বছর প্রথম আলোতেই প্রথম খবরটি পড়ি। পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল আলম। মনে বেশ নাড়া দেয় বিষয়টি। দেখা করি স্যারের সঙ্গে। তিনি জানান বিষয়টি সম্পর্কে। আমি নিজেও বাসার ছাদে বাগান করি। পরে পাথরকুচি থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল শিখি স্যারের কাছে। নিজে বাসায় এসে প্রয়োগ করি। আমরা বৈদ্যুতিক বাতিও জ্বালিয়েছিলাম। পরে স্যারের অনুমতি নিয়ে এ প্রতিযোগিতার জন্য এটি আইডিয়া হিসেবে জমা দিই। স্যার বলেছিলেন, এটি যেন মানুষের কাজে লাগে। তাই এর ব্যবসায়িক সম্ভাবনাগুলো আমরা খুেঁজ বের করি। যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়।’ফারহানা জানান, ‘জানুয়ারি থেকে এ প্রকল্পের কাজ শুরু করি। কামরুল আলম স্যারের সহযোগিতা না পেলে কাজটি করা সম্ভব হতো না। আমরা চেয়েছিলাম এমন কিছু, যা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। অবশেষে আমরা সেই উদ্যোগ গ্রহণ করতে পেরেছি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ফারহানা ও ভাস্কর। একই বিভাগের এমবিএর শিক্ষার্থী সাজ্জাদ। ‘আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের সদস্য। সাজ্জাদ ভাই সাধারণ সম্পাদক, ফারহানা জনসংযোগ সম্পাদক আর আমি সহসভাপতি। সে কারণে শুরু থেকেই আমাদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল। আমাদের বিভাগের স্যার, বন্ধু আর প্রত্যেকের পরিবারের অনুপ্রেরণা তো ছিলই।’ বলেন ভাস্কর। ‘এই প্রকল্পটি বাস্তবায়ন করা এখন মূল লক্ষ্য। তবে অবশ্যই পড়াশোনা শেষ করে। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় সহকারী গবেষক হিসেবে কাজ করছি। নিজের মতো করে কিছু করতে চাই। চাকরিতে ঢোকার ইচ্ছা তেমন নেই।’ ভাস্করেরও তেমনটি ইচ্ছা। তিনি বলেন, ‘ব্যবসায় কোনো বাঁধাধরা নিয়ম থাকে না। নিজের উদ্যমকে কাজে লাগানো যায়। আত্মতৃপ্তি থাকে। গ্রাফিকস, প্রোগ্রামিংয়ের কাজ করতে ভালো লাগে। ভবিষ্যতে একটা বিজ্ঞাপনী সংস্থা দেওয়ার ইচ্ছা আছে।’ সাজ্জাদও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন এ প্রকল্পে। তিনি জানান, ‘নানা জায়গায় কাজ করলে আত্মবিশ্বাস বাড়ে। নিজের সামর্থ্য সম্পর্কে জানা যায়। আর এসব প্রতিযোগিতায় অংশ নিলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া যায়। এ জন্য প্রথমে চাকরিতে ঢুকব। অভিজ্ঞতা সঞ্চয় করে এই উদ্যোগী মনোভাবকে কাজে লাগাব।’এঁদের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন: www.greensparkltd.com মশা মারতে কামান দাগা!‘দুই বছর ধরে আমরা চেষ্টা করছি। এবারের ভাবনা-চিন্তা শুরু হয় ছয় মাস আগে। কিন্তু কী করব ভেবে পাচ্ছিলাম না। অনেক আইডিয়া বের হয়। মনের মতো হয় না। একদিন রাতের কথা। বাঁধন, ওয়ালিদ দুজনই আমার বাসায়। মশার কামড় খাচ্ছি আর আইডিয়া ভাবছি। কানের কাছে মশার গুঞ্জনও বিরক্ত লাগছিল। হঠাৎ মনে হলো, আরে, মশা নিয়ে তো কাজ করা যায়। কিন্তু কীভাবে। শুরু হয়ে গেল ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি। জানতে পারলাম, নিমের মাধ্যমেই মশা নাশ করা সম্ভব। নানা তথ্য-উপাত্ত পেয়ে গেলাম। শুরু হলো কাজ।’ বলেন দলনেতা সায়মুম হোসেন। এইচএসবিসি তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০০৯-১০-এর বাংলাদেশ পর্বে সায়মুম হোসেন, বাঁধন মজুমদার ও ওয়ালিদ আল যুবায়েরের দলটি ব্রোঞ্জপদক লাভ করে। এই তিন বন্ধুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ‘বাজারের সাধারণ মশানাশক কীটনাশকগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। নিমের দুটি যৌগের একটি হলো অ্যাজোডিরেকটিন। এটি মশার শরীরে স্প্রে করলে ধীরে ধীরে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে যাবে। একসময় তার প্রজননক্ষমতা নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটি মানুষের শরীরে কোনো ক্ষতি করবে না।’ বলেন সায়মুম। ‘আর্থিক দিকটাও তো ভাবতে হবে। বাজারের অন্যান্য মশানাশক থেকে এটি অনেক সাশ্রয়ী। ১২০ মিলির দাম পড়বে ৩৬ টাকা, যা সাধারণ কয়েলের প্যাকেটের দামের থেকেও কম। ব্যবহার করা যাবে সাত দিন।’ জানান ওয়ালিদ।এঁদের কাছ থেকেই জানা যায়, সরকারি হিসাবমতে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ নিমের চারা লাগানো আছে। নিম চিরহরিৎ বৃক্ষ। সে কারণে বছরজুড়েই এর জোগান দেওয়া সম্ভব। শুধু ঢাকা সিটি করপোরেশনের মশা মারতে খরচ হয় প্রায় আড়াই কোটি টাকা। এটি শতকরা ৫৭ ভাগ সাশ্রয়ী হবে। তবে শুধু পরিকল্পনা করেই তাঁরা বসে নেই। বাঁধন জানান, ‘কুমিল্লায় আমরা কারখানা করার জন্য জায়গাও দেখে এসেছি। নিমের চারা লাগানোর জন্য কৃষকদের সঙ্গে কথাবার্তাও হয়েছে। এই পুরো প্রকল্পটি সম্পন্ন হতে লাগবে প্রায় চার কোটি টাকা। আমরা পৃষ্ঠপোষক পেলেই কাজে নেমে পড়ব।’তিনজনই নিজেকে উদ্যোক্তা পরিচয় দিতে ভালোবাসেন। পারিবারিকভাবেই ওয়ালিদের মধ্যে ব্যবসাটা ঢুকে গেছে। ‘চাকরি করব না। নিজের সৃজনশীলতাকে ব্যবসার মাধ্যমে কাজে লাগাতে চাই।’ জানান ওয়ালিদ। এমন ইচ্ছা বাঁধনেরও। এখনই ওঁরা ব্যবসার সঙ্গে যুক্ত। তবে সায়মুম ব্যবসার পাশাপাশি রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখেন। তাঁর মতে, ‘দেশের গুণগত পরিবর্তন আনতে কাজ করতে চাই। দেশের দায়িত্বই তো বড় দায়িত্ব। দেশের মানুষের জন্যই তো এত কিছু করা।’