স্বপ্ন-মৃত্যু-ভালোবাসা
পৃথিবীতে সবচেয়ে বড় সত্য কোনটি? এই প্রশ্নের উত্তর যে খুব সহজ নয়, তা হয়তো অনেকেই মানবেন। তার পরও আমরা এই সত্যের অনুসন্ধান করি। মাঝেমধ্যে এমন কিছু ঘটনা আমাদের চোখে পড়ে, যা ওই কঠিনতম প্রশ্নের যথোপযুক্ত উত্তর হিসেবে দাঁড় করানো যায়। শাশ্বতী নাগের বয়স ছিল ৫৫। ছিল বলছি এ জন্য, ওই ৫৫তেই সীমাবদ্ধ রইল তাঁর জীবন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থী ছিলেন তিনি। প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে। ১৮ জানুয়ারি ভোট গ্রহণের দিন সকাল ১০টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় তাঁর। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, হূদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। খবরটি ছাপা হয়েছিল ১৯ জানুয়ারির প্রথম আলোর সাত নম্বর পৃষ্ঠায়। আর এই খবরটিই আমাদের দাঁড় করিয়ে দেয় একটি সত্যের সামনে, সত্যের নাম ‘মৃত্যু’। কেমন ছিলেন শাশ্বতী নাগ? উত্তর মেলে তাঁর পুত্রবধূর বিলাপে, ‘মা, তুমি তো সব সময় মানুষের প্রয়োজনে রক্ত দিয়েছ, কত মানুষের প্রাণ বাঁচিয়েছ, তোমার জন্য কারও কাছে কিছু চাওয়ার সুযোগ দিলে না!’ কারও কাছে কিছু চাওয়ার সুযোগ না দিলেও মানুষ কিন্তু ঠিকই ভালোবাসায় সিক্ত করেছেন শাশ্বতী নাগকে। তার প্রমাণ পাওয়া যায় ভোটের ফলাফলে। দ্বিতীয় হয়েছেন সদা হাস্যোজ্জ্বল শাশ্বতী! ভোটাররা হয়তো ভোট গ্রহণের সময় জানতে পেরেছিলেন, তাঁদের প্রার্থী শাশ্বতী আর বেঁচে নেই। তার পরও তাঁরা তাঁকে ভোট দিয়েছেন! কিন্তু কেন? মানবিক রসায়নের আরেকটি জটিল সমীকরণ! মুত্যু যেমন সত্য, এই ভালোবাসাটাও আরেক সত্য।— মাহফুজ রহমান