আজ থেকে ২৫ বছর আগে ১৯৮৪ সালের ২৯ আগস্ট নটর ডেম কলেজে অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া প্রতিষ্ঠা করেন নটর ডেম নেচার স্টাডি ক্লাব। তাঁর স্বপ্ন ছিল দেশের আপামর জনসাধারণকে প্রকৃতি সংরক্ষণের ব্যাপারে সচেতন করে তুলতে হবে। তাই তো প্রকৃতিপ্রেমিক এ অধ্যাপক বেছে নিয়েছিলেন নটর ডেম কলেজের তরুণ ছাত্রদের। তিনি জানতেন, ছাত্রদের মধ্যে প্রকৃতি সংরক্ষণের চেতনা ছড়িয়ে দিলে একদিন তাদের মাধ্যমেই দেশের সাধারণ জনগণ প্রকৃতি সংরক্ষক হয়ে উঠবে। তখন মাত্র ২০ জন উত্সাহী ছাত্র নিয়ে নটর ডেম নেচার স্টাডি ক্লাবের যাত্রা শুরু হলো। এ ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক তত্ত্ব ও তথ্য সংগ্রহ ও প্রচার; ছাত্রদের প্রকৃতিপ্রেমিক ও প্রকৃতি সংরক্ষক হিসেবে গড়ে তোলা এবং দেশের আপামর জনসাধারণের মধ্যে প্রকৃতি সংরক্ষণের চেতনা ছড়িয়ে দেওয়া। এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এ ক্লাবটি জন্মলগ্ন থেকেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যেমন, দৈনিক প্রকৃতিবিষয়ক সংবাদ সংগ্রহ, পাক্ষিক বিভিন্ন স্থানে প্রকৃতি পর্যবেক্ষণ ট্যুরের আয়োজন, মাসিক দেয়ালিকা পরিবেশ ও Nature প্রকাশ এবং বার্ষিক ক্লাবের বার্ষিক প্রকাশনা নিসর্গ প্রকাশ। ক্লাবের সদস্যরা যাতে ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম হয়ে উঠতে পারে সে জন্য এ ক্লাবে প্রায়ই বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। যেমন—১. গ্রাউন্ড ট্রেনিং প্রোগ্রাম, ২. ফটোগ্রাফি ট্রেনিং প্রোগ্রাম, ৩. অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, ৪. নিউজলেটার পাবলিকেশন ট্রেনিং প্রোগ্রাম, ৫. কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম, ৬. নেচার জার্নালিজম ট্রেনিং প্রোগ্রাম, ৭. ক্লাব ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, ৮. সায়েন্টিফিক রিসার্চ প্রিপেয়ার্ডনেস ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি।ক্লাবের নতুন সদস্যরা এসব প্রশিক্ষণ নিয়ে নিজেদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলতে পারেন। ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া এবং এখানে প্রশিক্ষণপ্রাপ্ত আজীবন সদস্যরা এসব প্রশিক্ষণ দিয়ে থাকেন। এ ক্লাবের সদস্যদের প্রায়ই বিভিন্ন পার্ক, ন্যাশনাল পার্ক কিংবা বন-জঙ্গলে নিয়ে গিয়ে প্রকৃতি সংরক্ষণের তালিম দেওয়া হয়। প্রকৃতির ঘনিষ্ঠ সান্নিধ্যে এসে তাঁরা চিনতে শেখেন নানা প্রজাতির গাছপালা, প্রজাপতি, পাখি আর সেখানে বসবাসকারী নানা জীবজন্তু। প্রকৃতির উদ্ভিদ আর প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, বিভিন্ন ধরনের বাস্তুসংস্থান আর প্রাকৃতিকভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখার ব্যাপারে জ্ঞানলাভ করেন তাঁরা। অধ্যাপক ভূঁইয়া প্রকৃতি সংরক্ষণের স্বপ্ন বুকে নিয়ে একদিন নটর ডেম কলেজে যে ক্লাবের যাত্রা শুরু করেছিলেন, তার চেতনা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে গেছে। তাই তো ঢাকা কলেজ, ইডেন গার্লস কলেজ, সরকারি বাঙলা কলেজ, হবীবুল্লাহ বাহার কলেজ, টিঅ্যান্ডটি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সিটি কলেজেও নেচার স্টাডি ক্লাব খোলা হয়েছে। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রকৃতি সংরক্ষণের চেতনার স্বপ্নকে বাস্তবায়িত করতে নটর ডেম নেচার স্টাডি ক্লাবের প্রাক্তন ও আজীবন সদস্যরা গঠন করেছেন নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ নামের একটি সংগঠন। বন্ধুরা, এতক্ষণ তোমরা যে ক্লাবের কথা শুনলে, ইচ্ছে করলে তোমরাও নিজেদের এলাকায় এ ধরনের ক্লাব গঠন করতে পারো। এ জন্য তোমাদের যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা কিংবা পরামর্শ প্রদানের আশ্বাস রইল। বিস্তারিত তথ্যের জন্য—নটর ডেম নেচার স্টাডি ক্লাব ও নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ, মোবাইল: ০১৭১১৮৯০১১৩ কিংবা ০১৫৫৬৪৮০৬০২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।