স্বপ্ন যখন সত্যি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা দুটো সাইকেলের প্যাডেলে আর হাত দুটো পাখির ডানার মতো দুই দিকে প্রসারিত; কিন্তু সাইকেল চলছে দিব্যি! ছোটবেলায় এমন ধারার সাইকেল চালানোর সাধনা করতেন সুজিত সূত্রধর আর মনে মনে ভাবতেন, ‘ইশ্, যদি পাখির মতো উড়তে পারতাম!’ তখন আকাশে ওড়ার এই স্বপ্নকে আকাশকুসুম কল্পনা মনে হলেও এখন তা বাস্তব হতে চলেছে। সুজিতের কণ্ঠে তাই বিস্ময়, ‘আমি খুবই অভিভূত! পাখি না হয়েও এখন থেকে আমি আকাশে উড়তে পারব।’সুজিতের এমন অনুভূতির সঙ্গী আরও ১৩ তরুণ প্রকৌশলী। তাঁরা হলেন: এনামুল হক, অনিক মাহমুদ, শরিফুল হক, মাসুদ বিন মামুন, আবু মাহদি আরফিন, আহাদুল আমিন, কাজী মুসফিকুর রহমান, মাকসুদুর রহমান, নাজমুস সাকিব, ওমর ফারুক, আবু সুফিয়ান, সাদ মাহমুদ ও আকতারুল আলম।কী এমন সোনার কাঠির ছোঁয়া পেয়েছেন এই ১৪ তরুণ, যার জন্য সম্ভব হলো আকাশে ওড়ার স্বপ্ন?‘আমরা সবাই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। পড়ছি কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে (ক্যাটেক)। এখানে যারা ভালো ফল করেছি, তারা সুযোগ পাচ্ছি শিক্ষাবৃত্তি নিয়ে আয়ারল্যান্ডের শ্যানন অ্যারোস্পেসে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার।’ বলেন এনামুল হক। এনামুলের কথার সূত্র ধরে এই বৃত্তির বিষয়ে বিস্তারিত জানালেন নাজমুস সাকিব, ‘শ্যানন অ্যারোস্পেসের তত্ত্বাবধানে তিন মাস ধরে ১৩টি মডিউল পরীক্ষা দিতে হয়েছে আমাদের। আর এসব পরীক্ষায় ভালো করার কারণেই আমরা এই শিক্ষাবৃত্তি পেয়েছি।’সাকিব যখন শোনাচ্ছিলেন এসব কাঠখড় পোড়ানোর কথা, তখন কোন ফাঁকে আবু সুফিয়ান ফিরে গেছেন অতীতে, ‘আমার স্বপ্নই ছিল প্রকৌশলী হওয়ার। সেই স্বপ্ন পূরণ করতেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া। আমার সেই স্বপ্ন তো পূরণ হয়েছেই, উপরি পাওনা হিসেবে যোগ হলো এ রকম একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ।’ সুফিয়ানের এই প্রাপ্তির সঙ্গে গলা মেলালেন শরিফুল হক, ‘সত্যিই এটা আমাদের জন্য এক দুর্লভ সুযোগ। এই প্রশিক্ষণের কারণে আমরা বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় এয়ারলাইনস কোম্পানিতে চাকরি করার সুযোগ পাব।’ যুক্ত করলেন অনিক মাহমুদ, ‘এরপর কেবলই দেশে দেশে ঘুরে বেড়ানো আর কেবল কাজ আর কাজ...।’বোঝাই যাচ্ছে, এই তরুণ প্রকৌশলীদের চোখে এখন শুধুই প্রতিষ্ঠিত জীবনের হাতছানি। সেই হাতছানিতে সাড়া দিয়ে তাঁরা আয়ারল্যান্ডের পথে উড়াল দিয়েছেন ৬ অক্টোবর। চলছে পুরোদমে প্রশিক্ষণ। কেমন লাগছে অপরিচিত আঙিনায় জীবনযাপন? ই-মেইল বার্তায় অনিক মাহমুদের উত্তর, ‘সবাই একসঙ্গে থাকছি বলে একধরনের অদ্ভুত ভালো লাগা কাজ করছে। সত্যি বলতে কি, এত উঁচুমানের প্রশিক্ষণ আমার ধারণার বাইরে ছিল। তাঁরা খুবই পেশাদার। এ প্রশিক্ষণ আমাদের ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করবে বলে মনে করি।’এখন শুধুই দিন গণনার পালা। সামনে মাত্র দেড়টা বছর। তার পরই শেষ হবে এই প্রশিক্ষণ। তারপর সত্যিকারের স্বপ্ন পূরণ।এ-বিষয়ক শিক্ষা ও শিক্ষাবৃত্তি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে ০২৮৯৯১৩৭১ ফোন নম্বরে অথবা ক্যাটেকের catechedu.com ওয়েবসাইটে।