স্বপ্ন যাঁদের আকাশে ওড়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে ওড়ার স্বপ্ন কমবেশি অনেকেই দেখেন। এ জন্য বৈমানিক হতে চান তাঁরা।তবে খুব কমসংখ্যক মানুষই পান আকাশেওড়ার সুযোগ।গৎবাঁধা চেয়ার-টেবিলের কাজ যাঁদের টানে না, কাজের জায়গাতেও যাঁরা নিজেকে মুক্ত বিহঙ্গের মতো মেলে ধরতে চান, তাঁদের জন্য রয়েছে আকাশে ওড়ার সুযোগ। মনে প্রশ্ন জাগতে পারে, আকাশে আবার চাকরি হয় নাকি?হ্যাঁ, এই আকাশের চাকরি হলো বৈমানিক বা পাইলট হয়ে ওঠা, তবে বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিক হওয়া আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) লাইসেন্সপ্রাপ্ত পাইলট হওয়া কিন্তু এক কথা নয়। এমনটাই জানালেন ফ্লাইট ইনস্ট্রাকটর ফারজানা হক। যাত্রী বা পণ্যবাহী বাণিজ্যিক বিমানের বৈমানিক হতে হলে সিভিল এভিয়েশনের লাইসেন্স পেতে হয়। পাইলট হওয়ার হাতেখড়িনিজেকে পরিপূর্ণ পাইলট হিসেবে গড়ে তুলতে প্রয়োজন বাংলাদেশ সিভিল এভিয়েশনের সনদ।আর সিভিল এভিয়েশনের সনদ পাওয়া খুব সহজ নয়।নিজেকে তৈরি করতে হবে কয়েকটি ধাপে। আর তৈরির এই পথদ্রষ্টা হলো ‘বাংলাদেশ ফ্লাইং একাডেমি জেনারেল এভিয়েশন লিমিটেড’। প্রতিষ্ঠানটি ফ্লাইং ক্লাব নামে সবার কাছে পরিচিত। ফ্লাইং ক্লাবের সদস্য হওয়াফ্লাইং ক্লাবের সদস্য হতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন হওয়া চাই। সঙ্গে পদার্থবিজ্ঞান ও গণিতে থাকা চাই ৫০ শতাংশ নম্বর। এরপর রয়েছে মৌখিক পরীক্ষার বৈতরণী। ফ্লাইং ক্লাব কমিটির গঠিত বোর্ডের মৌখিক পরীক্ষায়উত্তীর্ণ হলেও কিন্তু হাঁপ ছেড়ে বাঁচা যাবে না। কেননা, ভবিষ্যতের বিমানচালক শারীরিকভাবে কতটা ফিট, তা যাচাই করে নেওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা দরকারি। অর্থাৎ কেন্দ্রীয় চিকিৎসা বোর্ড প্রার্থীর হূৎযন্ত্র, রক্তের চাপ, চোখ ও ফুসফুসের একটা পরীক্ষা করে থাকে। সার্বিকভাবে সুস্থ হলেই প্রার্থী ক্লাবের সদস্য হিসেবে নির্বাচিত হবেন। পিপিএল আর সিপিএল ফ্লাইং ক্লাব দুটি ধাপে শিক্ষানবিশদের শিক্ষা দিয়ে থাকে। প্রথম ধাপ হলো পিপিএল। যাকে বলা হয় প্রাইভেট পাইলট লাইসেন্স। এসএসসি অথবা সমমানের ‘ও’ লেভেল সম্পন্ন করে পিপিএল কোর্স করা যাবে, তবে প্রার্থীর বয়স ন্যূনতম ১৭ বছর হতে হবে। পিপিএলে ৫০ ঘণ্টা (ফ্লাইং আওয়ার) বিমান নিয়ে আকাশে ওড়া বাধ্যতামূলক, সঙ্গে নয় মাস শ্রেণীকক্ষে ক্লাসও করতে হবে। এতে মোট সময় লাগে এক বছর। এ সময় বিমান চালনা-সংশ্লিষ্ট (ফ্লাইট) ১০টি বিষয়ে মৌলিক ধারণা দেওয়া হয়। পিপিএল শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে যোগ্যতা প্রমাণস্বরূপ পরীক্ষা দিতে হয়। শেষ হলো তো পিপিএল। এরপর সিপিএলের পাঠ। সিপিএলকে বলা হয় কমার্শিয়াল পাইলট লাইসেন্স। ১০০ ঘণ্টার বিমান চালনা আর আগের ১০টি বিষয় বিস্তৃতভাবে পড়ানো হয় এ কোর্সে। সময় লাগে দেড় বছর। এবারও বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির মাধ্যমে পরীক্ষার বৈতরণী পার হতে হয়। প্রার্থীকে ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। পিপিএল ও সিপিএল শেষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেয় পাইলট হওয়ার সনদ। খরচপাতি ‘যেহেতু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে চলেছে খুব, তাই পাইলট হওয়ার খরচও বেড়েছে দিনে দিনে।’ বলছিলেন ক্লাবের সভাপতি ক্যাপ্টেন শাহবুদ্দিন। পিপিএল ও সিপিএল করতে মোট খরচ পড়বে ১৮ থেকে ২০ লাখ টাকা।পাইলট হওয়ার পর... হ্যাঁ, বাংলাদেশ বেসামরিক কর্তৃপক্ষের সনদ তো পেয়েই গেলেন, এর পরও কিন্তু বাকি থেকে যায়। অর্থাৎ বিভিন্ন বিমান পরিবহন সংস্থায় (এয়ারলাইনস) আবেদন করা। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও বেসরকারি এয়ারলাইনসগুলোর চাহিদা অনুযায়ী আবেদন করতে পারেন। এ তো গেল দেশের ভেতরের অবস্থা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওয়া সনদ দিয়ে দেশের বাইরেও আবেদন করার সুযোগ রয়েছে। কেননা, এই সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এমনটাই জানালেন ফারজানা হক। পাইলট পেশা হিসেবে খুবই চমৎকার। অনেক মানুষেরও স্বপ্ন থাকে রোমাঞ্চকর এ পেশায় আসার। কিন্তু ব্যয়বহুল শিক্ষার কারণে খুব কম মানুষই হতে পারে পাইলট। তার পরও একজন পাইলটের বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন ক্যাপ্টেন শাহবুদ্দিন। বাংলাদেশে পাইলট হওয়ার একমাত্র পাঠশালা বাংলাদেশ ফ্লাইং একাডেমি জেনারেল এভিয়েশন লিমিটেড। ফ্লাইং ক্লাব সূত্রে জানা যায়, শিক্ষাটা ব্যয়বহুল হওয়ার কারণে প্রতিবছর পাইলট হয়ে বের হওয়ার সংখ্যাটা এখনো বেশ কম, তবে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়ছে। যাঁরা পাইলট হওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের যোগাযোগ করতে হবে এ ক্লাবেই। যোগাযোগের ঠিকানাবাংলাদেশ ফ্লাইং একাডেমি জেনারেল এভিয়েশন লিমিটেড, কুর্মিটোলা, ঢাকা-১২২০