স্বপ্ন শপথ
প্রাথমিকভাবে শপথের পরিকল্পনা করার পর আমাদের পরিবারের চারজনকে প্রথমে বলা হলো তাদের মতামত দেওয়ার জন্য। তারপর পরিবারের নয়জন মিলে সভায় বসে শপথ চূড়ান্ত করা হলো, কম্পিউটারে সেটা টাইপ করা হলো। শপথের কপি বিতরণ করা হলো। প্রায় প্রতিটি শপথ সফল করার সঙ্গেই জড়িত ছিল আর্থিক বিষয়-আশয়। অর্থ সংগ্রহ ও সঞ্চয়ের জন্য আমরা প্রাইম ব্যাংক মালিবাগ শাখায় আমার নামে একটি অ্যাকাউন্ট করলাম। শর্ত হলো, প্রতি মাসে সেই ব্যাংক অ্যাকাউন্টে সবার উদ্যোগে টাকা জমা করা হবে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো ১৮ হাজার টাকা। গত বছরের জুলাই মাসে আমাদের শপথের প্রাথমিক কয়েকটি কাজ শুরু হয়। আগ্রহী যে কেউ বিষয়টি আমাদের বাসায় এসে উপলব্ধি করতে পারবেন। সমৃদ্ধ পাঠাগার এবং একটি পাঠশালা তৈরির উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের বইয়ের সংখ্যা এখন তিন হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে ‘অবশ্যই পড়তে হবে’ এমন বইয়ের তালিকা এবং দেশের কয়েকজন গুণী ব্যক্তির পরামর্শ নিয়ে আমরা আমাদের পাঠশালা সমৃদ্ধ করে যাচ্ছি। আমাদের বিশ্বাস, পাঠশালাটি দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে। আমাদের দ্বিতীয় শপথ ছিল কর্মসংস্থান সৃষ্টি। ভয় ছিল, কীভাবে আমরা সফল হব। যা-ই মাথায় আসে, সবই বাতিল হয়ে যায়। কারণ, সামর্থ্য ও অর্থের মধ্যে দূরত্ব। স্বপ্ন আছে, শপথ করেছি, কিন্তু সামর্থ্য ও অর্থের ব্যবস্থা হচ্ছে না। ছোট ভাইকে নিয়ে বসলাম কী করা যায় তা নির্ধারণ করতে। এরপর সিদ্ধান্ত হলো সামাজিক বনায়ন করব এবং সেখানে কিছু লোকের কর্মসংস্থান হবে। সমস্যা হলো জায়গা নিয়ে। সিদ্ধান্ত হলো গ্রামে বাবার জমিতে বনায়ন করার। কিন্তু বাবাকে বনায়নের ব্যাপারটা বোঝানো এবং রাজি করাতে একটু সময় লাগল। সামাজিক বনায়নের জন্য বাজেট করলাম। সামাজিক বনায়ন বিষয়ে প্রাথমিক জ্ঞান নেওয়ার জন্য বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলো এবং বেশ কিছু পরামর্শও পাওয়া গেল। এ ছাড়া অধ্যাপক সদরুল আমিনের লেখা বই পরিবেশ বিজ্ঞান ও কৃষি বনায়নসহ অন্যান্য বই থেকে প্রাথমিক জ্ঞান নেওয়া হলো। অফিস থেকে তিন দিনের ছুটি নিয়ে বনায়ন কার্যক্রম সম্পন্ন করা হলো। বনায়ন তদারকির জন্য মাসিক বেতনভুক্ত দুজন কর্মচারী নিয়োগ করা হলো। কর্মসংস্থান হলো দুজন লোকের। স্বপ্ন থেকে শপথ এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আবার একটি উদ্যোগের সূচনা শুরু হলো। আমাদের শপথ হলো—২০১০-২০১৫, ২০১৫-২০২০, ২০২০-২০২৫ ও ২০৩০ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ (শপথ) সম্পন্ন করা। ২০০৯ সালের প্রাথমিক শপথের কাজগুলো বেশ সফলভাবে শুরু হয়েছে এবং নিয়মিত কার্যক্রম চলছে। উল্লিখিত পাঠশালা ও সামাজিক বনায়ন প্রকল্পে আমাদের সফলতা আছে। কিন্তু একটি কাজে আমরা এখনো ব্যর্থ । ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য আমরা একটি ওপেন ইংলিশ লার্নিং সেন্টার চালু করেছিলাম। সব বয়সী মানুষ এসে বই পড়ে, কম্পিউটারে ‘লিসেনিং’ করে, ইংরেজি পত্রপত্রিকা পড়ে; যাতে ইংরেজি শেখায় সমৃদ্ধ হতে পারে। এ ছাড়া আমরা ‘মুভি অ্যান্ড ডকুমেন্টারি সেন্টার’ শুরু করেছিল। কিন্তু আমরা ইংরেজি শেখায় আগ্রহী এবং তথ্যচিত্র দেখার আগ্রহী পাঠক-দর্শক মোটেও পাচ্ছি না। এ ক্ষেত্রে আমরা এখনো ব্যর্থ।২০০৯ সালের শপথ বাস্তবায়নের সাফল্য ও ব্যর্থতা আমাদের অভিজ্ঞতা বাড়িয়ে দিয়েছে। ২০০৯ সালের শপথ বাস্তবায়ন এবং ২০১০-২০১৫, ২০১৫-২০২০, ২০২০-২০২৫ ও ২০৩০ সালের শপথগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা স্রষ্টার কাছে সাহস, ধৈর্য ও সততার প্রার্থনা করছি। আগামী প্রজন্ম আমাদের শপথের সব প্রকল্প এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশায়।মো. মাসুম চৌধুরীসিদ্ধেশ্বরী সার্কুলার রোডঢাকা।