স্বপ্ন সফলহলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। প্রথম দুই বছর ১০ নম্বরের ব্যবধানে দ্বিতীয় ছিলেন। তৃতীয় বর্ষে প্রথম স্থান অধিকারে নিলেন। চূড়ান্ত বর্ষে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন। ‘নাহ্, আর ভালো লাগে না। নিজেকে বড্ড বেশি দোষী দোষী মনে হয়।’ কী এক অপরাধবোধের সাগরে যেন ডুবতে বসেছেন এক যুবক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়েন ফলিত পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিভাগে, মাস্টার্সে। থাকেন সৈয়দ আমির আলী হলে। হলে-ক্যাম্পাসে তাঁর অনেক বন্ধু। চার বছরেরও বেশি ঘোরাফেরা, একই চত্বরে তো। সহপাঠীদের সঙ্গে সখ্য বেশ ভালো। বোঝাপড়া ভালো শিক্ষকদের সঙ্গেও। খেলাধুলা করেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। সবার সঙ্গে হাসিখুশি থাকেন। কিন্তু দেখে বোঝার উপায় নেই, তাঁর বুকের কোঠরে একটা নিঃশব্দ গোপন ব্যথা আছে। তবে ব্যথাটা এবার কিছুটা কমেছে। কেননা, তিনি স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন। তাঁর নাম ইয়ারুল ইসলাম।কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়িয়ায় ইয়ারুলের মা-বাবা থাকেন। বাবা আবদুল মান্নান কৃষিকাজ করেন। মা রাজিয়া বেগম গৃহিণী। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট ইয়ারুল। ছোট থেকেই লেখাপড়ায় অদম্য মেধাবী। স্কুল-কলেজে সব শ্রেণীতেই প্রথম হয়েছেন। পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন।ইয়ারুল বলেন, ‘আমি এসএসসিতে জিপিএ-৪.৫০ পেয়েছিলাম। এইচএসসি তে আরও কম, জিপিএ-৪.২৫।’ কিন্তু দমে যাননি ইয়ারুল। ‘আত্মবিশ্বাস ছিল যে ভালো করব,’ বলেই হয়তো ভর্তি হওয়ার সুযোগ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রথম দুই বছর ১০ নম্বরের ব্যবধানে দ্বিতীয় ছিলেন। তৃতীয় বর্ষে প্রথম স্থান অধিকারে নিলেন। চূড়ান্ত বর্ষে সেই ধারাবাহিকতায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। শিক্ষার্থী হিসেবে এটা তাঁর একটা সাফল্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে কি এই স্বপ্নটাই দেখেছিলেন? ‘আমি শুধু নিজের সর্বোচ্চ দিয়ে একটু একটু করে ভালো করার চেষ্টা করেছি।’ ব্যতিক্রমী চেতনার ইয়ারুল বলেন, ‘আসলে কাউকে পেছনে ফেলে প্রথম হতে হবে এমন স্বপ্ন কখনোই দেখিনি। মন দিয়ে পড়েছি। নিয়মিত ক্লাস করেছি।’ এ জন্য সহপাঠীরা সবাই তাঁকে পচ্ছন্দ করেন। ফল বেরোনোর দিনটা কেমন ছিল? সেদিন কল্লোল কৃষ্ণ কর্মকার (প্রথম শ্রেণীতে দ্বিতীয়) ও মৌসুমী হক (প্রথম শ্রেণীতে তৃতীয়) সঙ্গেই ছিলেন। ‘সবাই আমাকে জড়িয়ে ধরে। মিষ্টি খাওয়াল। সবাই এত খুশি হয়েছিল সেদিন, বিশ্বাসই হচ্ছিল না।’ সবার এত খুশি হওয়ার কারণ হিসেবে ইয়ারুল বলছিলেন, ‘আমি চার ক্রেডিটের একটা বিষয়ের পরীক্ষাই দিইনি। সবাই ভেবেছিল, আমি বুঝি প্রথম হব না। তাই ফল দেখে সবাই চমকে যায়। কিন্তু...’ পরের কথাগুলো আটকে গেল গলার কাছে এসে। টেলিফোনের তরঙ্গে শুধু তাঁর কণ্ঠ শোনা যাচ্ছিল। দেখা না গেলেও কয়েক ফোঁটা অশ্রু তাঁর গাল বেয়ে গড়িয়ে পড়ার নীরব শব্দ ঠিকই বোঝা গেল। কাঁদো কাঁদো স্বরে ইয়ারুল বললেন, ‘একবার পড়ালেখার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিল পরিবার। তখন মেজো ভাই দুবাইয়ে চলে গেলেন। সেখানে হাড়ভাঙা শ্রম দিয়ে আমার জন্য উপার্জন করেন। সেই টাকাতেই আমি পড়ছি।’ মেজো ভাই গণিরুল ইসলাম। তিন ছেলেমেয়ের বাবা তিনি। স্ত্রী-সন্তানদের রেখে শুধু ছোট ভাইয়ের জন্য দেশান্তরি হয়েছেন। ‘ভাই বলেছেন, আমি ভালো কোনো কাজ না পেলে, নিজের পায়ে দাঁড়াতে না পারলে তিনি দেশে ফিরবেন না।’ ইয়ারুলের ইচ্ছে মাস্টার্সে ভালো করার। আরও উচ্চশিক্ষা নেওয়ার। ইয়ারুল সুযোগ পেলেই ক্যারম খেলেন। ক্যারমের কালো, সাদা এমনকি লাল গুটিটাও ঠিক ঠিক লক্ষ্যে (পকেটে) পড়ে যায়। ইয়ারুল ভাবেন, ‘আমি পারব তো লক্ষ্যে পৌঁছাতে?’ তিনি পারবেন। সেই আত্মবিশ্বাস তাঁর আছে।