সেলিম জাহাঙ্গীর, আব্দুর রশীদ ও শাকের উল্লাহ—মহেশখালীর এই তিন মেধাবী শিক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তিনজনই উপজেলার পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র। এই সাফল্যের পরও দরিদ্র পরিবার থেকে আসা তিন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনেকটাই অনিশ্চিত। অভাব-অনটনের সঙ্গে লড়াই করে ভালো ফল করলেও কলেজে পড়তে পারবে কি না, তারা জানে না। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সেলিম জাহাঙ্গীর: বাড়ি বাড়ি গৃহশিক্ষকতা করে নিজের লেখাপড়ার খরচ নিজেই জুগিয়েছে সেলিম। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া এই অদম্য মেধাবী চিকিৎসক হতে চায়। উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা গ্রামে বাঁশের ছাউনি দেওয়া কুঁড়েঘরে থাকে সে। বাড়িতে নেই কোনো বিদ্যুৎ-সংযোগ। কুপি জ্বালিয়ে লেখাপড়ার সামর্থ্যও ছিল না তার। বাবা মোহাম্মদ জহির রিকশা চালিয়ে যা আয় করেন, তা দিয়ে খাওয়ার খরচই হয় না। ভর্তি ফরম কেনার টাকা নেই আব্দুর রশীদের: হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের আব্দুর রশীদ ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ভালো ফল করলেও তার কলেজে পড়ার সম্ভাবনা কমে আসছে। তিন ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। মা আমেনা বেগম মারা যান চার বছর আগে।রশীদের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘অনেক ত্যাগ স্বীকার করে সে ভালো ফল করেছে। কিন্তু আগামী দিনে পড়ালেখা চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য নেই। কেউ সাহায্য না করলে রশীদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এতে আমার করার কিছুই নেই।’শাকের উল্লাহকে শ্রমিকের কাজ করতে হবে: ২০০৪ সালে বাবা আলম শরিফ মারা যাওয়ার পর পরিবারে অভাব-অনটন নিত্যসঙ্গী। বড় ভাই আবুল কাসেম চিংড়িঘেরে শ্রমিক হিসেবে কাজ করে কোনো রকমে সংসার চালান। বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য-সহযোগিতা ছিল বলে এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে। এখন কলেজে ভর্তি হওয়ার জন্য ফরম কেনার সামর্থ্য নেই। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া শাকেরের বৈমানিক হওয়ার স্বপ্ন পূরণ হবে কি না, সে জানে না।শাকের উল্লাহর বাড়ি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামে। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সে অষ্টম। শাকেরের মা উম্মে সালমা বলেন, ‘ছেলেকে পড়ালেখা করানোর খুব ইচ্ছে ছিল। কিন্তু টাকার অভাবে পড়াতে পারব কি না, জানি না। হয়তো তাকে চিংড়িঘেরেই কাজ করতে হবে।’