স্বপ্নগুলো সুতোয় বোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র প্রকৌশল নিয়ে একটা চম ৎকার প্রবাদ চালু আছে, ‘বস্ত্র প্রকৌশলীরা সমস্যা সমাধান করতে পছন্দ করেন, তবে তাঁদের হাতে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তাঁরা নিজেরাই সমস্যা তৈরি করে নেন।’ এই প্রবাদবাক্য যে মোটেও মিথ্যে নয়, তার প্রমাণ হাল জমানায় বস্ত্র প্রকৌশলের শনৈঃ শনৈঃ উন্নতি। সারা বিশ্বের বস্ত্র প্রকৌশলের উ ৎকর্ষের মিছিলে বাংলাদেশ এক উজ্জ্বল নাম। কেননা এখন দেশের মোট রপ্তানির ৭৬ শতাংশই হচ্ছে গার্মেন্টস বা বস্ত্র খাত থেকে। একমাত্র এই পরিসংখ্যানই বলে দেয়, সন্দেহাতীতভাবেই বস্ত্র প্রকৌশল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। তাই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরানের কণ্ঠে দৃপ্ত উচ্চারণ, ‘বস্ত্র প্রকৌশল বিষয়ে পড়ার এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। আমার বিশ্বাস, এই বিষয়ে পড়াশোনা করার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা আরও বেগবান করার পেছনে বড় ভূমিকা রাখতে পারব আমি।’ইমরান যেমন বস্ত্র প্রকৌশলে পড়ে নিজেকে ভাগ্যবান মানছে, তেমনি ভাগ্যবান হতে পারো তুমিও। তার জন্য খোলা আছে অনেক দুয়ার। গত বছর কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ফলে বাংলাদেশে এখন বস্ত্র প্রকৌশল বিষয়ে পড়াশোনার গুণগত মান এগিয়ে গেছে আরও কয়েক ধাপ। এ ছাড়া সরকারি ও বেসরকারি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিনিয়ত উন্নতি করছে নিজেদের জায়গা থেকে।সবচেয়ে বড় ব্যাপার হলো, বস্ত্র প্রকৌশলে পড়ার পর দেশের ভেতরেই যে পরিমাণ কাজের জায়গা খোলা আছে, তা আর অন্য কোনো পেশায় নেই বললেই চলে। তাই এখন অনেকের কাছেই বস্ত্র প্রকৌশল হয়ে উঠছে অন্যতম আকাঙ্ক্ষিত বিষয়। তেমনটাই বললেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিতাই চন্দ্র সূত্রধর। তিনি বলেন, ‘বলা বাহুল্য, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে বস্ত্র প্রকৌশল বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তবে আমাদের এখানে এত দিন গবেষণার বিষয়টি নিয়ে ততটা কাজ হয়নি। ফলে কী হয়েছে, দেশের বাইরের বিশেষজ্ঞদের কাজ অনুসরণ করতে হয়েছে আমাদের। তাতে করে দেশের বড় অঙ্কের একটা অর্থ চলে গেছে বাইরে। কিন্তু এখন দেশেই গবেষণার কাজ শুরু হয়েছে ভালোভাবেই। বস্ত্র প্রকৌশল আগে থেকেই জনপ্রিয় বিষয়। তবে এখন আরও বেশি আকাঙ্ক্ষিত হয়ে উঠেছে এই বিষয়টি। এটা খুবই ভালো লক্ষণ। কারণ, আর কয়েক বছরের মধ্যেই এই শিক্ষার্থীরাই বদলে দেবে বাংলাদেশের বর্তমান বস্ত্র প্রকৌশলের চেহারা।’বাংলাদেশে এখন বস্ত্র প্রকৌশলের ওপর মোটমাট ছয়টি বিষয়ের ওপর পড়ানো হয়। তার মধ্যে আছে: ১. ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ২. ফেব্রিক প্রিপারেটরি প্রসেস, ৩. ওয়েট প্রসেসিং, ৪. অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বা গার্মেন্টস, ৫. টেক্সটাইল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং অতি সম্প্রতি যোগ হয়েছে নতুন আরেকটি বিষয়—টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন।এখন কথা হচ্ছে, বস্ত্র প্রকৌশলে পড়ে কেমন চাকরি পাবে তুমি? কিংবা কী করতে হবে তোমাকে? তুমি হতে পারো প্ল্যান্ট ম্যানেজার, ডিজাইনার, ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার/টেকনোলজিস্ট। কিংবা তুমি তোমার অর্জিত বিদ্যা প্রয়োগ করতে পারো প্রোডাকশন ম্যানেজমেন্ট, টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স এবং নতুন পণ্যের উন্নয়নে। বায়িং হাউস, ব্যাংক, কাস্টমস, বস্ত্র অধিদপ্তর, পাট ও বস্ত্র গবেষণা ইনস্টিটিউটও খোলা থাকবে তোমার কর্মক্ষেত্র হিসেবে। এ ছাড়া দেশের বাইরে উচ্চশিক্ষার দুয়ার খোলা আছে সব সময়ের মতোই।আর কদিন বাদেই বস্ত্র প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করছেন তামান্না রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে। এরই মধ্যে পেশাজীবনে প্রবেশ করেছেন এই তরুণ প্রকৌশলী। নতুন যারা বস্ত্র প্রকৌশল বিষয়ে আগ্রহী, তাদের জন্য তাঁর বক্তব্য, ‘এই বিষয়ে পড়লে কখনোই চাকরি নিয়ে দুশ্চিন্তা করতে হয় না—এটা একটা বড় স্বস্তির বিষয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বসে এমন স্বস্তি অন্য কোনো বিষয়ে পড়ে খুব কমই পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো, নতুন কিছু করার একটা উপযুক্ত মাধ্যম এই বস্ত্র প্রকৌশল। এ ছাড়া এখন আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছি, পাচ্ছি গবেষণার সুবিধা। আমি মনে করি, খুব শিগগির বস্ত্র প্রকৌশলে আরও বড় একটা পরিবর্তন আনতে পারব আমরা। তাই নতুনদের বলব, বস্ত্র প্রকৌশল সব সময়ের বিষয় এবং এই সময়ের বিষয়।’