স্বপ্নটা সত্যি হয়ে উঠুক
রূপকথার মতো লাগছে স্বপ্নটা। স্বপ্ন আর রূপকথা কাছাকাছি প্রায়। তবে সত্যি হয়ে ওঠার সম্ভাবনাও তো থাকে স্বপ্নের! তাই নিজের চোখে জড়িয়ে স্থাপত্যবিদ খালিদ আশরাফের স্বপ্নটা দেখতে ভালো লাগছে।ভেবে দেখা যাক, পানির সঙ্গে বসবাস করছে ঢাকার মানুষ! রাস্তায় গাড়ি, জলে জলযান। ইচ্ছে হলেই গাজীপুর বা মানিকগঞ্জের নিজের বাড়ি থেকে নিজের যান্ত্রিক বা অযান্ত্রিক নৌকায় রওনা দিয়ে পৌঁছে যাচ্ছি মতিঝিলে। কাজ শেষ করে আবার নৌকায় বাড়ি ফেরা। কিংবা নৌকা মতিঝিলে রেখে গাড়িতে ফিরে আসা।ঢাকা মহানগর হতে পারত ছিমছাম বৃক্ষঘেরা একটি শহর। ইতালির ভেনিসের মতোই ঢাকার খালগুলো ভরে থাকতে পারত জলযানে। থাকতে পারত অগণিত পার্ক। পাখির কিচিরমিচিরে ভরে উঠতে পারত মন। কিন্তু দিনে দিনে কী রকম হয়ে উঠল ঢাকা! অপরিকল্পিতভাবে একের পর এক গড়ে উঠল ভবন। খালগুলো দখলবাজদের কবলে। আকাশচুম্বী বাড়িগুলোতে পিলপিল করে জায়গা করে নিল মানুষ। সুপরিসর বাসের সংখ্যা বাড়ল না, বাড়ল ব্যক্তিমালিকানার গাড়ি। ফলে রাজপথে যানজট। ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট। একটু বুকভরে অক্সিজেন নেওয়ারও যেন উপায় নেই। ঢাকা মহানগর সত্যিই বিপদে পড়ে গেছে। তাই খালিদ আশরাফের স্বপ্নটি মন ভরে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের এই শিক্ষক কিছুদিন আগে জল ও মানুষের সহাবস্থানের কথাটি বলেছিলেন। ঢাকায় এশিয়াটিক সোসাইটিতে সেন্টার ফর ঢাকা স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে তাঁর স্বপ্নের কথা বলছিলেন তিনি। বলছিলেন, এখন ঢাকার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হলে মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জকেও আনতে হবে ভাবনায়। সড়ক, বাড়ি, উদ্যান, মার্কেট, সবকিছুর পাশেই থাকবে নদী বা জলাশয়।চোখ বন্ধ করে সে রকম ঢাকা শহরের কথা ভাবুন তো! আহা! স্বপ্ন কী চমৎকার হয়! আরও চমৎকার হয়, সে স্বপ্ন সত্যি হয়ে উঠলে! এ স্বপ্ন সত্যি হওয়া খুব অসম্ভব কিছু নয়। আর সবার তো জানা আছেই, স্বপ্নগুলো তৈরিই হয়, তা সত্যি হবে বলে!জা. রে. নূ.