স্বপ্নপথের চার তরুণ

চার তরুণ। সমাজের অসংগতির বিরুদ্ধে অভিযাত্রা তাঁদের। ফেরি করেন সচেতনতার ঝান্ডা। ধূমপান ও মাদককে না বলি, প্রযুক্তি জ্ঞান অর্জনে সচেষ্ট হই, বৃক্ষ নিধন রোধ করি, ইভ টিজিং প্রতিরোধ করি—এই চার স্লোগান সামনে নিয়ে খুলনা সরকারি বিএল কলেজের চার ছাত্র বেরিয়েছেন সাইকেল ভ্রমণে।
তাঁরা হলেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ইয়াসির আরাফাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের রবিউল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এনামুল করিম ও হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের পলাশ বাছাড়। চারজনই রোভার স্কাউট।
৮ সেপ্টেম্বর খুলনা থেকে ভ্রমণ শুরু করেন তাঁরা। সাইকেল চালিয়েছেন প্রায় ৬০০ কিলোমিটার। মতবিনিময় করেছেন সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে। তুলে ধরেছেন তাঁদের উদ্দেশ্য। শিক্ষার্থীদের আহ্বান জানান, মাদককে না বলার, ইভ টিজিং প্রতিরোধে এগিয়ে আসার। ১০ সেপ্টেম্বর রাত নয়টায় মিরসরাই বারইয়ারহাট কলেজে পৌঁছেন তাঁরা। সেখানে কথা হয় স্বাপ্নিক এই চার তরুণের সঙ্গে।
দলনেতা মো. ইয়াছির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য তরুণদের ভালো কাজে উদ্বুদ্ধ করা। সমাজের অসংগতি দূর করতে মুখ্য ভূমিকা রাখতে পারব আমরা তরুণেরাই। নিজেরা সচেতন হলে বাকিরাও একদিন বদলাবে। আমরা যেখানেই গেছি সবাই সহযোগিতা করেছে। এগিয়ে দিয়েছে সহযোগিতার হাত, যা আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথ আরও মসৃণ করবে।’