স্বপ্নপথের যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সর্বপ্রথম চেয়ারপারসনই নন, তাঁর আরও বড় পরিচয় তিনি একজন সফল গবেষক। ২০১০ সালে বাংলাদেশের সাড়া জাগানো সাফল্য পাটের জিন নকশা উন্মোচন প্রকল্পের একজন অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা অধ্যাপক হাসিনা খান। তাঁকে নিয়ে এবারের মূল রচনাতুমুল বৃষ্টি। ডুবে গেছে কলকাতার পার্ক সার্কাস রোড। ব্যস্ত নাগরিকেরা প্রায় হাঁটুপানি ডিঙিয়ে, ভিজে চুপচুপে হয়ে রাস্তা পার হচ্ছে ঊর্ধ্বশ্বাসে। আর ফ্রক পরা বছর তিনেকের ছোট্ট একটা মেয়ে পার হচ্ছে মুটের মাথায় চাপানো টুকরিতে চড়ে। পঞ্চাশের দশকের শেষ দিককার কথা এটা। বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমলেই শিশুদের এভাবে পার করাটা তখনকার দিনে কলকাতায় একটা অতিসাধারণ চিত্র ছিল। ছোট যে মেয়েটি এমন অনেকবারই ঝুড়িতে করে পানি থইথই পথ পেরোনোর সমস্যা উতরেছে, সে ঘুণাক্ষরেও জানত না, একদিন সে তার বৈজ্ঞানিক গবেষণা দিয়ে দেশের জটিলতর সব সমস্যা উত্তরণের গুরুভার অবলীলায় নিজের মাথায় নেবে। মা-বাবা, ভাইবোনের অতি আদরের ছোট্ট মোনা থেকে হয়ে উঠবেন আজকের স্বনামধন্য অধ্যাপক ড. হাসিনা খান। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের নিবেদিতপ্রাণ শিক্ষক বা এই বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সর্বপ্রথম চেয়ারপারসনই নন, তাঁর আরও বড় পরিচয় তিনি একজন সফল গবেষক। ২০১০ সালে বাংলাদেশের সাড়া জাগানো সাফল্য পাটের জিন নকশা উন্মোচন প্রকল্পের বা জুট জিনোম প্রজেক্টের একজন অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা।প্রাণরসায়ন ও জিন প্রকৌশল নিয়ে অধ্যাপক হাসিনা খান গবেষণা করছেন প্রায় তিন দশক হলো। আর এর অর্ধেকটা সময়ই তিনি পাটের মলিকিউলার বা আণবিক পর্যায়ের গবেষণা করেছেন। কিছুটা ব্যক্তিগত আবেগ থেকেই গবেষণার ক্ষেত্র হিসেবে পাটকে বেছে নেওয়া। হাসিনা খানের বাবা চেয়েছিলেন বাংলাদেশের সেই সময়কার উদীয়মান পাটশিল্পে যাতে সন্তানের অবদান থাকে। সেটা ভেবেই বাবা তাঁর মেজো ছেলেকে পাটপ্রযুক্তি বিষয়ে পড়তে পাঠিয়েছিলেন কলকাতায়। দেশ সম্বন্ধে বাবার সেই সচেতনতার ছবিটা অবচেতনভাবে হূদয়ে কোথাও আঁকা হয়ে ছিল। তাই হয়তো যখন নিজের গবেষণার মাধ্যমে দেশের কোনো একটা সমস্যা নিরসনের লক্ষ্য স্থির করেন, তখন পাটের কথাই প্রথমে মনে এসেছিল গাছপ্রেমী এই গবেষকের। এ সংকল্পকে আরও দৃঢ় করে ওই সময়কার প্রেক্ষাপটে বাংলাদেশে পাট চাষের দুরবস্থা, যা উত্তরণে পাটের আণবিক গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। সব মিলে সেই ১৯৯৫ থেকে তাঁর পাট গবেষণা শুরু। মা বেগম খোদেজা খাতুন আর সরকারি চাকরিজীবী বাবা এম এ খালেকের নয় সন্তানের মধ্যে অষ্টম হাসিনা খানের জন্ম পুরান ঢাকার গেন্ডারিয়ায়। তাঁর জন্মের বছর দুয়েক পর বাবা কলকাতায় হাইকমিশনার হিসেবে বদলি হওয়ায় শৈশবের কয়েক বছর কলকাতায় থাকা। পড়াশোনার হাতেখড়ি সেখানকার মিশনারি স্কুল কুইন অব দ্য মিশনে। বাবার বদলির সূত্রেই আবার ঢাকায় ফিরে ১৯৬০ সালে ভর্তি হন পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে। এখান থেকেই ১৯৭০-এ খুব ভালো ফলাফল নিয়ে ও-লেভেলের গণ্ডি পেরোন তিনি।ছোট বলে ভাইবোনদের ভীষণ আদরের হলেও তাঁর শৈশবের রেকর্ডে দুরন্তপনার লেশমাত্র নেই। স্বভাবগুণে শান্ত হাসিনাকে পড়তে বসার জন্য বলতেই হতো না কখনো। পারিবারিক অনুশাসনকে এই কৃতিত্বের ভাগীদার করতে চান ড. হাসিনা খান। বলছিলেন, ‘একবার স্কুল থেকে বরই খেতে খেতে বাসায় ফিরছি। পথে বড় ভাই দেখে ফেলায় বাসায় এসে আমার শাস্তি হয় “আমি রাস্তায় চলার সময় খাব না” কথাটি ৫০০ বার লেখা। ভাইরা যেমন আদর করেছেন, তেমনি ছোট থেকে ব্যক্তিত্ব গঠনে তাঁদের অবদানটাই মুখ্য। আর বাবা খাওয়া-পরার আড়ম্বরের চেয়ে পড়াশোনাটাকে গুরুত্ব দেওয়ায় ছোটবেলায়ই পড়াশোনার সঙ্গে সম্পৃক্ততা হয়ে গিয়েছিল একটা।’বিনয়ী এই গবেষকের জীবনে বাবার আদর্শের ছাপ সুগভীর। যত সুকুমার মূল্যবোধের বীজও সন্তানদের অন্তরে বপন করেছিলেন তাঁর বাবাই। গরমকালে বাবার আদেশে প্রায়ই তাদের ফ্যান বন্ধ করে ঘুমাতে হতো। উদ্দেশ্য এই যে কিছুটা কষ্ট আর ত্যাগের অভ্যাস করিয়ে সন্তানদের যেকোনো পরিস্থিতির জন্য গড়ে তোলা। বাবার সেই দূরদৃষ্টির সুফল তখন পেয়েছিলেন হাতেনাতে ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধ চলাকালে পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়ায় অনেক রাত অন্ধকার গরমে কাটাতে হয়েছিল তাঁদের। মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে জড়িত ছিল তাঁর পরিবার। তাঁর মেজো ভাই সক্রিয়ভাবে সাহায্য করেন মুক্তিযোদ্ধাদের। প্রবাসী সেজো ভাই যুক্তরাষ্ট্রে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।পাটের ‘স্বপ্নযাত্রা’পাট গবেষণায় সাহায্যের জন্য বাংলাদেশ পাট গবেষণাকেন্দ্রের কাছে তিনি বিশেষভাবে ঋণী। শীতকালেও কী করে পাট জন্মানো যায়, ভাবতে গিয়ে এমন একটি পাটের জিন নির্ণয় করতে সক্ষম হন হাসিনা খান, যা পাটকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে জন্মাতে সাহায্য করে। এ ছাড়াও ছত্রাকরোধী পাট, পাটের জিনোমে মার্কার ডিএনএ নিয়েও প্রচুর গবেষণা করেছেন তিনি। তাঁর গবেষণার ফলে কিছু জিন ও তাদের অণুক্রম নির্ণয় করা সম্ভব হয়। ভাবতেন, পাটের সব জিন অর্থাৎ পুরো জিনোমের সিকোয়েন্সিং বা অণুক্রম যদি নির্ণয় করা যেত, তবে পাটকে আরও ভালো করে বোঝার সুযোগ হতো। অনেকটা কাকতালীয়ভাবেই গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টসের (জিনব) সমন্বয়ক অধ্যাপক আহমেদ শামসুল ইসলামের মাধ্যমে তাঁর যোগাযোগ হয় পাটের জিনোম নিয়ে গবেষণা করতে আগ্রহী ড. মাকসুদুল আলমের সঙ্গে। ব্যস, শুরু হয়ে যায় স্বপ্নের বীজ বোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ; সফটওয়্যার প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের একঝাঁক তরুণ গবেষকের সমন্বয়ে গঠিত হয় ‘স্বপ্নযাত্রা—জুট জিনোম প্রজেক্ট’ দল। কাজ এগিয়ে নিতে দরকার ছিল বিশাল অঙ্কের অর্থের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সাহায্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই প্রজেক্টে সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। নিজের দেশের সোনালি আঁশের উন্নতিসাধনে এর গুরুত্ব অনুধাবন করে দরকারি তহবিল গঠনে সরকার আর দেরি করেনি। ২০১০ সালে বিজ্ঞানী মাকসুদুল আলম, হাসিনা খানের নেতৃত্বে পাটের জিনোমের সিকোয়েন্সিং বা অণুক্রম নির্ণয়ের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘স্বপ্নযাত্রা’। যাতে অন্যতম সক্রিয় ভূমিকা রাখে বাংলাদেশ পাট গবেষণাকেন্দ্র। আর পাটের জিনোম সিকোয়েন্সিংয়ে এর পরের সাফল্যের গল্পটুকু তো এত দিনে সবার জানাই হয়ে গেছে।জিনের অনুক্রমের আদ্যোপান্ত জানা গেলে কোন জিনের কারণে পাটের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়, তা বুঝতে ও তাকে কাজে লাগিয়ে পাটের প্রজাতি উন্নয়ন করা সহজ হবে। এভাবে লবণাক্ততা সহনশীল, বন্যা সহনশীল, ছত্রাকরোধী, দ্রুত বর্ধনশীল, ভালো জাতের আঁশ উৎপন্নকারী পাটের প্রজাতি উন্নয়ন করা যাবে, যা অর্থনীতি ও কৃষকের জীবনে বিশাল ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।অনেকের সম্মিলিত প্রচেষ্টায় পাটের জিনোম সিকোয়েন্সিংয়ের সুপ্ত স্বপ্ন সফল করার এ যাত্রায় ড. হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্কের কথা স্মরণ করে বললেন, ‘এই বিভাগের সঙ্গে সম্পৃক্ততা আমার গবেষণাজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বছর দশেক আগে নতুন এ বিভাগের প্রথম চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর দেশের সেরা মেধাবীদের পর্যাপ্ত সুবিধা দিতে পারছি কি না, সে দুশ্চিন্তায় বহু নির্ঘুম রাত পার করেছি। চিঠি টাইপ করা, ক্লাসরুমে চেয়ারের ব্যবস্থা করা—কী না করেছি। সহকর্মী ড. জেবা ইসলাম সেরাজ, ড. রফিকুর রহমানের সহযোগিতার কথা এ মুহূর্তে খুব মনে পড়ছে।’হাসিনা খান স্বপ্ন দেখেন, বাংলাদেশে গবেষণাকাজের মান একদিন শিখর ছোঁবে। বিজ্ঞান গবেষণায় সরকারি পৃষ্ঠপোষকতা বাড়বে আর এ দেশের মেধাবী সন্তানদের দেশেই পর্যাপ্ত গবেষণার সুযোগ ও কর্মসংস্থানের সৃষ্টি হবে। জীবপ্রযুক্তি ক্ষেত্রে ১৯৮৯ সালে ইউনেসকো/আরওএসটিএসসিএ কর্তৃক প্রদত্ত ইয়ং সায়েনটিস্ট অ্যাওয়ার্ড, জাতীয় জীবপ্রযুক্তি নীতিমালা প্রণয়নে পরামর্শকের ভূমিকা পালন, দেশে-বিদেশে নামকরা সব জার্নালে প্রকাশিত বহু গবেষণাপত্র ইত্যাদি আছে অর্জনের তালিকায়। দেশের স্বার্থে গবেষণাকাজে ব্যক্তিগত আত্মত্যাগের কথাও বলছিলেন তিনি, ‘ডক্টরেট করার সময় তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকতে হতো। ঝুঁকি থাকায় দীর্ঘসময় সন্তান ধারণ করিনি। গবেষণাকাজে পিছিয়ে পড়তে চাইনি কখনো। তাই যাতে দীর্ঘ কর্মবিরতি না হয়, তাই দ্বিতীয়বার আর মাতৃত্বের স্বাদও নেওয়া হয়নি।’ এত কিছুর মধ্যে কোনটিকে সেরা প্রাপ্তি ভাবেন? অবাক করা এক উত্তর দেন ড. হাসিনা, ‘এই যে প্রতিদিন দীর্ঘ একটা সময় আমি বিশ্ববিদ্যালয়ে এসে দেশের শ্রেষ্ঠ মেধাদের সান্নিধ্যে কাটাই, তাদের সংস্পর্শে থাকি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।