স্বপ্নপুরীর উচ্ছল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল-কালো পোশাকের ছোট্ট এক দেবশিশু দুই হাতে বেলুন নিয়ে মঞ্চে এসে দাঁড়াল। আবহে বেজে উঠল ‘আমাদের দেশটা স্বপ্নপুরী...’। এরপর গানের সুরে নেচে নেচে মঞ্চে এল অন্য শিশুরাও। করতালি দিয়ে তাদের স্বাগত জানালেন দর্শকেরা।ফ্যাশন কিউ শুরুর আগে ছোট্ট একটা নাটিকাও যেন মঞ্চস্থ করল শিশুরা। বেলুন উড়িয়ে আর কোলাকুলি করে ঈদের আগাম আনন্দ ছড়িয়ে দিল দর্শকের মধ্যে। এরপর সুরের তালে তালে চলল ক্যাটওয়াক। নীল জামা পরে একটি শিশু মঞ্চের সামনে এসে এমন ভঙ্গিতে দাঁড়াল যেন মডেলিং তার পেশা। এমন ভঙ্গি দেখে এক দর্শক বললেন, ‘ভবিষ্যতের সুপার মডেল।’এরপর গোলাপি পোশাকে এল এক ফোকলা দাঁতের শিশু মডেল। তাকে দেখে দর্শক সারিতে হাসির রোল। পেছনের সারির দর্শকের অনেকে তখন আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। তখনই লাল-সাদা জামা গায়ে এল আরেক শিশু। হেলেদুলে মঞ্চের মাঝ-বরাবর এসে দর্শকের উদ্দেশে ছুড়ে দিল উড়ন্ত চুমু। দর্শক তুমুল করতালি দিয়ে স্বাগত জানালেন তাকে। একে একে মঞ্চে এসে দাঁড়াল ১০ শিশু। বার্বি ডলকে নিয়ে করা ইংরেজি গানের সুর বেজে উঠতেই ক্যাটওয়াক চলল নেচে নেচে। দুই হাত তুলে শিশুরা যখন নাচ শুরু করেছিল, তখন দর্শকসারির প্রায় সবাই দাঁড়িয়ে তালি দিচ্ছিলেন। মঞ্চে স্বর্গীয় আলো ছড়িয়ে নাচতে নাচতেই ফিরে গেল খুদে মডেলরা। শিশুদের এই প্রাণবন্ত ক্যাটওয়াক গোটা আয়োজনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল, এমন মন্তব্য বেশির ভাগ দর্শকের। ‘বড়দের চেয়েও ভালো’—এমন মন্তব্যও করছিলেন কেউ কেউ। অভিভূত হয়েছেন আগত অতিথিরাও।চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী শিশুদের এই পারফরম্যান্স দেখে ভীষণ উচ্ছ্বসিত। এদের মধ্যেই ভবিষ্যতের সম্ভাবনা খুঁজে পেলেন তিনি। এমনকি অনুষ্ঠানের শেষে বক্তব্য দিতে এসে ক্যাটওয়াকে অংশ নেওয়া শিশুদের জন্য পুরস্কারও ঘোষণা করেন তিনি।