
নিজে কাজ শিখে অন্যদের কাজ শিখিয়েছেন। আনুমানিক সাড়ে তিন হাজার নারীকে হাতের নানা কাজ শিখিয়ে পারদর্শী ও স্বাবলম্বী করে তুলতে অক্লান্ত কাজ করে চলেছেন কাওসারা জেলি।
১৯৯১ সালে ‘অঙ্গনা’ নাম দিয়ে গড়া উদ্যোগের মাধ্যমে কাওসারার যাত্রা শুরু। স্বামীর চাকরিসূত্রে তিনি ওই সময় পার্বতীপুরে থাকতেন। মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে নিজ বাড়িতেই এর শুরু। এখন এর পরিধি অনেক বেড়েছে।
শাড়ি, ফতুয়া, থ্রি-পিসে নকশার কাজে প্রথম ২০ জন নারীকে যুক্ত করেছিলেন। তাঁর এই নকশার কাজ ক্রেতাদের আকৃষ্ট করে তোলে। এরপর প্রচার বাড়তে থাকে। চাহিদাও বাড়ে।
এরপর ১৯৯৩ সাল থেকে একটানা রংপুরে কাজ শুরু করেন। ২০ থেকে ২৫ জন নারীর একটি দল তৈরি করে তিন মাসের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেন। এমনি করে প্রায় সাড়ে তিন হাজার নারীকে কাজ শিখিয়েছেন। ওই নারীরা তাঁদের কাজ অব্যাহত রেখেছেন।
রংপুর শহরে কাওসারা জেলির বাড়িতেই বর্তমানে ২৫ জন মহিলা নিয়মিত কাজ করেন। শহরের রামপুরা এলাকার ইসমত আরা পাঁচ বছর ধরে আছেন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘এখানে কাজ করছি। নিজের পায়ে দাঁড়াতে পরিশ্রম করছি। এতে করে সংসার ভালোভাবেই চলে যাচ্ছে। এসব কাজ করতে বেশ আনন্দই লাগে।’
শহরের জুম্মাপাড়ার জাহানারা বেগম এখানে দীর্ঘ ১৮ বছর ধরে এ কাজ করছেন। তিনি বলেন, ‘আমাদের জেলি আপার কাছে হাতের কাজ শিখে রংপুরসহ আশপাশের জেলার অনেক নারী তাঁদের এলাকায় কাজ করছেন।’ সিও বাজার এলাকার রিমা আক্তার বলেন, ‘যখন দেখি আমাদের নকশা করা জামা কেউ পরছেন। তখন যে কী আনন্দ লাগে!’
কাওসারা জেলি নিজের বাড়িতে কাজ করার পাশাপাশি অন্য নারীদেরও কাজ শেখানো অব্যাহত রেখেছেন। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় রংপুর কারাগারের মহিলা কয়েদিদের কাপড়ে কীভাবে নকশা করতে হয়, তাও শিখিয়েছেন। এ জন্য তিনি কোনো পারিশ্রমিকও নেননি।
কাওসারা জেলি বলেন, ‘প্রায় সাড়ে তিন হাজার নারীকে কাজ শিখাতে পেরে আমি আনন্দিত। যখন শুনতে পাই, আমার কাছ থেকে কাজ শিখে কেউ সুনাম অর্জন করেছেন, তখন মনটা
ভরে যায়।’