স্বপ্নপূরণে শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে গত বছর কথা হয়েছিল একদল তরুণীর সঙ্গে। সেটি ছিল এক মতবিনিময় সভা। সিনথিয়া, জান্নাতুল, আকলিমা, তাসলিমার সঙ্গে বসে যখন কথা হচ্ছিল তাঁদের লেখাপড়া, সৃজনশীলতা ইত্যাদি বিষয়ে, তখন জিজ্ঞাসা করলাম, তাঁরা স্নাতকোত্তর কোথায় পড়বেন? ছাত্রীরা অবলীলায় বলে গেলেন তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা। অবাক লাগল দেখে, সভায় থাকা সব মেয়েই বলছেন, তাঁরা বাইরে যেতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত মেয়েদের চোখে-মুখে উচ্ছ্বাস ও উত্সাহ দেখে সহজেই বুঝতে পারি, তাঁদের আত্মবিশ্বাস অনেক। তাঁরা নিয়মিত শিক্ষার পাশাপাশি নেতৃত্ব গঠনের জন্য দেশে-বিদেশে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ভূমিকা রাখছেন। তাঁদের অনেকেই ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ ছয় মাস থেকে এক বছরের জন্য বিদেশে পড়তে যাচ্ছেন। দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেই তাঁরা এভাবে স্বপ্ন দেখতেন না। তাঁরা জানতেনই না বিদেশে পড়তে যাওয়া যায় সহজেই। তাঁরা প্রত্যেকেই তাঁদের পরিবারের প্রথম সন্তান, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে এসেছেন।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবছর অতিদরিদ্র ১০ জন মেয়েকে নির্বাচন করা হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের জন্য। অভাবের সংসারে যেখানে জীবনযাপনই সংকটাপন্ন, সেখানে বিদেশে তো বটেই, দেশেও উচ্চশিক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা আকাশের চাঁদ ছোঁয়ার মতো মনে হয়। তাঁদের অনেকের পরিবারের সামর্থ্য নেই মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর। অনেকে আবার মনে করেন, কলেজ পেরোলেই মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে। এসব বাধা পার হয়ে এগিয়ে যাচ্ছেন এই অসীম মনোবলসম্পন্ন মেয়েরা। অতিদরিদ্র অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজকে তাঁরা এমন পর্যায়ে এসে পৌঁছেছেন যে তাঁরা বাংলাদেশের আরও এমন দশজন মেয়ের ‘রোল মডেল’। এই মেয়েদের এই পরিবর্তনের সহায়ক হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। 

সমাজের অনগ্রসর, পিছিয়ে পড়া ও দুর্দশাগ্রস্ত বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে প্রথম আলো ট্রাস্ট। তেমনিভাবে নারী শিক্ষা ও ক্ষমতায়নে কাজ করছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এটি বাংলাদেশের একমাত্র স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক নারী বিশ্ববিদ্যালয়। প্রথম আলো ট্রাস্ট ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নারী শিক্ষার প্রসারে পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছে। প্রতিবছর পরিবারের প্রথম নারী অথচ দরিদ্র যিনি উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে আগ্রহী, এ রকম ১০ জনকে বৃত্তি প্রদান করছে। ২০১২ সাল থেকে ‘এইউডব্লিউ-প্রথম আলো ফার্স্ট ফিমেল ইন দ্য ফ্যামিলি স্কলারশিপ অ্যাওয়ার্ড’ নামে দেওয়া হচ্ছে এই শিক্ষাবৃত্তি। ট্রান্সকম গ্রুপের সহায়তায় প্রত্যেক শিক্ষার্থী মাসিক ২ হাজার টাকা করে পাচ্ছেন। এখন পর্যন্ত ৪৪ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। এরই মধ্যে ২ জন স্নাতক শেষ করেছেন এবং ২০ মে আরও ৯ জনের স্নাতক সম্পন্ন হবে। বর্তমানে ৪২ জন শিক্ষার্থী নিয়মিতভাবে বৃত্তি পাচ্ছেন। এ ছাড়া আরও ১০ জন নতুন ছাত্রী এ বছর বৃত্তির আওতায় যুক্ত হবেন। প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর এই বিজ্ঞাপন দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়। নির্দিষ্ট মেয়াদের মধ্যে আসা আবেদনপত্রগুলো থেকে প্রাথমিক যাচাই-বাছাই করা হয়। পরে এইউডব্লিউ চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করে। নারীর ক্ষমতায়নে নিয়মিত কাজ করে যাচ্ছে প্রথম আলো ট্রাস্ট। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে ফার্স্ট ইন দ্য ফ্যামিলি কার্যক্রম এই কাজেরই একটি বর্ধিত অংশ। আমরা আশা করি, এভাবেই এগিয়ে যাবে আমাদের দেশের মেয়েরা। 

আজিজা আহমেদ
প্রধান পরিচালন কর্মকর্তা, প্রথম আলো ট্রাস্ট