স্বপ্নপূরণের শেষ ধাপে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখন আমার ডাক আসে, সে জন্য অপেক্ষাকক্ষে বসে প্রহর গুনছি। কখনো বিচলিত হই, আবার কখনো আন্দোলিত হই। আসলে সেটি একটি বিশেষ কারণেও বটে। সাক্ষাৎকার কক্ষ (বোর্ডরুম) থেকে বের হয়েই কেউ মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ছে, আবার কেউ হাসিমাখা চেহারা নিয়ে বেরোচ্ছে। ব্যাপারটা যতই দেখছি, ততই বুকের ভেতরটা কেমন জানি তৃষ্ণার্ত হয়ে পড়ছে। তখন মনে মনে ভাবছিলাম, মৌখিক পরীক্ষার আগে যদি বোর্ডরুমটা একবার ঘুরিয়ে দেখানো হতো, তাহলে মনে হয় এতটা নার্ভাস হতাম না।’ ২৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র মো. আবদুর রাজ্জাকের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতার কথা এভাবেই জানালেন। মৌখিক পরীক্ষা আসলে কেমন হবে, সেটা আগে থেকে বোঝা সম্ভব নয়। তাই সেখানে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হয়। মৌখিক পরীক্ষায় কখনো কখনো এলোপাতাড়ি প্রশ্ন করা হয়। প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে প্রার্থীকে বিচলিত করার চেষ্টা করা হয়। তাই সেই সময়ে আপনাকে হতে হবে বিচারবুদ্ধিসম্পন্ন ও আত্মবিশ্বাসী। পরিপাটি ভেতর-বাহিরবিসিএস শুধু নয়, চাকরির যেকোনো মৌখিক পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস। সেই সঙ্গে তাঁকে হতে হবে দৃঢ়প্রত্যয়ী। পোশাক-আশাকেও থাকতে হবে পূর্ণাঙ্গ পরিপাটি। এ সম্পর্কে ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ বগুড়া মেডিকেল কলেজের ছাত্র মো. লোকমান হেসেন জানান, মৌখিক পরীক্ষার সময় ফরমাল পোশাক পরতে হয়। ঋতুর সঙ্গে পোশাকের একটা সাদৃশ্য থাকলে ভালো হয়। মৌখিক পরীক্ষার সময় হাফহাতা শার্ট পরা উচিত নয়। মেয়েদের ক্ষেত্রেও পরিপাটি পোশাক পরা উচিত। ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেওয়া উচিত। চুল ছোট ও গোছানো থাকা আবশ্যক। হাসি হাসি মুখে প্রশ্নের উত্তর দেওয়া ভালো। মুখ গোমড়া করে থাকা উচিত নয়। সাক্ষাৎকার ঘরে ঢোকামাত্র তাৎক্ষণিকভাবে সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া খুব জরুরি।জানতে হবে অনেক কিছুমৌখিক পরীক্ষার বিষয়বস্তুর আসলে কোনো পরিধি নেই। তবু কয়েকটি বিষয় সম্পর্কে প্রার্থীকে একটু খেয়াল করতেই হয়। জানালেন ২৭তম বিসিএসে উত্তীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বিভাগের ছাত্র মো. আলমগীর হোসেন। তিনি আরও বলেন, প্রার্থী যে ক্যাডারগুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে বাছাই করে থাকেন, সেসব ক্যাডার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকা জরুরি। এ ছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা, শিক্ষার হার এবং প্রার্থীর নিজস্ব অঞ্চলভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে। প্রার্থীর নিজ জেলার আয়তন, জনসংখ্যা, শিক্ষার হার, সেটি কী জন্য বিখ্যাত, থানার সংখ্যা, বিখ্যাত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাহিত্যিক, সমাজসেবক ইত্যাদি বিষয়ে ধারণা থাকা ভালো। প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যেসব বিষয়ে পড়াশোনা করেছেন, সেগুলোর নাম ও প্রিয় বিষয়গুলো সম্পর্কে বর্ণনা। বিভিন্ন দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলোর নাম ও দেশ-বিদেশের সমকালীন গুরুত্বপূর্ণ বিষয় ও ঘটনা সম্পর্কে বিস্তারিত ধারণা থাকলে অনেক ভালো।সর্বদা প্রস্তুতঅনেক সময় বিসিএস মৌখিক পরীক্ষায় সাক্ষাৎকারগ্রহীতারা প্রার্থীকে অপ্রস্তুত করার জন্য নানা ধরনের নেতিবাচক মন্তব্য করে বিব্রত করার চেষ্টা করে থাকেন। জরুরি এবং বিশেষ মুহূর্তে নিজেকে সামাল দেওয়ার ক্ষমতা কতটুকু আছে, তা দেখার জন্য এ ধরনের অবস্থার সৃষ্টি করা হয়। বললেন ২৮তম বিসিএস মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী শারমিন জাহান। তিনি বলেন, ‘আমি বোর্ডরুমে তেমন কোনো নেতিবাচক প্রশ্নের মুখোমুখি হইনি। সবকিছু মনে হয়েছে আমার অনুকূলে ছিল। বোর্ডরুমের সবাই খুব আন্তরিক ছিলেন। প্রথম পছন্দ থেকে আমাকে অনেক প্রশ্ন করেছিলেন। তবে আমার মনে হয়, মৌখিক পরীক্ষায় বাংলাদেশের সংবিধান সম্পর্কে একটা বিশদ ধারণা থাকা ভালো। সর্বোপরি নিজের দেশকে জানা খুব জরুরি। আবার অনেক সময় ব্যক্তিত্ব ও যোগ্যতায় আঘাত করে প্রার্থীর আত্মবিশ্বাস যাচাই করা হয়। এ পদ্ধতিটি ট্রেস ইন্টারভিউ হিসেবেও পরিচিত। এখানে ইচ্ছাকৃতভাবেই প্রার্থীকে একটা নেতিবাচক কথা বলে বিচলিত করার চেষ্টা করা হয়ে থাকে। তাই যেসব প্রার্থী এ ধরনের চাপ সহজ ও স্বাভাবিকভাবে মোকাবিলা করতে পারেন, তাঁর সফলতার পাল্লাটাও ভারী হয়ে যায়। মনে রাখতে হবে, যেকোনো পরিস্থিতিরই সৃষ্টি হোক না কেন, খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কথা বলতে হবে।’ সাধারণ কিন্তু প্রয়োজনকিছু সাধারণ প্রশ্নের জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে আগের মৌখিক পরীক্ষার প্রশ্নগুলো দেখা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রার্থীকে নিজের যোগ্যতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। সাক্ষাৎকার বোর্ডে আসার আগে বোর্ডের সাধারণ নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। বোর্ডের সবাইকে ভালোভাবে দেখে সম্পূর্ণ ভয়হীন মনে যেকোনো অবস্থার জন্য প্রস্তুতি নিতে হবে। যে প্রশ্নই করা হোক না কেন, সেটা ভালো করে বুঝেশুনে উত্তর দিতে হবে। যেসব প্রশ্নের সঙ্গে পরিচিত নন, সেগুলো কৌশলে এড়িয়ে যেতে হবে। কোনো ধরনের তদবির ও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তাতে করে স্বপ্নের খুব কাছাকাছি এসেও ছিটকে পড়তে পারেন।