স্বপ্নময় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুটি ঘুমিয়ে ছিল রাস্তার ধারে। নাম বেলাল মিয়া। সারা দিনের কাজের চাপে থাকার পর ক্লান্তি যেন রাস্তার কোলাহলকে পরাজিত করে দিয়েছে। ঘুমের মধ্যেই কারও ডাকে চোখ ডলতে ডলতে উঠে বসা। চোখজোড়া মেলতেই লাল রঙের একটা নতুন শার্ট। হাতের মধ্যে নিতে না নিতেই বাহারি রঙের একটা প্যান্ট সামনে ধরা। “এটাও তোমার!”—এ কথা শুনেই স্বপ্ন থেকে বাস্তবে ফেরার চেষ্টা শিশুটির। কিন্তু সে জেগেই আছে। আর সবই ঘটছে তার সামনে প্রকাশ্যে। যেন বিশ্বাস করতে পারছে না শিশুটি। শেষে অগন্তুকের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে তার সে কি হাসি! যে হাসিতে মনে হলো কোনো না পাওয়ার বেদনা কোনো দিন ছুঁয়ে যায়নি তাকে।’ কথাগুলো বলতে বলতে যেন গলাটা ভারী হয়ে আসছিল শিহাব জিসানের।এমন ৫০০ শিশুর মুখে আচমকা হাসি দেখেছেন মাঝরাতে শিহাবরা। শিহাব চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাঁর সঙ্গে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রবিউল, শুভ, জাহিদ আর রিমন মিলে করেছিলেন একটা বিশেষ পরিকল্পনা। তাঁদের এই আয়োজনে সাথি হন সারা দেশের হাজারও তরুণ। এভাবেই একটি সফল আয়োজন তাঁরা শেষ করেন ঈদের আগে পথশিশুদের নতুন পোশাক কিনে দিয়ে। রবিউল বলেন, ‘একটা আলাদা চিন্তা নিয়ে আমরা পাঁচ-ছয় মাস আগে শুরু করেছিলাম ফেসবুকে একটি গ্রুপ। নাম স্বপ্নময় বাংলাদেশ। যেখানে আমরা দেশের রাজনীতি, অর্থনীতি, সমস্যা, সম্ভাবনা ইত্যাদি নিয়ে মতামত প্রকাশ করি। এরপর একটা সিদ্ধান্তে পৌঁছে আলোচনা শেষ হয়। কিন্তু ঈদের আগে রোজার মধ্যে আমরা সিদ্ধান্ত নিই একটা নতুন ধরনের কাজ করার। সেখান থেকেই পরিকল্পনাটা মাথায় আসে।’পরিকল্পনাটা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দেওয়ার জন্য টাকা জোগাড় করার। এ জন্য তাঁরা ফেসবুক গ্রুপে বিষয়টি জানানোর পর সম্মতি দেয় প্রায় সবাই।জাহিদ বলেন, ‘সপ্তম রোজা থেকে শুরু হয় টাকা তোলা। আর ১৪ রোজা শেষে দেখা যায় ৫০ হাজারের মতো টাকা উঠেছে। টাকা দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ফেসবুক বন্ধুরা। এ ছাড়া চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন ক্যাম্পাসের বন্ধুরা টাকা দেয় সধ্যমতো।’টাকা জমা নেওয়ার জন্য এক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্ট খালি করা হয়। টাকা জমা হতে থাকে। এভাবেই আয়োজন সফল করে এই ফেসবুক গ্রুপটি। গ্রুপের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক আদনান মান্নান বলেন, ‘গ্রুপটির ঈদের আগের এমন চমৎকার উদ্যোগ আমাকে অবাক করেছে। এভাবে তরুণেরা এগিয়ে এলে দেশ সামনে এগিয়ে যেতে বাধ্য। আমি ওদের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করি।’গ্রুপটির এক সদস্য সুখপাখি (ফেসবুক নাম) বলেন, ‘এমন উদ্যোগ আমাকে অনেক মজা দিয়েছে। আর তাই নিজের খরচের টাকা থেকে ৫০০ টাকা দিয়েছি। ভালো কাজের সঙ্গী হতে পেরে ঈদও এবার ভালো কেটেছে। আসলে কাউকে কিছু দিতে পারার আনন্দ যে অনেক তৃপ্তি দিতে পারে, তা বুঝলাম।’