স্বপ্নযাত্রায় প্রস্তুত চট্টগ্রাম
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট, আর মাত্র ১১ দিন বাকি। ‘দ্য গ্রেটেস্ট শো অন বাংলাদেশ’-এর অন্যতম অংশীদার চট্টগ্রাম। এখানে গ্রুপ পর্বের দুটি ম্যাচ ছাড়াও একটি প্রস্তুতি ম্যাচ হবে। ১২ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপে চট্টগ্রামের স্বপ্নযাত্রা। এ লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, স্টেডিয়ামসংলগ্ন প্রধান সড়ক, নগরের রাস্তাঘাট, হোটেল—সব জায়গায় নতুনত্বের ছোঁয়া। পাশাপাশি নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণের কাজ এগিয়ে নিচ্ছে পুলিশ প্রশাসন। নগরের সৌন্দর্যবর্ধনের কাজও চলছে সমানে। প্রস্তুতি কমিটি সূত্রে জানা গেছে, বিশ্বকাপ সামনে রেখে বড় কাজগুলোর প্রায় ৯০ শতাংশ শেষ। এখন চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। গত শনিবার নগরের সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রস্তুতি কমিটির সভায় কাজের অগ্রগতি নিয়ে ব্যপক আলোচনা হয়। এ সময় সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পর্যটন করপোরেশন, রেলওয়েসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কাজের অগ্রগতি তুলে ধরেন। উল্লেখ্য, বিশ্বকাপ উপলক্ষে যত উন্নয়নকাজ হচ্ছে, তার সিংহভাগের দায়িত্বে রয়েছে সিটি করপোরেশন।সভা শেষে প্রস্তুতিকাজ তদারকিতে নিয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিম বলেন, ‘কাজের অগ্রগতি বেশ ভালো, বড় কাজগুলো শেষ পর্যায়ে। এখন বন্দরনগরকে আরও আকর্ষণীয় করার কাজ এগিয়ে নেব। চট্টগ্রামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য সবাই একনিষ্ঠ হয়ে কাজ করে যাচ্ছে।’ তিনি সিটি করপোরেশনের সৌন্দর্যবর্ধন কাজের প্রশংসা করেন। এ ছাড়া কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন।কাজ শেষ: স্টেডিয়ামের মাঠ, উইকেট, গ্যালারি, ফ্লাডলাইট ও প্রেসবক্স প্রস্তুত। শেষ হয়েছে স্টেডিয়ামের পাশের পুকুর ভরাট, পোর্ট কানেকটিং সড়ক সংস্কার, বৈদ্যুতিক খুঁটিতে রঙের কাজ ও স্টেডিয়ামের ভেতরে গাড়ি পার্কিংয়ের কাজ শেষ হয়েছে। এ ছাড়া ১৫টি হোটেলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। পর্যটন করপোরেশনের লিফলেট, ভ্রমণ গাইড তৈরি ও চিকিৎসক দলের কাজ শেষ হয়েছে। আংশিক কাজ বাকি: বিদেশি অতিথিদের চলাচল সহজ ও নিরাপদ করতে পর্যাপ্তসংখ্যক যানবাহনের ব্যবস্থা করছে পুলিশ। প্রস্তুতি কমিটির সভায় পুলিশ কমিশনার মো. আবুল কাশেম জানান, এসব কাজ শেষ পর্যায়ে। স্টেডিয়ামের বড় কাজ শেষ হলেও রং করা, ক্লাব হাউস গ্যালারির ওপরে ছাউনি দেওয়া এবং সৌন্দর্যবর্ধনের কাজ এখনো চলছে। এ ছাড়া প্রেসবক্স থেকে প্যাভিলিয়ন পর্যন্ত সড়কের কাজও চলছে। রেল স্টেশনের আশপাশে ঝুপড়ি উচ্ছেদ করে জায়গাটা পরিষ্কার করার তাগিদ দেওয়া হয় সভায়। স্টেডিয়ামের মূল প্রবেশপথ সাগরিকা সড়কের কাজ ১০ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে সভায় জানানো হয়। তবে সড়কের দুপাশে গাছ লাগানোর কাজ শেষ করতে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অবশ্য পাশের পশুরহাট সরাতে পারেনি সিটি করপোরেশন। নগরজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও অনেক বাকি। স্টেডিয়ামের পাশের পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সিটি করপোরেশন। জানা যায়, পর্যটন করপোরেশনের উদ্যোগে নগরের ১২টি স্থানে সহায়তাকেন্দ্র স্থাপন করা হচ্ছে। কিন্তু এতে একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের স্টিকার লাগানো নিয়ে আইসিসির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। তাই কাজটি এখনো শেষ হয়নি। এদিকে, বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুপাশের বাড়ি ও দোকান রং করা হয়নি। সিটি করপোরেশন বাড়ি ও দোকানমালিককে নিজেদের স্থাপনায় রং করার অনুরোধ জানিয়েছে। পুরোনো যানবাহনে রং করার কাজটিও শেষ হয়নি। তবে পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘আমরা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত যানবাহন মালিকদের অনুরোধ ও কাউন্সেলিং করে রং করানোর চেষ্টা করছি। এ ছাড়া কিছু মামলাও দিচ্ছি। এরপর কঠোর মনোভাব দেখানো হবে। ৩০ ফেব্রুয়ারির মধ্যে এটা শেষ হবে।’ এ ছাড়া রাস্তায় ট্রাফিক ও পথনির্দেশিকা চিহ্ন আঁকার কাজও চলছে বলে তিনি জানান। সিএমপির সঙ্গে আলোচনার ভিত্তিতে সিটি করপোরেশন এই কাজ করছে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, তাদের সবচেয়ে বড় কাজ হলো নগরের সৌন্দর্যবর্ধন। গ্রুপ পর্বের খেলা শুরু হওয়ার এক সপ্তাহ আগে পর্যন্ত এই কাজ চলবে বলে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি জানান। তিনি আরও বলেন, ‘নগরকে সুন্দর করে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এটা খেলার আগের সপ্তাহ পর্যন্ত চলবে। তবে দুঃখের বিষয় এখন পর্যন্ত আমরা কোনো সরকারি অর্থ পাইনি।’ আগামী ১১ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে চট্টগ্রামের বিশ্বকাপ শুরু হবে। ১৪ মার্চ দ্বিতীয় ম্যাচ হবে। এই ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ নেদারল্যান্ড। মূলত এই দুই ম্যাচ ঘিরে চট্টগ্রামকে বিশ্বসভায় তুলে ধরার আয়োজন। কাজের অগ্রগতি দেখে এখন বলা যায় চট্টগ্রাম প্রস্তুত।