স্বপ্নযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমি সবে ক্লাস এইটে। আমাদের এলাকার হাটে কেউ একজন দুটি সাইকেল কিনে ভাড়া দেওয়া শুরু করেছিল। এলাকায় আমার বয়সী প্রায় সব ছেলে সাইকেল চালানো শেখার প্রতিযোগিতায় নেমে গেল।আমার বাবার ধারণা, আমাকে দিয়ে ‘ঘরের কোণে’ বসে থাকা ছাড়া কিছুই হবে না। তিনি তাঁর ধারণা ব্যক্ত করার মুহূর্তে এক ধরনের ব্যথিত ভাব প্রকাশ করতেন। ক্লাস এইটে ওঠা একটা ছেলের তেমন কোনো আত্মবিবেচনা বোধ থাকার কথা নয়। হয়তো বা সেই কারণেই, আমি আন্তরিকভাবে না হলেও আমার বাবার বক্তব্য একেবারে অবিশ্বাস করতাম না। সাইকেল চালানো শিখতে হয় এলাকার বাজারে গিয়ে। ঘণ্টা প্রতি ভাড়া। আমার জন্য বাড়িতে সাইকেল আনা হলো। বিশাল উঠোন। সেখানে আমাকে শেখানো হবে। আমি যথেষ্ট আগ্রহ নিয়েই শেখা শুরু করলাম। সেই সঙ্গে ‘আমাকে দিয়ে কিছুই হবে না’ অপবাদ ঘোচানোরও একটা সূক্ষ্ম চেষ্টা। দুই দিনে চার ঘণ্টা খরচ করে মোটামুটি চালানো শিখলাম। কেউ একজন বলেছিলেন, ডু অর ডাই। আমি করতে গিয়ে না মরলেও দুই দিনের জ্বরে শয্যাশায়ী হলাম। জ্বরের কারণে সবাই খানিকটা উদার হয়ে উঠেছিল। আমি আমার বাবার উদারতার পরীক্ষা নিতে একটি বড় সাইকেল কিনে দেওয়ার বায়না ধরলাম। তিনি উদারতার পরীক্ষায় ফেল করে উল্টো আমাকে বড় হলে কিনে দেবেন টাইপ আশ্বাস দিয়ে শান্ত রাখার চেষ্টা করলেন। বড় হওয়াকে লম্বা হওয়া ধরে নিয়ে তাৎক্ষণিক লম্বা হওয়ার কোনো উপায় জানা না থাকায় আমার ঘোরতর আফসোস হতে লাগল। এরপর মাস খানেক কেটে গেল। এক রাতে স্বপ্ন দেখলাম, আমি সাইকেল চালাচ্ছি।পেছনের আসনে কেউ বসা। দুজনই যে যথেষ্ট ফূর্তিতে ছিলাম, তা স্বপ্নেও টের পাচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠে নাশতা করে যথারীতি স্কুলে গেলাম। ফেরার পথে একা আসছি আর ভাবছি, আজ বাড়ি ফেরার পর যদি অন্য রকম কিছু হতো, আনন্দময় কিছু।বাড়ি পৌঁছে দেখি, বারান্দায় একটি সাইকেল রাখা। নীলের ওপর কালো ছোপ ছোপ। স্বপ্নে দেখা সাইকেলের চেয়েও সুন্দর।মো. তানভীর হোসেন