স্বপ্নরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে হয় এ লেখাটিও তুমি এবার পড়বে না। হয়তো বা বাবাই তোমাকে পড়ে শোনাবে। তারপর বলবে, পাগল! এত কিছু লেখার কী দরকার ছিল। এত দিন পর লিখছি, কারণ আগের মতো তোমাকে সপ্তাহে সপ্তাহে চিঠি লেখা হয় না। এখন তো প্রতিদিনই মুঠোফোনে কথা হয়। আচ্ছা, মুঠোফোনের এ কথাগুলো কি মনের মতো হয়? তুমি তো বলো, এসব কথা নাকি তোমার ডিজিটাল বার্তা মনে হয়। তাই তো আমায় চিঠি লিখতে বলো। আচ্ছা, চিঠি যখন পড়ো না, তখন চিঠি লিখতে এত জোরাজুরি কিসের? আমিও যে চিঠি না লিখতে লিখতে চিঠি লেখার ভাষাটাই হারিয়েছি। স্নিগ্ধতা আর পবিত্রতা নাকি গাছ আর ফুলে। তাই তো তুমি বাড়িতে অনেক গাছ আর মৌসুমি ফুল লাগাতে। তাই ছোটবেলা থেকে ওগুলোর প্রতি আমার এত ভালোবাসা। তাই তো এখন ফোন করলে আমার শরীরের চেয়ে গাছপালার কথাই বেশি বলো। কোন গাছটার ডাল একটু শুকিয়েছে, কোনটার শরীর রোগা থেকে সতেজ হচ্ছে, কোনটায় ফুল ধরেছে, কোনটার ফল পাকছে ইত্যাদি। কোন গাছটায় ঘুঘু বসে, কোন আমগাছটার ঝোপে কোকিলটা সারা দিন ডাকে, বেলগাছে বাসা বাঁধা কাক দম্পতি সারা দিন কী করে, তোমার পোষা শালিক দুটো নাকি এখনো নিয়মিত আয়না দেখার জন্য তোমার ড্রইং রুমে আসে। অন্যের কবুতর আর চড়ুই পাখির দল তোমার রান্নাঘরে এখনো নিয়মিত হামলা চালায়। তোমার পোষা খ্যানসি (কুকুর) আর মিকি (বিড়াল) এখনো নাকি একসঙ্গে ঘুমায়। আরও কত গল্প বলো তুমি। শুধু জানতে চাও না আমার গল্পগুলো। কারণ তুমি জানো, ওগুলো ভালো থাকলে আমিও যে ভালো থাকব। জানো মা, সেই লালমনিরহাট থেকে যখন চট্টগ্রামে আসি, তখন ওই গাছগুলো আর পাখিগুলোর জন্য অনেক খারাপ লাগে। আর বাসে বসে হাজারো স্বপ্ন দেখি, তাদের নিয়ে সে স্বপ্নগুলো উড়ে যায় এলোমেলো বাতাসে। আমি ভাবি, ওদের নিয়ে একটা স্বপ্নরাজ্য বানাব, যেখানে থাকবে না কালো ধোঁয়া, ফাঁদ পাতা শিকারি আর মানুষের অত্যাচার। মা, শুধু তুমি একটু আমাকে সাহায্য করো। আমি জানি, তুমি সেটা করবে। মোস্তাক আহমেদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।