স্বপ্নলোকের চাবি
সন্ধ্যা থেকেই একটানা বৃষ্টি হচ্ছে, একেবারে কুকুর-বিড়াল বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছা করছে। কত দিন প্রাণ খুলে বৃষ্টিতে ভেজা হয় না! অনেক অপূর্ণ ইচ্ছার মতো এই অতি ক্ষুদ্র ইচ্ছাটিও এখন পূরণ করা সম্ভব নয়। গতকাল থেকেই প্রচণ্ড জ্বর, এখন একটু কম যদিও, তাই তো বারান্দায় বসে চা খেতে খেতে বৃষ্টি দেখছি।বিকেল থেকেই বিদ্যুৎ নেই। প্রতিবার ঠান্ডা বাতাসের সঙ্গে সারা শরীর শিহরিত হয়ে উঠছে। এখানে বসাটা বোধহয় ঠিক হচ্ছে না। কিন্তু উঠে যেতেও ইচ্ছা করছে না। চারদিক অন্ধকার, শীত শীত ভাব, তার মধ্যে একটানা বর্ষণের শব্দ—এ রকম সুন্দর দৃশ্য আজকাল দেখার সৌভাগ্য কমই হয়। এখন মনে হচ্ছে বিদ্যুৎ নেই, ভালোই হয়েছে। বিদ্যুতের কৃত্রিম আলো নিশ্চয়ই এই স্বপ্নিল দৃশ্যটাকে আমূল পরিবর্তন করে যান্ত্রিক করে দিত।মনে হচ্ছে নিকষ অন্ধকারেরও যেন এক ধরনের উজ্জ্বলতা আছে। মনে হচ্ছে মুহূর্তটা যেন একান্তই নিজের। হাত বাড়িয়ে শ্রাবণধারা স্পর্শ করলাম। মুহূর্তের মধ্যেই যেন সমস্ত শরীরের ভেতর দিয়ে এক ধরনের হিমশীতল বিদ্যুৎ বয়ে গেল, বরফ বিদ্যুৎ। প্রচণ্ড ঠান্ডা পানি, আসলেই কি ঠান্ডা! নাকি আমার কছে বেশি ঠান্ডা লাগছে! হঠাৎ আমার মস্তিষ্কের মধ্যে যেন এক অচেনা অনুভূতি খেলা করে গেল। প্রকৃতি যেন দুই হাত বাড়িয়ে আমাকে ডাকছে—আয়! আয়! আয়! তীব্র ভালোবাসার সে ডাক উপেক্ষা করার সাহস আমার নেই। অনেকটা নিশিতে পাওয়া রোগীর মতো ছাদে উঠে এলাম। মাথাটা এখন অনেক হালকা লাগছে। এবার সম্মোহিতের মতোই বৃষ্টি ও প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করলাম। প্রচণ্ড ঠান্ডা পানি যেন শরীরের সমস্ত শিরা-উপশিরা ভেদ করে আমাকে গ্রাস করে ফেলছে! কিন্তু অল্প সময় পরই লক্ষ করলাম, এখন আর ঠান্ডা লাগছে না! বৃষ্টির ফোঁটা তীরের মতো শরীরে বিঁধছে না! বরং শরীর ও মনজুড়ে এক অন্য রকম ভালো লাগা ছড়িয়ে পড়েছে। এই ভালো লাগার উৎস অচেনা কোনো এক জগতে। প্রকৃতি যেন তার অসীম ভালোবাসা নিয়ে আমাকে স্পর্শ করছে। চোখের সামনে এক এক করে খুলে যাচ্ছে স্বপ্নলোকের হাজারটা দরজা!মৃন্ময় আহ্সান[email protected]