স্বপ্নসম্ভবের অভিযাত্রী হ্যারল্ড ভারমাস
>

হ্যারল্ড ভারমাস। মার্কিন এই বিজ্ঞানী ১৯৮৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। ক্যানসার গবেষক হলেও আদতে তিনি সাহিত্যের ছাত্র! সম্প্রতি তিনি ঢাকা লিট ফেস্টের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। বাংলা একাডেমিতে আয়োজিত এই সাহিত্য উৎসবের এক ফাঁকে কথা হয় তাঁর সঙ্গে
মানুষ জীবনে কত কিছুই না হতে চায়। স্বপ্নের ঘুড়ি হয়ে জীবনের আকাশে ওড়ে সেসব আকাঙ্ক্ষা। চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী হ্যারল্ড ভারমাসই কি তাঁর লেখাপড়ার শুরুতে ভাবতে পেরেছিলেন, আমহার্স্ট কলেজের মেডিকেল স্কুলে পড়তে গিয়েও তিনি সাহিত্যের ছাত্র হয়ে যাবেন। আবার, ঠিক এক বছর পরেই মত বদলে পড়বেন চিকিৎসাবিজ্ঞান। নোবেল কমিটিকে দেওয়া তাঁর সংক্ষিপ্ত আত্মজীবনীতে হ্যারল্ড লিখেছেন, ‘পাঠের এক তীব্র আনন্দ হঠাৎই বদলে ফেলেছিল তাঁর পড়াশোনার ক্ষেত্রটিকে।’ মেডিকেল স্কুলে পড়ার ইচ্ছেটা হঠাৎ বদলে সাহিত্যের ক্লাসে বসে পড়েছিলেন তিনি। অবশ্য শেষরক্ষা হয়েছে। নইলে যে ক্যানসার চিকিৎসায় তাঁর যুগান্তকারী উদ্ভাবন আর সফল গবেষণাটিই সম্ভব হতো না।
নোবেলজয়ী মার্কিন চিকিৎসাবিজ্ঞানী হ্যারল্ড ই ভারমাস সম্প্রতি ঢাকা লিট ফেস্টের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। বাংলা একাডেমিতে আয়োজিত এই সাহিত্য উৎসবে কথা হয় তাঁর সঙ্গে। ক্যানসারের জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণার জন্য ১৯৮৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিনি। হ্যারল্ড ভারমাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কাউন্সিলেরও একজন উপদেষ্টা।

নোবেল পুরস্কার পাওয়ার বিষয়টি তাঁর মনে উজ্জ্বল এক ছবি হয়ে আছে। সুইডেন থেকে ভারমাসকে যখন ফোনে চিকিৎসাবিজ্ঞানে তাঁর নোবেল পাওয়ার খবরটি জানানো হয়, সে সময় তিনি ঘরেই ছিলেন। এই আনন্দের খবরটি শুনে হাসছিলেন। আর এর পরপরই শুরু হয়েছিল ফোনের পর ফোন—বন্ধু-সহকর্মী-স্বজন-পরিচিতদের। ঘরের লম্বা করিডরে দাঁড়িয়ে টানা তিন ঘণ্টা ফোনে কথা বলতে হয়েছিল তাঁকে। কথায় ক্লান্ত ভারমাসকে একপর্যায়ে সংবাদ সম্মেলন করতে হয়েছিল। এক সাক্ষাৎকারে ভারমাস বলেছিলেন, তিনি যে টানা তিন ঘণ্টা সে সময় ফোনে কথা বলেছিলেন, সে মুহূর্তের একটি ফটোগ্রাফ এখনো তাঁর কাছে আছে।
লেখাপড়ার শুরু এবং কীভাবে বিজ্ঞানের প্রতি ঝুঁকলেন—এমন প্রশ্নে ভারমাস জানান, গ্র্যাজুয়েট স্কুলে তাঁর পড়াশোনার বিষয়টি ‘চিকিৎসাবিজ্ঞান’ থেকে বদলে হয়েছিল ‘দর্শন’ এবং শেষে ‘ইংরেজি সাহিত্য’। সে সময় ছাত্ররাজনীতিতেও সক্রিয় হয়ে উঠছিলেন তিনি, এমনকি সাংবাদিকতাতেও। কলেজের যে সংবাদপত্রটি বের হতো; পত্রিকাটির সম্পাদক হয়েছিলেন তিনি। যা হোক, সাহিত্যের ক্লাসে আসা-যাওয়ার ঠিক এক বছরের মাথায় ভারমাস মনস্থির করেন, তিনি বিজ্ঞান; বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান নিয়েই পড়বেন। এ প্রসঙ্গে ভারমাস বলেন, জীবনের দিকনির্ণয় বা আদতে কী হতে চাই, এ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাহলে সাহিত্যে কেন পড়াশোনা শুরু করেছিলেন ভারমাস? এর উত্তর আছে তাঁর শৈশবে।
বর্ষীয়ান এই নোবেলজয়ী চিকিৎসাবিজ্ঞানী ঢাকায় বাংলা একাডেমির প্রাঙ্গণে বসে ফিরে গিয়েছিলেন তাঁর শৈশবে, মার্কিন মুলুকের ফ্লোরিডায়। সেখানকার দীর্ঘ সৈকত, লেক—এসব তাঁকে প্রভাবিত করেছে বৈকি। ভারমাসের বাবা সে সময় বিমানবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করতেন। ছোটবেলায় তিনি শারীরিক কসরত আর খেলাধুলার প্রতি কিছুটা অনাগ্রহী ছিলেন। এর চেয়ে তাঁর ভালো লাগত দীর্ঘ সমুদ্রের সৈকত ধরে হেঁটে যেতে, রোদের ভেতরে দূরে লেকের পাশ ঘেঁষে সাইকেল চালিয়ে একসময় ঘরে ফিরতে। খেয়ালি এই উজ্জ্বল বালক যে ভবিষ্যতে বিশিষ্ট কেউ হবেন, এ যেন ছিল তারই পূর্বপ্রস্তুতি। হ্যারল্ড ভারমাস সে কথা অন্যভাবে বলেন, ‘আমি চিকিৎসাবিজ্ঞানী, এর অর্থ এই নয়, আমি গান শুনতে ভালোবাসি না; শেক্সপিয়ারের নাটক দেখতে পছন্দ করি না। চমৎকৃত হওয়ার মতোই তথ্য জানান তিনি—তরুণ বয়সে কবিতাও লিখতেন হ্যারল্ড ভারমাস!
গ্র্যাজুয়েট স্কুলে বছর খানেক সাহিত্য পড়তে পড়তেই তাঁর মনে হয়েছিল, ‘এ পথ আমার নয়’। কাজেই আবারও বিজ্ঞানের ছাত্র হওয়া। এরপর থেকেই শুরু তাঁর স্বপ্নসম্ভবের অভিযাত্রা। প্রথমে কলম্বিয়া কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনার পথচলার শুরু, সে পথ ক্রমশ মার্কিন মুলুকের চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এশিয়ার ভারতের উত্তর প্রদেশের বেরিলির এক মিশন হাসপাতালে মাঠের কাজের অভিজ্ঞতা নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে ক্যানসারের জিনগত বৈশিষ্ট্যের ওপর যুগান্তকারী গবেষণায় মিশেছিল।
কথা প্রসঙ্গে ভারমাস জানান, ১৯৬৯ সালে তিনি মাইক বিশপের সঙ্গে কাজ শুরু করেছিলেন। যাঁর সঙ্গে তিনি যৌথভাবে পেয়েছেন নোবেল পুরস্কার। মলিকিউলার বায়োলজি, বিশেষ করে টিউমার ভাইরোলজিতে পোস্ট ডক্টরাল প্রশিক্ষণে তাঁর আগ্রহের বিষয়টিই তাঁকে টেনে নিয়ে গিয়েছিল বিশপের দরজার সামনে। দুই যুগ কাজ করেছেন এই বিষয় নিয়ে। কাজ শুরু করেছিলেন পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে। একপর্যায়ে ক্যানসারের জিনগত বৈশিষ্ট্য নিয়ে তাঁদের গবেষণার সাফল্য আসে। ক্যানসার গবেষণা ছাড়াও ভারমাস নানা বিষয় নিয়েই গবেষণা করেছেন। হেপাটাইটিস-বি ভাইরাস নিয়েও গবেষণা রয়েছে তাঁর।
ব্যক্তিজীবনে খুব সাদামাটা অনাড়ম্বর এই মানুষটি কিন্তু গবেষণা করেছেন ক্যানসার চিকিৎসার অত্যন্ত জটিল ও প্রায় অনির্ণেয় একটি বিষয়ের সুলুক সন্ধানে। ক্যানসার কীভাবে ছড়ায়, এর কারণ খুঁজতে গিয়েই ভারমাস শেষ পর্যন্ত আবিষ্কার করেন, এটি মূলত জিনগত একটি রোগ। তাঁর এই গবেষণা ক্যানসার চিকিৎসা, নিরাময় ও প্রতিরোধ-বিষয়ক অনেক জরুরি প্রশ্নের উত্তর দিয়েছে।
ক্যানসার চিকিৎসায় সঠিক ও সাশ্রয়ী পদ্ধতি আবিষ্কারে পথনির্দেশকের ভূমিকা রেখেছে।
আজকের আধুনিক ক্যানসার চিকিৎসার সাফল্যের পেছনে যে মানুষটি, যিনি এই গুরুত্বপূর্ণ উদ্ভাবনটি করেছেন; স্বপ্নসম্ভবের এই অভিযাত্রী কিন্তু ভিন্ন পথে অন্য কোনো পথ বেয়ে ভিন্ন শিখরে উঠে যেতে পারতেন। হয়তো তা হতো সাহিত্য কিংবা দর্শন, হতে পারত অনেক কিছুই। কিন্তু ভারমাস তাই করেছেন, যা তিনি করতে চেয়েছেন।