স্বপ্নাদের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশ্চিতভাবেই বলা যায়, ছবিটি তোলার সময় ফটোসাংবাদিক ‘ছবি তোলা হচ্ছে’ ধরনের কিছু বলে সতর্ক করে দিয়েছিলেন স্বপ্না খাতুনকে। এ কারণেই হয়তো ক্যামেরার দিকে তাঁর চোখ, মুখে মৃদু হাসি। তবে কোন পরিবেশে এই নারী বেঁচে আছেন, তার তত্ত্বতালাশ করতে গেলে আসল স্বপ্না খাতুনের দেখা মেলে। কেউ কেউ নিশ্চয়ই মনে করতে পারবেন, ২০০৯ সালের ২৫ মে আইলা এসে আঘাত হেনেছিল দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। একটা ছোট্ট ঘর আর দুমুঠো খাবার জুটলেই যাঁরা মনে করেন পেয়ে গেছেন সুখের অমৃত ঠিকানা, তাঁদের একেবারে নিঃস্ব করে দিয়েছিল আইলা। সেই দুরবস্থা এখনো কাটিয়ে উঠতে পারেনি সেখানকার মানুষ। ছবিটি আবার দেখুন। তাহলে স্বপ্না খাতুনের স্বপ্নভঙ্গ হওয়ার কারণটাও জেনে যাবেন। একটু বৃষ্টি হলেই এই আশ্রয়হীন মানুষ জলবন্দী হয়ে পড়েন। আমাদের মনে পড়ে যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৫ জুলাই শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষকে ২৫ হাজার টাকা করে গৃহনির্মাণ মঞ্জুরি দেবেন বলে কথা দিয়েছিলেন। সেদিন ১০ জন সৌভাগ্যবান পেয়েছিলেন সে টাকা। কিন্তু পরে স্থানীয় সাংসদ তালিকা সঠিক হয়নি বলে আদালতে রিট করলে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। বেসরকারি কিছু সাহায্য মিলেছে বটে, কিন্তু তা অপ্রতুল।‘মানবেতর জীবনযাপন’ বলতে কী বোঝায়, জানতে হলে দয়া করে সোরা গ্রামের স্বপ্না বা তাঁর মতো হতভাগ্য মানুষজনকে দেখে আসুন। আর স্বপ্নার কোলের শিশুটি? এই শিশুরা এভাবেই প্রতিকূল অবস্থায় টিকে থাকতে থাকতে একসময় ‘মানবেতর পরিবেশ’কেই আসল জীবন বলে মেনে নেয়। সেই জায়গাতেই তো একটু ধাক্কা দেওয়া দরকার। ১৮ আগস্ট প্রথম আলোর ‘সারা দেশ’ পাতায় প্রকাশিত ছবিটি দেখে মনে একটি প্রশ্নই জাগে—স্বপ্নাদের স্বপ্নগুলো বাস্তবে নিয়ে আসার জন্য কি খুব বেশি কিছু দরকার?জা. রে. নূ.