স্বপ্নিল ধ্রুপদীর অন্য রকম আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ, গান, কথামালা আর ফ্যাশন কিউতে অন্য রকম হয়ে উঠেছিল স্বপ্নিল ধ্রুপদীর ঈদ কালচারাল ফ্যামিলি নাইট ২০১০। ২ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসেছিল সৃজনশীল কিছু মানুষের মিলনমেলা। এতে বিভিন্ন পরিবেশনার ফাঁকে ফাঁকে কথামালায় অংশ নেন ব্যাংকার বিষ্ণুপদ চৌধুরী, ডিজাইনার আহমেদ নেওয়াজ, নাট্যজন অলক মাহমুদ, ডিজাইনার সুব্রত বড়ুয়া, অধ্যাপক মুহম্মদ মাসুম চৌধুরী, এম মোরশেদ বিল্লাহ ও মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে ডিজাইনার রওশন আরা চৌধুরী ও মঞ্জুরুল আমিন চৌধুরীকে সম্মাননাপদক দেওয়া হয়। রওশন আরা চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সুঁই, সুতো আর রং নিয়ে কাজ করি। লক্ষ করেছি সমাজের প্রতিটা স্তরে ঘুণে ধরে গেছে। পরিবারের বাঁধন আলগা হয়ে গেছে। শেয়ারিং কেয়ারিং নেই সন্তানদের ভেতর। পরিবারের ছায়া-মমতা দিয়ে সন্তানদের মানুষ করতে হবে। মা যত বড় সেলিব্রেটি হোক না কেন সন্তান যদি মানুষ না হয়ে কুখ্যাত হয় তবে মায়ের কোনো মূল্য নেই।’মঞ্জুরুল আমিন চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘কাউকে সম্মাননা দেওয়া মানে তাঁকে দায়বদ্ধতায় আবদ্ধ করে ফেলা। তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান আমি, জীবন বোধে বিশ্বাস করি।’অনুষ্ঠানে হানিফ খন্দকারের পরিচালনায় ‘ভালোবাসি বড় ভালোবাসি এর চেয়ে বেশি ভালোবাসা যায় না’ গানের সঙ্গে পরিবেশিত নাচটি ভালো হয়েছে। ফ্যাশন কিউতে ছিল—পাঞ্জাবি, শাড়ি, লেহেঙ্গা ও যুগল পোশাক। নতুন ডিজাইনের, বাহারি কাজের চমৎকার সব পোশাক প্রদর্শন করেন মডেলরা। পোশাকগুলো ডিজাইন করেন রওশন আরা চৌধুরী। কোরিওগ্রাফার ছিলেন জন। টিআইসির মঞ্চটা ফ্যাশন শোর উপযোগী না হলেও মডেল ও কোরিওগ্রাফারের মুনশিয়ানায় কাজটা মোটামুটি চালিয়ে নিয়েছেন তাঁরা। সবশেষে ছিল সংগীতানুষ্ঠান। এতে রবিউল হাসান একে একে পরিবেশন করেন ‘নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না’, ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব’ ও ‘রাতের আকাশে...ধ্রুবতারা।’ তাঁর দরদি পরিবেশনার রেশ কাটতে না কাটতে সেতুর কণ্ঠে ‘আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না’ দর্শকদের আপ্লুত করে। উপস্থাপনায় ছিলেন স্বপ্নিল ধ্রুপদীর সম্পাদক মঈনুদ্দিন। পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন দর্শক মামুনুর রশীদ। তিনি বলেন, ‘পুরো অনুষ্ঠানটি বলতে গেলে খাপছাড়া। কোনো পরিকল্পনা ছিল বলে মনে হয় না। উপস্থাপক প্রথমত বেশি কথা বলেছেন, দ্বিতীয়ত অতিথিদের তিনবার করে মঞ্চে তুলেছেন। এতে সময় নষ্ট হয়েছে।’