স্বপ্নীল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের এলাকায়ও প্রথম আলোর শপথযান এসেছিল। সেদিন কয়েকজন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলাম। হঠাত্ সবার শপথ লেখার ইচ্ছে হলো। আমি লিখেছিলাম, ‘গরিব-দুস্থকে সাহায্য করার চেষ্টা করব এবং অসত্ ও অন্যায় কাজ কখনো করব না এবং এতে সহযোগিতা করব না’। যা-ই হোক, মূল কথায় আসি। আমি এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে এ+ পেলেও বাংলায় পেলাম না। আমাদের কলেজের অধিকাংশ ছাত্রই বাংলায় এ+ পেল না, কিন্তু সবাই খুব আশাবাদী ছিল। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, আমরা আবার খাতা পরীক্ষা করাব। যথারীতি একদিন সকালবেলা রওনা হলাম বোর্ড অফিসে কয়েকজন বন্ধুসহ। সেখানে গিয়ে জানতে পারলাম, চ্যালেঞ্জ জানাতে হলে একটি ফরম পূরণ করতে হয়, যার দাম ২০০ টাকা। অথচ সেখানকার দায়িত্বরত কর্মকর্তা ৫০০ টাকা করে চাইলেন। সবাই টাকা দিয়ে ফরম পূরণ করে চলে গেল। কিন্তু এক বন্ধু ও আমি সিদ্ধান্ত নিলাম, উপরি দেওয়া ছাড়াই এ কাজ করে তারপর যাব। আমরা যখন এ কাজের জন্য তাগাদা দিলাম, তখন আমাদের বলা হলো ঘণ্টা দুই পরে আসতে। পরে যখন গেলাম, তখন বলা হলো ঘণ্টা তিনেক পরে আসতে। এভাবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা অপেক্ষা করেই কাটিয়ে দিলাম। তারপর অফিস ছুটির সময় হলে আবার গেলাম। তখন তিনি বললেন, ‘আপনারা যাননি?’ উত্তর দিলাম, কাল কি আবার এসে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করব? আমরা কিন্তু আসতেই থাকব। অবশেষে তিনি আমাদের ফরম দিয়ে ভোগান্তির অবসান ঘটালেন। ধন্যবাদ তাঁকে। শপথের স্মরণই আমাকে এই অসত্ কাজ থেকে বিরত রেখেছিল।আল আমিনঢাকা।