স্বপ্নের এমআইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআইটি, প্রিন্সটন, স্টানফোর্ড, কর্নেল ও ক্যালটেক—যুক্তরাষ্ট্রের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়ে শেষ পর্যন্ত ভর্তি হন এমআইটিতে। এমআইটিতে লেখাপড়ার অভিজ্ঞতা জানাচ্ছেন নাজিয়া চৌধুরীদেখতে দেখতে এমআইটিতে দুই বছর শেষ হয়ে গেল। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) আবেদনপত্র যেদিন জমা দিয়েছিলাম, সেই দিনটা আমার এখনো মনে আছে: ২৬ নভেম্বর ২০০৯। পরে ১৪ মার্চ ২০১০ সালে ফল প্রকাশিত হলো। আমি তখন এইচএসসির পড়ালেখা নিয়ে ব্যস্ত, ফল বের হওয়ার সঙ্গে সঙ্গে ই-মেইল চেক করা হয়ে ওঠেনি। পরে আমার গণিত অলিম্পিয়াডের বন্ধু মুন (তারিক আদনান) ফোন দিল, এখনই চেক করো! চেক করে দেখি, অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে, এমআইটি আমাকে তাদের ‘ক্লাস অব-২০১৪’-এ শামিল করে নিয়েছে।এমআইটি ছিল আমার প্রকৌশলী আব্বুর স্বপ্নের বিশ্ববিদ্যালয়, আমাকেও বলত। কিন্তু আমার প্রকৌশলী হওয়ার ইচ্ছাটা কোনোকালেই ছিল না। আর এমআইটির নামডাক ছিল ‘ইঞ্জিনিয়ারিং স্কুল’ হিসেবেই। তাই খুব সিরিয়াসলি এ বিষয়ে চিন্তা করা হয়ে ওঠেনি। পরে ২০০৭ সালে জাতীয় গণিত অলিম্পিয়াডের ক্যাম্পে আমাদের কোচ মাহবুব মজুমদার স্যারের সান্নিধ্যে আসার সৌভাগ্য হলো। আর মুনির হাসান তো গণিত অলিম্পিয়াডের আগা থেকে গোড়া—সব জায়গাতেই! তো, আমার আব্বু-আম্মু আর গণিত অলিম্পিয়াডে এই দুজন মানুষই আমাকে এমআইটিতে আবেদন করানোর মূল হোতা। তাঁদের উৎসাহ আর আগ্রহ না থাকলে আসলে এইচএসসির আগে ভাঙা পা নিয়ে স্যাট দিয়ে এত সব আবেদনপত্র লেখা আমাকে দিয়ে হতো না। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের ফরিদ স্যার।আবেদন করে ডাক পেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে—এমআইটি, প্রিন্সটন, স্টানফোর্ড, ক্যালটেক ও কর্নেল। এর মধ্য থেকে একটিকে বাছাই করা একটু কঠিনই ছিল। কিন্তু আগে থেকেই এমআইটি এমআইটি শুনে শুনে অভ্যস্ত আমি বেছে নিলাম সেই এমআইটিকেই।পড়ালেখাএমআইটিতে প্রথম বছরটা আমার কেটেছে GIR (General Institute Requirements) ক্লাস নিয়েই। এই ব্যবস্থায় এমআইটির সব শিক্ষার্থীকে একটি বায়োলজি, একটি কেমিস্ট্রি, দুটি ফিজিক্স, দুটি গণিত ও আটটি হিউম্যানিটিস বিভাগের ক্লাস নিতে হয়। ক্লাস শুরুর আগে আমি খুব ভয়ে ভয়ে ছিলাম—কী জানি, কত্ত কঠিন পড়ালেখা। ক্লাস শুরু হলো, আস্তে আস্তে দেখলাম অনেক কিছু বুঝতে হচ্ছে খুব অল্প সময়ে। কিন্তু মুখস্থ করার ব্যাপার নেই বলে খারাপ লাগত না। কনসেপ্ট বুঝতাম, আর সপ্তাহে একটা করে প্রবলেম সেট দিত প্রতিটি কোর্সে, সেগুলো সমাধান করার চেষ্টা করতাম। প্রবলেম সেটগুলো অনেকটা বাংলাদেশের স্কুলে হোমওয়ার্কের মতো। কিন্তু এই হোমওয়ার্কে অনেক চিন্তাভাবনা করার মতো সমস্যা থাকে। অনেক অধ্যাপক তো তাঁদের গবেষণার ছোটখাটো দিকগুলো তুলে দেন সমস্যা হিসেবে। কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হলে সোজা চলে যেতাম অধ্যাপকদের অফিসে।এ ছাড়া প্রতি কোর্সে কিছু পিএইচডির শিক্ষার্থী থাকেন TA (Teaching Assistant) হিসেবে, তাঁরাও বুঝিয়ে দিতে বেশ পারদর্শী। এমআইটির বিশাল বিশাল লাইব্রেরি আর সুন্দর সুন্দর সব স্টাডি স্পেসে পড়ালেখা করেও আনন্দ। ক্লাসের মাঝখানে ঘুম দিতে হলেও এসব মনোরম স্পেসে চলে যাই আমি!প্রথম বছর আমার সবচেয়ে প্রিয় ক্লাস ছিল বায়োলজি। ক্লাস নিতেন বিশ্বখ্যাত ক্যানসার বিজ্ঞানী ওয়াইনবার্গ আর হিউম্যান জিনোম ম্যাপিং প্রজেক্টের অন্যতম কর্ণধার বিজ্ঞানী ল্যান্ডার। অধ্যাপক ল্যান্ডারের ক্লাস এমআইটিতে বিখ্যাত টেবিলের ওপর পা ঝুলিয়ে বসে এত মজা করে তিনি বায়োলজি বোঝাতেন যে, আমার ফিজিক্স-পাগল রুমমেট বায়োলজি পড়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল। বায়োলজি যে কত মজার হতে পারে! আমার আফসোস, বাংলাদেশে স্কুল-কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা এই মজাটা কমই পায়।এমআইটিতে বছরে দুটি সেমিস্টার। একটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, অপরটা ফেব্রুয়ারি থেকে মে। জানুয়ারিকে বলা হয় ‘Independent Activities Period’ ev IAP। আইএপিতে যে যা ইচ্ছা তা-ই করতে পারে। কেউ প্রোগ্রামিং করে, কেউ রান্না শেখে, কেউ হাইস্কুলে পড়ায়, কেউ আবার ঘুমিয়ে কাটায়। আইএপি খুবই ভালো কাটে আমার। আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে, সেটা হলো ইচ্ছামতো বিষয়ে ক্লাস নেওয়ার স্বাধীনতা। বায়োলজি পড়ছি বলে বায়োলজি ক্লাসই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি ‘রাইটিং’, মনোবিজ্ঞান, অর্থনীতি, এনথ্রোপলজি—এসব ক্লাসও নিয়েছি। আমার বন্ধুরা নিয়েছে ফটোগ্রাফি, ইতিহাস, ফিলোসফি—এসব ক্লাস। এ বছর ইচ্ছা আছে স্প্যানিশ শেখার। ল্যাব ক্লাসও বেশ মজার। ল্যাব ক্লাসের বাইরে অধ্যাপকদের অধীনে আসল গবেষণা করার সুযোগও রয়েছে। UROP (Undergraduate Research Opportunities Program)-এ অংশ নেয় এমআইটির প্রায় ৮০ শতাংশ আন্ডারগ্র্যাড। আমি এই প্রোগ্রামে অংশ নিয়ে কাজ করেছি ‘কোখ ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ’-এ। এই সেপ্টেম্বর থেকে আবার কাজ শুরু করব ‘পিকাওয়ার ইনস্টিটিউট অব লার্নিং অ্যান্ড মেমোরি’তে অটিজম আর আলঝেইমারসের গবেষণায়। আর যারা চাকরিক্ষেত্রে যেতে চায়, তাদের তো হাজার হাজার সুবিধা রয়েছে। মাইক্রোসফট, নোভার্টিসের মতো বড় বড় কোম্পানি ক্যাম্পাসে আসে এমআইটিতে পড়ুয়া শিক্ষার্থীদের চাকরি দিতে। অনেকে আবার শুরু করে ড্রপবক্সের মতো নিজের কোম্পানি। এমআইটির সংস্কৃতি খুব ‘পাবলিক সার্ভিস’ অরিয়েন্টেড—মোটামুটি সবাই মানুষের জন্য কাজ করতে চায়। অধিকাংশ শিক্ষার্থী পাবলিক সার্ভিস সেন্টারে কোনো না কোনো জনসেবামূলক প্রজেক্টের সঙ্গে জড়িত। এই মনোভাবের কারণে ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যেও একটি শক্তিশালী সাপোর্ট নেটওয়ার্ক গড়ে উঠেছে। কোনো সমস্যা হলে চোখ বন্ধ করে অন্য একজন শিক্ষার্থীর কাছে সাহায্য চাওয়া যায়। শুধু কথাবার্তা ভালো করে বলতে জানলেই হয়।পড়ালেখার বাইরের জগৎপড়ালেখার বাইরে একটা মজার জগতে বাস করে এমআইটির শিক্ষার্থীরা। কেউ নাচে, কেউ লেখালেখি করে, কেউ আবার করে প্রত্যক্ষ রাজনীতিও। শ খানেকের মতো ছাত্রসংগঠন আছে ক্যাম্পাসে। এর মধ্যে তিন-চারটার সঙ্গে জড়িত আছি আমিও। এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো ক্যাম্পাসের সবচেয়ে বড় পত্রিকা দ্য টেক-এর জন্য লেখালেখি করা। লেখালেখি প্রিয় ছিল ছোটবেলা থেকেই। তাই এমআইটিতে গিয়েও এই সুযোগ হাতছাড়া করিনি। আমার কাজ হলো ক্যাম্পাসে কী কী হচ্ছে, কী কী হবে—এসব নিয়ে কথাবার্তা বলা। কথাবার্তা বলার কাজটা করতে হয় RAA (Residential Associate Advisor) হিসেবেও। এই ভারী নামের পদবির কাজটা কিন্তু খুব মজার। আমার ডর্মে যেসব ফ্রেশমেন (প্রথম বর্ষের শিক্ষার্থী) আসে, তাদের সঙ্গে মাঝে মাঝে গল্পগুজব করা, তাদের সমস্যার সমাধান করা, তাদের বাইরে খেতে নিয়ে যাওয়া (অবশ্যই এমআইটির খরচে)—এসব হলো আমার কাজ। এই সুযোগে নতুন নতুন ইন্টারেস্টিং অনেক পিচ্চির সঙ্গে মেশা হয়, ভালোই লাগে।আমি এমআইটির ক্যাম্পাসেই একটি ডর্মে থাকি—এটা আমার প্রথম বাসার বাইরে থাকা। ডর্মে বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা করে, আড্ডা মেরে জীবন ভালোই কাটে। সবচেয়ে আনন্দের দিক হলো, বন্ধুদের জন্মদিনে অন্যরা মিলে সারপ্রাইজ পার্টি প্ল্যান করে। নতুন নতুন সারপ্রাইজ পেয়ে জন্মদিনটা ভালো যায়। এ ছাড়া আমাদের এখানে বেশ ভালো একটা বাংলাদেশি কমিউনিটি হয়ে উঠেছে। আমাদের প্রতিবেশী বিশ্ববিদ্যালয় বোস্টন ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী রয়েছে। আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে এরই মধ্যে। আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনে আমরা জাতীয় দিবস এবং ঈদ বা উৎসব পালন করি। এ ছাড়া মাঝে মাঝে ডাইনিংয়ে মার্কিন খাবার খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠলে বাংলাদেশি রেস্টুরেন্টে খেতেও যাই একসঙ্গে। কিছুদিন আগে এশিয়া কাপে বাংলাদেশের সব কটি ম্যাচ দেখেছি আমরা। এভাবে দেশ থেকে অনেক দূরে ছোট একটা বাংলাদেশ গড়ে তুলেছি আমরা নিজেরা। দেশ তো আর হয় না, দেশের কথা কী যে মনে পড়ে! কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি।