২৬ মার্চের আলো ঝলমল সকাল। সোনালি রোদ সবুজ পাতার চাদোয়া ভেদ করে গলে পড়ছে ইডেন মহিলা কলেজের ক্যাম্পাসে। আর বাতাস মুখরিত হচ্ছে মনকে নাড়িয়ে দেওয়া দেশের গানে। অসাধারণ এই দিনটিকে প্রাণের সুরে ও নাচের তালে মুখরিত করে তুলছেন ইডেন মহিলা কলেজের সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ছায়াবীথির শিল্পীরা।শুধুই কি জাতীয় উৎসব? ‘না তো!’ বললেন ছায়াবীথির অন্যতম প্রধান সমন্বয়ক জেরিন তাবাস্সুম হক। সবার প্রিয় জেরিন আপু। ‘ছায়াবীথি সব জাতীয় উৎসব ছাড়াও কলেজের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে থাকে ছায়াবীথির নাম।’শুধুই কি কলেজের অনুষ্ঠান? ‘ছায়াবীথি বাংলাদেশ টেলিভিশনের ক্যাম্পাস প্রাঙ্গণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নেসক্যাফে কনসার্টও বাদ যায় না।’ বললেন মহম্মদ জহুরুল হক। ছায়াবীথির গানের শিক্ষক এবং সদস্য তিনি। শিক্ষকেরাও সদস্য? ‘এটাই তো মজা। ছায়াবীথিতে গানপাগল শিক্ষকেরাও সদস্যপদে আছেন। একসময়ে রেডিও টেলিভিশন দাবড়ে বেড়ানো শিল্পী তাঁরা। ‘গান শেখার পাশাপাশি তাঁদের সান্নিধ্য পাওয়াটা আমাদের জন্য বোনাস।’ হেসে যোগ করলেন অন্য সদস্য বর্ণা।গানের দলের অন্যতম কান্ডারি দেওয়ান ইউনুস আলী তখন ইয়েস কার্ড দিপা রায় আর রুনা পণ্ডিতকে খুঁজছেন। ইয়েস কার্ড, পণ্ডিত মানে? ‘মানে অন্য কিছু না।’ স্মিত হেসে বললেন তিনি। দিপা ক্লোজআপ ওয়ানের ইয়েস কার্ড পাওয়া শিল্পী, আর রুনা সেরা কণ্ঠের। প্রাপ্তিই এখন ওদের পদবি।এমন কৃতী আর কে কে আছেন? ‘কতজন!’ গর্বিত কণ্ঠে তালিকা দেওয়া শুরু করলেন সবাই। ছায়াবীথির বুলবুলি রংপুর বেতারের ভাওয়াইয়া শিল্পী। গানের দলের অন্য সদস্য ইতিও ঢাকা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। আরও আছেন শাকিলা, সেরা কণ্ঠের সেরা ৩০-এর একজন ছিলেন গত বছর। আর গানের পাখিরা কি কম ছিলেন ইডেনে? কখনো না। ইডেনের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়েছিলেন ফেরদৌসী রহমান, ফেরদৌস আরা, সামিনা চৌধুরীর মতো দেশবরেণ্য শিল্পীরা। তখন অবশ্য ছায়াবীথি ছিল না’ বলে হেসে উঠলেন সবাই। তবে ছায়াবীথির জন্ম? ২০০৪ সালে। গুটিকয় সদস্য নিয়ে শুরু হয়েছিল পায়ে পায়ে পথচলা। ২০১০-এ সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জন, তাও শুধু গানের দলে! নাচের দলে আছে আরও ৬০ জন।হ্যাঁ, ছায়াবীথিতে শেখা যায় নাচও। ‘ইচ্ছেটাই আসল’। বললেন রিবা। ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নাচব, আব্বুর ইচ্ছেতে শিখতে হলো গান। আমার স্বপ্নটা পূরণ হলো ছায়াবীথিতে।’ দুষ্টুমি মেখে আরও যোগ করলেন, ‘গান গাইতে গেলে এখনো হাঁটু কাঁপে। কিন্তু নাচতে গেলে? মুদ্রাগুলো আপনা থেকেই চলে আসে।’ছায়ানটে গান শেখেন অন্য সদস্য বর্ষা। তবু ছায়াবীথির অনুষ্ঠানগুলোতে হাজির হওয়া চাইই তাঁর। ‘এটা আমার একান্ত আপন জায়গা।’ বর্ষার কণ্ঠেই ফুটে ওঠে ছায়াবীথির জন্য ভালোবাসা। তাল মিলিয়ে জিতু বললেন, ‘বাসা থেকে বাইরে গান শেখার অনুমতি পাইনি কোনো দিনই। এখন আমি শুধু যে গান করি তাই নয়, মঞ্চেও অনুষ্ঠান করি।’আলতা মাখা পা দোলাতে দোলাতে অ্যানি বললেন, ‘শুধু কি অনুষ্ঠান? নিয়মিত অনুশীলনের বাইরে প্রয়োজনমতো তা ঝালিয়ে নেওয়ার সুযোগ আছে এখানে। আর যে আত্মবিশ্বাসটা পেয়েছি, তা দিয়ে পুরো দুনিয়া নেচে আসা যাবে।’‘ছায়াবীথির স্বপ্ন এটাই।’ যোগ করলেন জেরিন, ‘প্রতিষ্ঠিতদের পাশাপাশি, সম্ভাবনা আছে অথচ সুযোগ পাচ্ছেন না এমন সফল সংস্কৃতিপ্রেমীকে এক করার; একটি সুসংবদ্ধ দল তৈরি করার।’ ইডেন মহিলা কলেজের মতো সুবিশাল ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিড় লেগেই থাকে। সে কারণে জীবনে প্রথম মঞ্চে অনুষ্ঠান করার স্বপ্ন পূরণে সহযোগিতা করতে পারছে ছায়াবীথি।আপনি যদি ইডেন কলেজের ছাত্রী হয়ে থাকেন, তাহলে মাত্র ১৫০ টাকায় ফরম পূরণ করে সদস্য হয়ে যেতে পারেন ছায়াবীথির। মনের কোণে গুনগুনিয়ে ওঠা সুর কিংবা পায়ে হঠাৎ বেজে ওঠা নাচের মুদ্রাগুলোর অস্ফুট স্বপ্নগুলোকে দিন ডানা মেলার অপার স্বাধীনতা। ছায়াবীথি আপনার পাশেই আছে।