স্বপ্নের জয় হোক

‘আমি বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত হলো ‘জাতীয় বন্ধু সমাবেশ ২০১৬’। সোনার বাংলাকে ভালোবাসার শপথ নিয়ে শুরু হয় এবারের বন্ধু সমাবেশ। সারা দেশের ১৩০টি বন্ধুসভার প্রায় ১ হাজার ৩০০ বন্ধুর অংশগ্রহণে দুই দিনের বন্ধু সমাবেশ পরিণত হয় উৎসবে। সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুদের শুভেচ্ছা জানান জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন, অভিনেত্রী তিশা, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আনিসুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন ও জাতীয় বন্ধু সমাবেশ ২০১৬ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক জান্নাতুল বাকের। মঞ্চ থেকে ভেসে আসে সাইদুজ্জামান রওশনের কথা ও কবির বকুলের সুর করা বন্ধুসভার গান যা বন্ধুদের ভালো কাজ করার প্রেরণাকে আরও বাড়িয়ে দিয়েছে। সারা দেশ থেকে আসা বন্ধুদের জমকালো পরিবেশনায় এক মুহূর্তের জন্যও ঘুমাননি বন্ধুরা। বন্ধুরা শুধু ভালো কাজই করেন না, ভালো কাজের পাশাপাশি সমানতালে নিজেকে গড়ে তুলছেন, সেই স্বাক্ষর বহন করে তাঁদের প্রতিটি পরিবেশনা। বন্ধুদের আবৃত্তি, নাচ ও গানে প্রাণ পায় জাতীয় বন্ধু সমাবেশ।
বন্ধুদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন মনোরোগ চিকিত্সক মোহিত কামাল ও ফারজানা রহমান। বন্ধুদের বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক হওয়ার আহ্বান জানান প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। নারী উদ্যোক্তা তানিয়া ওয়াহাব বন্ধুদের শিক্ষাজীবন থেকেই উদ্যোগী হয়ে ওঠার কথা বলেন। পাশাপাশি বন্ধুদের জীবনরক্ষাকারী কিছু টিকা গ্রহণের পরামর্শ দেন বন্ধুসভার বন্ধু চিকিত্সক ফারহানা মোবিন। সমাবেশে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বন্ধুসভার বন্ধুদের বই পড়ার ওপর গুরুত্ব দেন। বছরের প্রথম দিনের সূর্য ঘুমিয়ে গেলেও শালবনের ১৫০ তাঁবু ছিল নিশাচর। প্রকৃতি, ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির নাম দেওয়া তাঁবুগুলো যাঁদের জন্য বরাদ্দ ছিল, তাঁরা সত্যিকার অর্থেই সেই কৃষ্টির দাবিদার। সমাপনী দিনে বন্ধুদের পরিবেশনার সঙ্গে ছিল অতিথি শিল্পীদের উপস্থাপনা। বন্ধুদের শুভেচ্ছা জানান কবির বকুল।
ভালো কাজ করার স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশে এর মধ্যেই ছড়িয়ে পড়েছে ১ হাজার ৩০০ জোড়া চোখ। আমাদের স্বপ্নের জয় হোক।
সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ


