স্বপ্নের ঠিকানার আশায় আবাসন মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম চট্টগ্রামের রিহ্যাব আবাসন মেলায় ১০০ প্রতিষ্ঠান অংশ নিল। চট্টগ্রাম ক্লাবের টেনিস কমপ্লেক্সে এই মেলা প্রতিদিনই লোকে লোকারণ্য ছিল। বিশেষ করে দ্বিতীয় দিন শুক্রবার ছিল দর্শক ও ক্রেতার উপচে পড়া ভিড়। গতকাল শনিবার শেষদিনেও এই উত্সাহ উদ্দীপনায় ভাটা ছিল না। মেলায় কেউ আসেন দেখতে, কেউ আসেন স্বপ্নের নীড়ের খোঁজে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও মেলা উপলক্ষে ক্রেতাদের সাধ্যমতো উপহার ও ছাড় দিয়েছে। অ্যাপার্টমেন্ট, দোকান বা কার্যালয়ের জায়গা বুকিং দিলেই কনকর্ড দিয়েছে গাড়ি, সানমার টিভি, ভিসিডিসহ নগদ টাকা ছাড়, মিশন গ্রুপ চট্টগ্রাম-দুবাই-চট্টগ্রাম বিমান টিকিট, মহানগর প্রতি অ্যাপার্টমেন্টে সোয়া পাঁচ লাখ টাকা ও আইডিয়াল হোম বিল্ডার্স প্রতি বুকিংয়ে দুই লাখ টাকা ছাড় দিয়েছে। তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গত বৃহস্পতিবার উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এবং সংসদ সদস্য নছরুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বার বার ঘুরেফিরে এসেছে আবাসনশিল্প নিয়ে সাম্প্রতিক সময়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের ভাষায় ‘ভূমিদস্যু’ বিষয়টি। সেটা স্বীকারও করেন অতিথিদের কেউ কেউ। তাঁরা বলেন, ‘দুই-একটি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুষ্কর্মের কারণে আমাদের ভূমিদস্যু অপবাদ দেওয়া হচ্ছে। এ থেকে আমরা মুক্তি চাই।’ অর্থনীতিতে রিহ্যাব অনন্য ভূমিকা রেখে যাচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন। পাশাপাশি রিহ্যাব সদস্যদের মানসম্পন্ন সেবাদানেরও আহ্বান জানান বক্তারা। মেলায় নামী প্রতিষ্ঠানগুলোর দোকানে দর্শকের ভিড় বেশি ছিল। সানমার, ইকুইটি, বিটিআই, মিসমাক, কনকর্ড, আশিয়ান সিটি, মিশন গ্রুপের দোকান সারাক্ষণই জমজমাট ছিল।এ ছাড়া চট্টগ্রাম মেলা থেকে কক্সবাজার ও ঢাকায় জমি কিংবা ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ ছিল। প্রতিটি প্রতিষ্ঠানের ছিল একাধিক প্রকল্প। প্রত্যেক প্রতিষ্ঠান গত বছরের মেলার চেয়ে বেশি বিক্রির লক্ষ্য নিয়ে মেলায় আসে। সানমারের বিক্রয় নির্বাহী সুমন কান্তি ভট্টাচার্য বলেন, ‘গতবারের মেলায় এসে ছয়টি ফ্ল্যাট ও দুটি প্লটের বুকিং পেয়েছিলাম। এবার আশা করি আরও বেশি পাব। নগদ ছাড়সহ বিভিন্ন উপহার দিচ্ছি আমরা।’ উচ্চবিত্তদের পাশাপাশি ভিড় জমিয়েছেন নিম্নমধ্যবিত্ত ক্রেতারাও। তাঁরা সাধ্যের মধ্যে খুঁজে ফিরেছেন একটি ঠিকানা। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. সাঈদুর রহমান বলেন, ‘দুই দিন ধরে দেখছি। সবদিক দিয়ে সুবিধাজনক একটি ফ্ল্যাট খুঁজছি। কিছু কিছু প্রতিষ্ঠানের ফ্ল্যাটের দাম কম। কিন্তু ভাবছি সেগুলো কতটা নিরাপদ ও টেকসই হবে।’ অসংখ্য নারী ক্রেতাও ছিল মেলায়। মেলায় ক্রেতারা মানসম্পন্ন সেবা ও মজবুত বসতির বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান বিক্রেতারা। চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি বেশি, তাই নিরাপদ আবাসনের দিকে সবাই ঝুঁকছেন বলে সংশ্লিষ্টদের ধারণা।