স্বপ্নের তিব্বত এভারেস্ট বেস ক্যাম্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম১৩ এপ্রিল সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল রাস্তার ওপর দিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছি। মাথাব্যথা তেমন নেই বললেই চলে। তখনো তেমন বাতাস বয়ে যাওয়া শুরু হয়নি। এদিন অ্যাক্লেম্যাটাইজ হাইকিংয়ের জন্য তিংরিতেই পুরো দিন কাটানোর পরিকল্পনা। বিশ্রাম হলেও কাছের একটা পর্বতে যেতে হবে ‘গো হাই, স্লিপ লো’ এই নিয়ম অনুসরণ করতে।সকালে নাশতার পর দেখলাম একটা সাপ্লাই ট্রাক যাচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পে। কৈলাস আর লাকপা আগেভাগেই বেস ক্যাম্পে যাওয়ার জন্য সেই ট্রাকে চেপে বসল। এদিকে এভারেস্ট আর ‘চো য়ু’ পর্বতের অভিযাত্রীরা চললাম সবাই সেই পর্বতে। এদিন তিংরির চেয়ে প্রায় এক হাজার ফুট উঁচু সেই পর্বতে পৌঁছে গেলাম প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে। সেই পর্বতের মাথায় প্রায় ঘণ্টা খানেক সময় কাটিয়ে দিলাম চারদিকের পর্বতের চূড়া দেখে। এখান থেকে এভারেস্ট, চো য়ু পর্বত স্পষ্ট দেখা যায়। এরপর হেলেদুলে নেমে গেলাম সেই পর্বত থেকে তিংরির উদ্দেশে।তিংরি পর্যন্ত ফিরে আসতেই হালকা মাথাব্যথা শুরু হলো। সারা দিন চলল পানি, নুন-চা আর সাধারণ চা পান। এদিন মাথাব্যথা হঠাৎ ভোজবাজির মতো উদয় হয়ে ফের দূর হয়ে যায়। ফলে বাড়তি একটা দুশ্চিন্তা বয়ে বেড়ালাম সারা দিন। তখন শুধুই চিন্তা হয় যে তিংরিতেই এই অবস্থা হলে বেস ক্যাম্প বা তার ওপরে গেলে কী হবে। তখনই ফের মেরা পর্বতের গাইড দাওয়ার কথা মনে পড়ে। চিন্তাকে তখনই অন্য খাতে সরিয়ে দিই। এভাবেই কেটে গেল একটা দিন।পরদিন (১৪ এপ্রিল, ২০১০) ভোরে নাশতা সেরেই জিপে উঠে বসলাম ব্যাগসহ। জিপ নিয়ে যাবে এদিন তিংরি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের বেস ক্যাম্পে। কিন্তু জিপ যাবে প্রায় ১৭ হাজার ফুট পর্যন্ত? কোনো পর্বতের রিজ তো পার হতে হবে না? ঠিকঠাক পারবে তো নিয়ে যেতে? এমন বহু প্রশ্ন এসে ভর করে মনে। করলেও মনের কোণে একধরনের উচ্ছ্বাস। সেই এভারেস্টের বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাব। স্বপ্নের শুরু হবে এখানটাতেই।জিপ সবাইকে নিয়ে চলল বেস ক্যাম্প। মূল সড়ক ছেড়ে মিনিট খানেকের মধ্যেই জিপ নেমে পড়ল পার্বত্য পথে, তিংরির বিস্তীর্ণ ভূমিতে। এই বিস্তীর্ণ ভূমি ধরে ছুলান মন্দির, লাংথ্যাং পার হয়ে নাংপা লা পাসের পাশ দিয়ে এগিয়ে চলেছি সোম বাহাদুর, লাল বাহাদুর, জিপচালক আর আমি। সোম বাহাদুর জানালেন, নাংপা লা পাস দিয়েই শুরুর দিককার এভারেস্ট অভিযাত্রীরা দার্জিলিং থেকে তিব্বতের রংবুক গ্লেসিয়ারে অবস্থিত বেস ক্যাম্পে পৌঁছাতেন। তাঁর মতে, এই পাস পার হওয়ার অর্থ হলো সহজেই উচ্চতার সঙ্গে খাপ খেয়ে যাওয়া। সোম বাহাদুর একবার এ পাস পার হয়ে রংবুক গ্লেসিয়ারে এসেছিলেন, জানালেন তিনি।এই পাসের কাছাকাছি পথ ভাগ হয়ে গেছে। একটা রাস্তা গেছে এভারেস্ট বেস ক্যাম্প, আরেকটা চো য়ু বেস ক্যাম্প। এরপর জিপ জোমাগ পার হয়ে বুদ্ধদের বহু প্রাচীন জা রংবুক তীর্থালয়ে গিয়ে থামল। এসব জায়গায় ইয়াক, ছাগল আর ভেড়াপালক ছাড়া লোকজনের দেখা পাওয়া ভার।অভিজ্ঞ জিপচালক এর আগেও বহুবার গিয়েছেন বেস ক্যাম্পে। তিনি জানেন যে রংবুক মনাস্ট্রিতে সব পর্বতারোহী একবার হলেও থামেন রংবুক মনাস্ট্রির অবাক করা শতাব্দী-প্রাচীন মন্দির ঘুরে দেখতে। আমিও হয়তো অন্য সময় হলে সেই রংবুক মনাস্ট্রি ঘুরে দেখতাম। কিন্তু তখন মাথায় বেস ক্যাম্পে পৌঁছার চিন্তা। তাই জিপ থেকে না নেমে বললাম বেস ক্যাম্পে চলে যেতে। আর এসব দেখে জিপচালক অবাক। এরপর সামনে থাকল শুধু সাকাং বাজার। চীনা সেনাবাহিনীর তৈরি পথ ধরে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছালাম বেস ক্যাম্পের আগে অবস্থিত চেকিং ক্যাম্পে।এখানে প্রয়োজনীয় কাজ সেরে পাঁচ মিনিটের মধ্যেই হাজির হলাম বেস ক্যাম্পে। ঘড়িতে সময় তখন বেলা ১১টা। অর্থাৎ তিন ঘণ্টায় পৌঁছেছি গন্তব্যে।চোখের সামনে তখন জ্বলজ্বলে এভারেস্ট। কিছুক্ষণ বিশ্বের সেই সর্বোচ্চ পর্বতের দিকে স্থাণু হয়ে দাঁড়িয়ে রয়েছি। এই তো সেই এভারেস্ট, যেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াব বলে এত কষ্ট করে এসেছি। এই তো সেই জায়গা, যার জন্য এত দিনের প্রস্তুতি, এত বাধা পার হওয়া, সংসারের সম্পর্ক অনেকটা উপেক্ষা করে এসেছি। সেই এভারেস্ট কি ধরা দেবে সাফল্যের মুঠোয়? কবে আলিঙ্গন করব সেই স্বপ্নগাথা?মনে পড়ছে, ২০০৪ সালে নেপাল দিয়ে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ের কথা। সেবার যেদিন বেস ক্যাম্পে গিয়েছিলাম, সেদিন দেখি দলে দলে অভিযাত্রীরা এভারেস্ট জয় করে নেমে আসছেন। তখন এভারেস্টের আকর্ষণটা এমন ছিল যে মনে হয়েছিল এখনই দৌড় দিই, এভারেস্টের দিকে চলে যাই। কিন্তু বেস ক্যাম্প পার হতে গেলেই তো বাকি পথে অভিযানের অনুমতি দরকার, অভিযানের পোশাক-সরঞ্জাম-আয়োজন দরকার। এর তো কিছুই নেই। কাজেই সেই ইচ্ছার সমাপ্তি হয়েছিল সেখানেই।সেই এভারেস্ট অভিযানে এসেছি ২০১০ সালে। তখন যা ছিল ফ্যান্টাসি, এখন সেটা বাস্তবতা। এসব হঠাৎ মনে পড়ছে। আর ভাবছি অন্তত প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হয়েছি এ পর্যন্ত। কারণ, অন্য কেউই বেস ক্যাম্প থেকে এখনো অ্যাডভান্সড বেস ক্যাম্পের (এবিসি) দিকে রওনা হয়নি। পরে জেনেছি, দুই দিন পরে শুরু হবে সেই মহারণ। হলেও কাঠমান্ডুতে থাকতে একটা আশঙ্কায় বুকটা দুরু দুরু করছিল যে আমি হয়তো পিছিয়ে পড়েছি আর সবার চেয়ে, কিন্তু এ মুহূর্তে নিজেকে নির্ভার লাগছে। কারণ, যারা আগেই বেস ক্যাম্পে এসেছে, তারা হয়তো এ উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বেশি। কিন্তু এখন যেহেতু এসেই পড়েছি বেস ক্যাম্পে, কাজেই এভারেস্ট জয়ের এখন প্রতিযোগিতাটা সমান সমান।[email protected][বাকি অংশ আগামী পর্বে]